আইএসএল
ISL 2024/25: ভুল দল গঠনে ডুবল ইস্টবেঙ্গল, শেষ প্রথম ছয়ের আশা
সৌরভ মুখার্জী: জোর করে সউল ক্রেসপোকে খেলানো থেকে ডিফেন্ডারদের একাধিক ভুল, এই সবকিছুর খেসারত দিয়ে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে ০-৩ গোলে হেরে প্রথম ছয়ে শেষ করার করার স্বপ্ন কার্যত শেষ ইস্টবেঙ্গলের। এই ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারেননি অভিজ্ঞ সৌভিক চক্রবর্তী। তাঁর অভাব বারবার চোখে পড়ল এই ম্যাচে। তবে ডিফেন্সে একা লড়ে গেলেন লালচুংনুঙ্গা। যদিও ম্যাচের একেবারে শেষ দিকে তিনি লাল কার্ড দেখেন। এই হারের ফলে আবার ১১ নম্বরে নামল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে ইস্টবেঙ্গল। ম্যাচের আগের দিনই অনুশীলনে বোঝা গিয়েছিল সউল ক্রেসপো পুরোপুরি ম্যাচ ফিট নন। তারপরেও তাঁকে এই ম্যাচে শুরু থেকে খেলানো হল। আর তার ফলস্বরূপ প্রথমার্ধে মাঝমাঠ ঠিকঠাক খেলতেই পারল না। বিশেষ করে ১৩ মিনিটে ইস্টবেঙ্গল যে আত্মঘাতী গোল হজম করে সেই আক্রমণটা শুরুই হয়েছিল সউলের মিস পাস থেকে। ২১ মিনিটে অনবদ্য গোল করে যান উইলমার জর্ডন গিল। বক্সের মধ্যে ইরফান ইয়াদওয়াদের পাস ধরে দারুণ দক্ষতায় বলটি গোলে রাখেন জর্ডন। ০-২ গোলে এগিয়ে যায় চেন্নাইয়ন। ৩৩ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সেলিস। তবে বক্সের মধ্যে তাঁর বাঁ পায়ের শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন চেন্নাইয়ন গোলরক্ষক। ৪৩ সউলের সেই ফ্রি-কিক অনেক বাইরে দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হেক্টরের পরিবর্তে মাঠে আসেন প্রভাত লাকড়া। ৫৫ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন সউল ক্রেসপো। নিশুর ফ্রি-কিক গোলের একেবারে সামনে থেকে বাইরে মারেন তিনি। এরপরই ইস্টবেঙ্গলের একটি নিশ্চিত পতন রোধ করেন গোলরক্ষক প্রভসুখন গিল। ৫৮ মিনিটে গোলের খুব কাছে পৌঁছেও সাইড নেটে মারেন সেলিস। অবশেষে ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে আসেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি মেসি বোউলি। ঠিক ছ’মিনিটের মধ্যেই বক্সের মধ্যে তাঁর হেড অল্পের জন্য বাইরে যায়। ৭৫ মিনিটে সেলিসের একটি দূরপাল্লার শট বাঁচিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ম্যাচের অতিরিক্ত সময়ে চেন্নাইয়নের হয়ে তৃতীয় গোলটি করেন ইস্টবেঙ্গল প্রাক্তনী ড্যানিয়েল চিমাচুকু।
আইএসএল
ISL 2025: গোয়া দল ছাড়লেন এই তারকা ফরোয়ার্ড। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৩-২৪ আইএসএল মরশুমে মোহনবাগান দলে সই করেছিলেন আলবেনিয়ার ফুটবলার আরমান্দো সাদিকু। বাগান জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই শুরু করতেন তিনি। বেশ কিছু গোলও ছিল তার। তবে এই মরশুম বাংলার ক্লাব মোহনবাগান ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন এফসি গোয়া দলে। আর সেখানে গিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছিলেন সাদিকু। দুরান্ড, আইএসএলের পাশাপাশি গোয়ার ঘরোয়া লিগেও গোলের বন্যা বইয়েছিলেন তিনি। এছাড়া ২০২৪-২৫ আইএসএল মরশুমে গোয়ার জার্সি গায়ে ২৪টি ম্যাচ খেলে করেছেন ১০টি গোল এবং দুটি অ্যাসিস্ট। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেমিফাইনালে হেরে আইএসএল যাত্রা শেষ করেছে এফসি গোয়া। আর মরশুম শেষ হতেই গোয়া দল থেকে বিদায় নিলেন আরমান্দো সাদিকু। গোয়া দলের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। নিজেদের সমাজমাধ্যম সেই কথা সরকারিভাবে ঘোষণা করেছে এফসি গোয়া। এবারে দেখার গোয়া দল ছেড়ে আইএসএলের অন্য কোনও দলে খেলেন কিনা সাদিকু।
আইএসএল
ISL 2025: ঘরের মাঠে অপরাজিত থেকেই আইএসএল কাপ জয় মোহনবাগানের। বিস্তারিত পড়ুন…
নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে ইতিহাস গড়লো মোহনবাগান। আইএসএলের ইতিহাসে মুম্বই সিটি এফসির পর, দ্বিতীয় দল হিসেবে একই মরশুম শিল্ড এবং কাপ জয়ের নজির গড়ল হোসে মোলিনার দল। শুধু তাই নয়, চলতি মরশুম ঘরের মাঠে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল মোহনবাগান। শনিবার আইএসএলের মেগা ফাইনালে পিছিয়ে পড়েও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল হোসে মোলিনার দল। মোহনবাগানের হয়ে গোল করলেন জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন।
ম্যাচের প্রথম পনেরো মিনিট বেঙ্গালুরু এফসিকে বেশ চাপে রেখেছিলেন কামিন্স, ম্যাকলারেনরা। ১৪ মিনিটের মাথায় বক্সের মধ্যে থাপার জোরালো শট রুখে দিয়ে বেঙ্গালুরু এফসিকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেন রাহুল ভেকে। মিনিট চারেক পরেই ম্যাকলারেনের জন্য বল সাজিয়ে দিয়েছিলেন মনবীর। কিন্তু বলের কাছে পৌঁছাতে পারেননি জেমি। পরের মিনিটেই নগুয়েরার কর্নার থেকে হেড করেছিলেন সুনীল ছেত্রী। মোহনবাগানের হয়ে অনিবার্য পতন রক্ষা করেন শুভাশিস। এরপর প্রথমার্ধে আর খুঁজে পাওয়া গেল না পরিচিত সবুজ-মেরুন ব্রিগেডকে। একের পর এক আক্রমণ তুলে এনে বাগান রক্ষণকে একেবারে নাস্তানাবুদ করে তুলেছিলেন সুনীল ছেত্রী, এডগার মেণ্ডেজরা।ম্যাচের ৩৮ মিনিটে আরও একটা সুযোগ নষ্ট করেন রায়ান উইলিয়ামস। প্রথমার্ধের সংযোজিত সময়ে সুনীল ছেত্রীর হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ০-০ ফলাফলেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগানকে আরও চেপে ধরে জেরার্ড জারাগোজার দল। প্রথম মিনিটেই রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে পতন রোধ করেন বিশাল কাইথ। কিন্তু তার পরেই গোল হজম করতে হয় মোহনবাগানকে। ৪৯ মিনিটে আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। এই গোলটি হজম করতেই নড়েচড়ে বসে হোসে মোলিনার দল। আক্রমণ উঠে আসতে শুরু করেন সবুজ-মেরুণের ফুটবলাররাও। এছাড়া ম্যাচে জোড়া দুটি পরিবর্তন আনেন হোসে মোলিনা। লিস্টন কোলাসো এবং অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে তিনি মাঠে নামান সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুড়ুনিয়ানকে। তার পরেই ভাগ্য বদল হয় মোহনবাগানের। ম্যাচের ৭০ মিনিটে কামিন্সের বাড়ানো ক্রস বক্সের ভেতর হাতে লাগিয়ে বসেন বেঙ্গালুরু ডিফেন্ডার চিঙ্গলেনসানা সিংহ। ফলে পেনাল্টি পায় মোহনবাগান। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কামিন্স। এদিকে নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সংযোজিত সময়ের প্রথম মিনিটেই গ্রেগ স্টুয়ার্টের ঠিকানা লেখা পাস থেকে গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। অবশেষে বেঙ্গালুরু বারংবার আক্রমণে উঠলেও জমাট ছিল বাগান রক্ষণ। ফলে ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
আইএসএল
ISL 2024/25: আইএসএলের মেগা ফাইনালের আগে সৌজন্য বিনিময়ে দুই স্প্যানিশ কোচ। এগিয়ে কারা? জানতে পড়ুন…
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সাংবাদিক সম্মেলনের শুরুতেই হাসিমুখে একে অন্যের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন দুই স্বদেশীয় কোচ। শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দুই স্প্যানিশ চাণক্য। কিন্তু মেগা ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও জেরার্ড জারাগোজার সাহায্য নিয়েই সাংবাদিকদের প্রশ্ন উদ্ধার করলেন হোসে মোলিনা। অন্যদিকে, স্প্যানিশ বন্ধুকে পাশে নিয়ে ট্রফি জয়ের হুঙ্কার দিলেন বেঙ্গালুরু এফসির হেড কোচ। তবে মেগা ফাইনালে মাঠে নামার আগে খাতায় কলমে এগিয়ে রয়েছে মোহনবাগান। অন্তত সাম্প্রতিক রেকর্ড মোলিনার দলের হয়েই কথা বলছে। তবে সব কিছুকে উপেক্ষা করে শনিবারের আইএসএল ফাইনাল দুই স্প্যানিশ চাণক্যের মস্তিষ্কের মেগা ডুয়েল।
শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে খোশমেজাজে অনুশীলন সারলেন লিস্টন, মনবীররা। হাই ভোল্টেজ ম্যাচের আগে বাগান শিবির সম্পূর্ণ চাপমুক্ত। অন্তত অনুশীলন দেখে সেটাই বোঝা গেল। ফাইনালের আগে শেষ দু’দিনের অনুশীলনে সিচুয়েশন প্র্যাক্টিসের ছিটেফোঁটা নেই। শুধুমাত্র সেটপিসের উপর ভর করেই সুনীলদের আটকানোর ছক কষছেন হোসে মোলিনা। পাশাপাশি অনুশীলন শেষে প্রায় কুড়ি মিনিট পেনাল্টি শুট আউটের মহড়া দিলেন দিমিত্রি, কামিন্সরা। ফাইনালে চেনা ছকেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান বাগান কোচ। সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “আমরা সারা বছর যা করে এসেছি, এই ম্যাচেও তাই করতে চাই। এক গোলে জিতলেও আমাদের সমর্থকরা খুশি। এই সমর্থকদের জন্যই আমি ট্রফি জিততে চাই।”
অন্যদিকে, মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম করছেন সুনীল ছেত্রীরা। শুক্রবার শেষ মুহুর্তের প্রস্তুতিতে ফুটবলারদের শরীরি ভাষাই বলে দিচ্ছিল, কতটা চাপে রয়েছে বেঙ্গালুরু এফসি। রণকৌশল ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কঠিন পাহাড়ায় রুদ্ধদ্বার অনুশীলন সারলেন জেরার্ড জারাগোজা। এদিন মূলত সিচুয়েশন প্র্যাক্টিসেই জোর দিলেন বেঙ্গালুরু এফসির হেড কোচ। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, শুক্রবার পুরোদমে অনুশীলন করলেন রাহুল ভেকে। তবে প্রথম একাদশে থাকার সম্ভবনা নেই সুরেশের। পাশাপাশি, আক্রমণে সুনীল ছেত্রীকে রেখেই বাগান বধের ছক কষছেন জারাগোজা।
-
ফুটবল2 weeks agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 weeks agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 weeks agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ক্রিকেট3 weeks agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
আন্তর্জাতিক ফুটবল2 weeks agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল3 weeks ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল1 week agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
