ফুটবল
DURAND CUP 2026: রেনিয়েরের হ্যাটট্রিকে ঝড় তুলল জামশেদপুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৬-এ দুরন্ত সূচনা করল জামশেদপুর এফসি। রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে গ্রুপ সি-র ম্যাচে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল খালিদ জামিলের দল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে উঠলেন নতুন সই রেনিয়ের ফার্নান্ডেজ। এছাড়া একটি করে গোল করেন আমান সি কে এবং দেবেন্দ্র মুরগাওকর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামশেদপুর। চতুর্থ মিনিটেই সানান মহম্মদের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রেনিয়ের। মাত্র দু’মিনিট পরেই বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান বাড়ান তিনি। ২৩ মিনিটে দীর্ঘ পাস থেকে একক দক্ষতায় গোল করেন আমান সি কে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দেবেন্দ্র মুরগাওকরের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর।
দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার্স কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি জামশেদপুর। ৮২ মিনিটে গোলরক্ষকের রিবাউন্ড থেকে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রেনিয়ের ফার্নান্ডেজ এবং দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই বড় জয়ের ফলে গ্রুপ সি-তে দারুণ আত্মবিশ্বাস নিয়ে অভিযান শুরু করল জামশেদপুর এফসি। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স করে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই নিজেদের তুলে ধরল তারা।
ফুটবল
সেনেগালের কাছে ১-৬ গোলে হার, তৃতীয় হয়ে তৃতীয় স্তরে ভারতের অনূর্ধ্ব-১৫
রে স্পোর্টজের প্রতিবেদন: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে সেনেগালের কাছে বড় ব্যবধানে হারল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। সোমবার বাকুর হোভসান কমপ্লেক্সে গ্রুপের শেষ ম্যাচে ১-৬ গোলে পরাজিত হলেন রোনানদেব আইহেইবামরা। এই হারের ফলে গ্রুপ কে-তে তৃতীয় স্থানে শেষ করে প্রতিযোগিতার পরবর্তী পর্বে তৃতীয় স্তরে খেলতে হবে ভারতকে।
ভারতের রক্ষণকে কার্যত তছনছ করে দেন সেনেগালের আবদুলায়ে দিয়ালো। ম্যাচের নবম, একাদশ, অষ্টাদশ ও ৩১ মিনিটে গোল করে চারটি গোল করেন তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সেনেগালের এই ফুটবলার। জর্জেস কানফোম ১৪ মিনিটে এবং পিয়ের এমবেঙ্গে ২৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই ছয় গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ করে ভারত। দীপক সিং আরামবামের নিচু ক্রস থেকে পা ছুঁইয়ে জালে বল জড়ান রোনানদেব। তবে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি ভারতীয় দল।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। অন্যদিকে, বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে ক্যামেরুন ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করেছে। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেনেগাল। ফলে ক্যামেরুন খেলবে প্রথম স্তরে এবং সেনেগাল দ্বিতীয় স্তরে। ভারতের লড়াই হবে ৬৫ থেকে ৯৬তম স্থান নির্ধারণের জন্য তৃতীয় স্তরে। আগামী ৩০ অক্টোবর প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত নকআউট পদ্ধতিতে চলবে স্থান নির্ধারণের ম্যাচগুলি।
আন্তর্জাতিক ফুটবল
মেসি-রোনাল্ডো যুগের অবসানের ইঙ্গিত, ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘ আধিপত্যের অবসানের ইঙ্গিত দিল ২০২৬ সালের ব্যালন ডি’অর। এ বার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ২৫ বছর পর তাঁর হাত ধরেই ব্যালন ডি’অর ফিরল ইংল্যান্ডে। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন।
পুরুষদের বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তৃতীয় হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে রদ্রি এবং পঞ্চম স্থানে রয়েছেন মেসি। সপ্তম স্থানে ওসমান দেম্বেলে এবং অষ্টম স্থানে আর্লিং হালান্ড। তরুণ ফুটবলারদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন ইয়ামাল। মহিলাদের বিভাগে বর্ষসেরা হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। এটি তাঁর তৃতীয় ব্যালন ডি’অর ফেমিনাঁ খেতাব। দ্বিতীয় স্থানে ইওয়া পাজর এবং তৃতীয় স্থানে খাদিজা শ রয়েছেন।
পুরুষদের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন উনাই সিমন। মহিলাদের বিভাগে এই সম্মান পেয়েছেন কাতা কোল। মহিলাদের তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন ভিকি লোপেজ। সর্বোচ্চ গোলদাতার জন্য জার্ড মুলার পুরস্কার পেয়েছেন কেন এবং মহিলাদের বিভাগে চারলিন কোরাল। পুরুষদের বর্ষসেরা ক্লাব প্যারিস সাঁ জাঁ এবং মহিলাদের বিভাগে বার্সেলোনা। পুরুষদের সেরা কোচ স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, মহিলাদের বিভাগে বার্সেলোনার পেরে রোমেউ। মানবিক কাজ ও সামাজিক প্রভাবের জন্য সক্রেটিস পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা।
আইএসএল
নেই মিগুয়েল, আপুইয়া, ম্যাকলারেন! চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেড…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে সোমবার চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা চেন্নাইয়নের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের। তবে বাগান শিবিরের প্রধান চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। আইএসএলের প্রথম দুই ম্যাচে গোল লক্ষ্য করে ২৬টি শট নিয়েও মাত্র দু’টি গোল করতে পেরেছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস জানান, অতীতের ফলাফল নিয়ে না ভেবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, গোলের সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি গোল করার আশাও প্রকাশ করেন তিনি।
রবিবারের অনুশীলনেও গোল করার উপর বিশেষ গুরুত্ব দেন বাগান কোচ। প্রায় এক ঘণ্টার অনুশীলনে ফ্রি-কিক, কর্নার-সহ বিভিন্ন সেটপিসের মাধ্যমে গোলমুখ খোলার কৌশল ঝালিয়ে নেন ফুটবলাররা। চোটের কারণে এই ম্যাচে মিগুয়েল ফিগেইরা ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ফলে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে আপুইয়ার পরিবর্তে সমীর জেলকোভিচ এবং সাহালের জায়গায় মনবীর সিংকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। বাকি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ছকে চেন্নাইয়নকে হারানোর পরিকল্পনা করছেন দিলেম্পেরিস।
এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের অন্দরের প্রতিযোগিতা নিয়ে মুখ খোলেন অনিরুদ্ধ থাপা। তাঁর মতে, মোহনবাগান দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। পাশাপাশি, দলে সুস্থ প্রতিযোগিতা থাকায় তিনিও উপভোগ করছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে বলেই আশাবাদী বাগান মিডফিল্ডার। এখন দেখার, গোলের সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়নের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না সবুজ-মেরুন ব্রিগেড।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
