ফুটবল
DURAND CUP 2026: শিলংয়ে বাগানের প্রতিপক্ষ উচ্চতা আর আবহাওয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই শিলংয়ের পাহাড়ে বৃষ্টির আমেজ। বৃহস্পতিবার গোটা দিন জুড়েই বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মাঝে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে মোহনবাগান। পাহাড়ে মোহনবাগানের আসল প্রতিপক্ষ আবহাওয়া আর উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফুট উপরে অবস্থিত শিলংয়ের জওহরলাল নেহেরু ফুটবল স্টেডিয়াম। শেষবার মোহনবাগান যখন এই মাঠে আই লিগের ম্যাচ খেলেছিল, তখন ফলাফল ছিল সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষে। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, বদলেছে ভারতীয় ফুটবলের মানচিত্র। শুধু বদলায়নি উত্তর ভারতের ফুটবল উন্মাদনা। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে ইতিমধ্যেই শিলংয়ে উত্তেজনার পারদ চড়ছে।
বুধবার সকালে দুই দফায় কলকাতা থেকে শিলং উড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও হাতে গোনা কয়েকজন সরাসরি বিমান না পাওয়ায়, গুয়াহাটি থেকে সড়কপথেই শিলং পাড়ি দিয়েছে। বুধবার বিকেলে স্থানীয় গোরখা ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহুর্তের প্রস্তুতি সারেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। আবহাওয়া আর উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের। তবে কলকাতার সঙ্গে আবহাওয়ার যেমন পার্থক্য রয়েছে, তেমনই তাপমাত্রার তারতম্যও রয়েছে। ফলে এই উচ্চতায় নব্বই মিনিট ম্যাচ খেলতে হলে যে ফিটনেস প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরাদের।
প্রসঙ্গত ডেজান দ্রাজিচকে ছাড়াই শিলংয়ে সেমিফাইনাল খেলতে গেছে মোহনবাগান। দলের সঙ্গে রয়েছেন মিগুয়েল এবং ছাংতেও। দ্রাজিচের অভাব ঢাকতে শুরু থেকেই ম্যাকলারেনকে ব্যবহার করা হতে পারে। ছাংতেকে প্রথম একাদশে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে। অন্যদিকে, শুরু থেকেই খেলবেন আপুইয়া। ডিফেন্সে আলবার্তোর সঙ্গে জুটি বাধবেন রাহুল ভেকে। দুই উইংয়ে পুরোনো জুটি লিস্টন-মনবীর ফিরতে পারেন। বাকি দলে পরিবর্তনের সম্ভবনা নেই। তবে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে শুরুতে গোল তুলে নিয়ে ফাইনালের টিকিট পাকা করতে চান প্যানাজিওটিস দিলেম্পেরিস। শেষ দু’বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসিকে আলাদা করে সমীহ করছেন না বাগান কোচ। বরং প্রতিপক্ষের ডেরায় নিজেদের ফেভারিট মানছেন প্যানোস।
আন্তর্জাতিক ফুটবল
সাত মিনিটে দুই গোল হজম, দ্বিতীয়ার্ধের প্রত্যাবর্তনে জয় বার্সেলোনার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুই গোলে পিছিয়ে থেকে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারাল বার্সেলোনা। স্পটিফাই ক্যাম্প ন্যুতে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের ফল বদলে দেয় হান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে বার্সেলোনা। ফার্মিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন বুকানন। সাত মিনিটের মধ্যেই মোলেইরোর পাস থেকে ব্যবধান বাড়ান ওলুওয়াসেই। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে বার্সেলোনা। পেনাল্টি পেলেও লামিনে ইয়ামাল সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তাঁর শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। জেরার্ড মার্টিন ও ফার্মিন লোপেজ গোল করেন। এরপর পাউ নাভারোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
আন্তর্জাতিক ফুটবল
দশ জনের ম্যান ইউকে চার গোল লিভারপুলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারাল লিভারপুল। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম দশ মিনিটের মধ্যেই লেনি ইয়োরো লাল কার্ড দেখায় দশ জনে হয়ে যায় ইউনাইটেড। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয় লিভারপুল।
ইয়োরোর ফাউলের কারণে আলেকজান্ডার ইসাকের পক্ষে ফ্রি-কিক পায় লিভারপুল। সেই সেট পিস থেকেই নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্ৎস। বক্সের মধ্যে ঘুরে দুরন্ত ভলিতে জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে লিভারপুল। রিও এনগুমোহা এবং পরিবর্ত হিসেবে নামা ভিক্টর মুনোজ বক্সের ভিতর থেকে গোল করে ব্যবধান বাড়ান। চার গোলের জয়ে ম্যাচ শেষ করে লিভারপুল। শুরুতেই একজন কমে যাওয়ায় ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।
আইএসএল
চার্চিলের বাধা টপকে ডার্বির আগে স্বস্তিতে মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক টানা পাঁচ ম্যাচে জয়। আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ-মেরুন। তবে শুরুতে যে দাপট দেখিয়েছিল মোহনবাগান, ম্যাচের শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত বিশাল কেইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভের সৌজন্যে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ল প্যানোসের দল। জেমি ম্যাকলারেনের জোড়া অ্যাসিস্ট থেকে গোল ছাংতে ও অনিরুদ্ধ থাপার। চার্চিলের হয়ে পেনাল্টি থেকে গোল সেবাস্তিয়ান গুতিরেজের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। পাঁচ মিনিটে চার্চিল ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দ্রাজিজ। বাঁ-প্রান্তে লিস্টনের দাপটে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে। অবশেষে ২৭ মিনিটে দ্রাজিজের পাস ধরে ম্যাকলারেনের বাড়ানো বল থেকে গোল করেন ছাংতে। এগিয়ে যায় মোহনবাগান। এরপর পরিবর্ত ফুটবলার নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে চার্চিল। বিশাল কেইথকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও দেখা যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ায় চার্চিল। পাল্টা কৌশল বদলে লিস্টন ও ছাংতেকে তুলে নেন প্যানোস। ৬২ মিনিটে মনবীরের বাড়ানো বল ধরে ম্যাকলারেনের পাস থেকে ব্যবধান বাড়ান অনিরুদ্ধ থাপা। ২-০ এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে মোহনবাগান। একের পর এক আক্রমণ করে চার্চিল। ৮৫ মিনিটে ভিন্সি ব্যারেটোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মনবীর। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান গুতিরেজ। শেষ দিকে চাপ বাড়লেও সমতা ফেরাতে পারেনি চার্চিল। ডার্বির আগে জয় নিয়েই কলকাতায় ফিরল মোহনবাগান।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল6 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল6 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
