Connect with us

ফুটবল

FIFA WC 2026: রেকর্ড ভেঙেও তৃপ্ত নন এমবাপে

Published

on



রে স্পোর্টজ প্রতিবেদন: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ পৌঁছে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙেছেন ফ্রান্স অধিনায়ক। কিন্তু ব্যক্তিগত এই কীর্তি তাঁকে আনন্দ দিতে পারেনি। কারণ, তাঁর চোখে সবচেয়ে বড় আক্ষেপ— বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারা।
ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপে বলেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলগত সাফল্যই তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ফরাসি তারকা বলেন, “আমি চাই প্রতিবারই দলের জন্য গোল করতে। এত গোল করা অবশ্যই বিশেষ অনুভূতি, কিন্তু এই রেকর্ড না পেলেও যদি ফাইনালে খেলতে পারতাম, সেটাই বেশি পছন্দ করতাম।”
রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচ নিয়ে প্রশ্ন উঠতেই সাবেক সতীর্থ লিওনেল মেসির ওপর ভরসা প্রকাশ করেন এমবাপে। হাসিমুখেই তাঁর মন্তব্য, “লিও তো সব সময়ই গোল করে। ফাইনালেও সে অবশ্যই গোল করবে।”
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনুভূতি নিয়ে এমবাপে বলেন, এই মুহূর্তে তিনি রেকর্ড নিয়ে ভাবছেন না। তাঁর কথায়, “ক্যারিয়ার শেষ হলে হয়তো বুঝতে পারব আমি কিংবদন্তিদের একজনের পাশে নিজের নাম লিখিয়েছি। কিন্তু এখন আমার মাথায় শুধু দলের জন্য আরও ভালো কিছু করতে না পারার আক্ষেপ।”
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। সেই হতাশাজনক পারফরম্যান্সের ব্যাখ্যায় এমবাপে স্বীকার করেন, শুরুটা ছিল দলের জন্য দুঃস্বপ্নের মতো।
তিনি বলেন, “প্রথমার্ধ দেখে সমর্থকরা হতাশ হলে আমি তাদের দোষ দেব না। আমরা মানুষ, খারাপ দিন আসতেই পারে। প্রথম ৪৫ মিনিটে আমরা নিজেদের মতো খেলতেই পারিনি।”
তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বলেও জানান তিনি। এমবাপের ভাষায়, “বিরতির পর আমরা অনেক ভালো ফুটবল খেলেছি, অনেক বেশি আবেগ নিয়ে লড়েছি। দ্বিতীয়ার্ধ জিতেছি, কিন্তু ম্যাচটা আর ফিরিয়ে আনতে পারিনি।”
এই ম্যাচ দিয়েই ফ্রান্সের কোচ হিসেবে শেষবারের মতো ডাগআউটে দাঁড়ালেন দিদিয়ের দেশম। দীর্ঘদিনের কোচকে জয় উপহার দিতে না পারার আক্ষেপও ঝরে পড়ে এমবাপের কণ্ঠে।
তিনি বলেন, “আমরা ওনার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে আমরা তাঁকে হতাশ করেছি। তবে এই একটি ম্যাচ তাঁর অসাধারণ অবদানকে কখনও ম্লান করতে পারবে না। ফরাসি ফুটবলের জন্য তিনি যা করেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।”
ব্যক্তিগত রেকর্ডের রাতেও তাই এমবাপের কণ্ঠে ছিল না উচ্ছ্বাস, ছিল শুধুই অপূর্ণতার আক্ষেপ। আর সেই আক্ষেপের মাঝেও ফুটবল বিশ্বের নজর ঘুরিয়ে দিলেন আরেক কিংবদন্তির দিকে— তাঁর বিশ্বাস, বিশ্বকাপের ফাইনালে আবারও গোল করবেন লিওনেল মেসি।

ফুটবল

মেসির জোড়া অ্যাসিস্টেও জয় অধরা, আটলান্টার সঙ্গে ২-২ ড্র ইন্টার মায়ামির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় হাতছাড়া করল ইন্টার মায়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লিওনেল মেসির দল। ম্যাচে গোল না পেলেও মেসি দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। খেলা শুরু হওয়ার পর ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে তিন মিনিটের মধ্যেই মিগেল আলমিরন গোল করে আটলান্টাকে সমতায় ফেরান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যায় মায়ামি। তেলাসকো সেগোভিয়ার পাস থেকে দুরন্ত ফিনিশে গোল করেন লুইস সুয়ারেজ। বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় আটলান্টা। ৭৩ মিনিটে আলমিরনের পেনাল্টি ঠেকিয়ে মায়ামিকে এগিয়ে রাখেন গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। কিন্তু ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ব্রেল এমবোলও। শেষ দিকে মায়ামি জয়সূচক গোলের চেষ্টা করলেও আর ব্যবধান বদলায়নি।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। ৩৯ বছর বয়সী তারকা গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে আবারও নিজের প্রভাব দেখালেন। এই ম্যাচের পর চলতি MLS মরশুমে তাঁর গোল-অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়াল ৩০টি—১৮ গোল ও ১২ অ্যাসিস্ট।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানেই রয়েছে। মায়ামির পরবর্তী ম্যাচ ৯ সেপ্টেম্বর শিকাগো ফায়ারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।

Continue Reading

নর্থইস্ট ইউনাইটেড

ভারতীয় ফুটবলে ফিরল রিবক, নর্থইস্ট ইউনাইটেডের নতুন জার্সিতে আট রাজ্যের ছোঁয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে ফের স্পনসর হিসেবে প্রত্যাবর্তন করল বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড রিবক। শনিবার মুম্বইয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসির নতুন মরসুমের জার্সি উন্মোচনের মাধ্যমে এই নতুন জোটের সূচনা হল। অনুষ্ঠানে আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা এবং নর্থইস্ট ইউনাইটেডের সহ-মালিক জন আব্রাহাম একসঙ্গে নতুন জার্সি প্রকাশ করেন।

রিবকের এই পার্টনারশিপ ভারতীয় খেলাধুলায় তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের ফুটবল সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রাখছে। আর্যমানের মতে, ভারতের ক্রীড়া এবং স্পোর্টসওয়্যার বাজার গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে এই জোট সেই সম্ভাবনারই স্বাভাবিক সম্প্রসারণ।

জন আব্রাহামও জানিয়েছেন, রিবকের দীর্ঘ ক্রীড়া ঐতিহ্যের সঙ্গে নর্থইস্ট ইউনাইটেডের উচ্চাকাঙ্ক্ষার এই মেলবন্ধন ক্লাব এবং উত্তর-পূর্বাঞ্চলের ফুটবলের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ক্লাবের সিইও মন্দার তামহানে বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রতিভা, আবেগ ও ফুটবল সংস্কৃতিকে আরও বড় মঞ্চে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।

নতুন জার্সিতে বিশেষভাবে ফুটে উঠেছে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের প্রতীক। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে গুরমিত সিং, বুয়ানথাংলুন সামতে, রিডিম ত্লাং ও লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াসহ দলের একাধিক ফুটবলার উপস্থিত ছিলেন। পরে পাঁচ-এ-সাইড প্রদর্শনী ম্যাচেও নতুন জার্সিতে দেখা যায় নর্থইস্ট ইউনাইটেড ফুটবলারদের।
অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনে জন আব্রাহামকে তার প্রিয় ফুটবলারদের নাম জিজ্ঞেস করলে, তিনি পার্থিব গগৈ এবং গুরমিতের নাম নেন। বিদেশি ফুটবলার হিসাবে আলাদিনের কথা বলেন। তার সাথে তিনি বলেন বিদেশি ফুটবলের থেকেও ভারতীয় ফুটবলের দিকেই থকে তাঁর প্রধান লক্ষ্য।

Continue Reading

ফুটবল

পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচের দিন বদল, ২৫ সেপ্টেম্বর মুখোমুখি দুই দল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পানামার বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের দিন বদল করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি আগে ২৬ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে তা ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হবে। ম্যাচটি ফিফা উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করা পানামার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। যাদের এই মুহূর্তে ফুটবল র‌্যাঙ্কিং ৪৪। সুত্র মারফত জানা যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ম্যারাথন হবে। তার ঠিক এক দিন আগে এই ম্যাচ আয়োজন করলে সমস্যা হতে পারে। কারণ ম্যারাথনের শুরু এবং শেষ হবে কান্তিরাভাতেই। তাই পানামা ম্যাচ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ।
আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। AIFF জানিয়েছে, ম্যাচের টিকিট আগামী সপ্তাহ থেকে জোমাটো ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। ম্যাচের দিন বদল হলেও ভেন্যু অপরিবর্তিত থাকছে। ফলে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে উইলিয়ামস-আনোয়াররা।

Continue Reading

Trending