আন্তর্জাতিক ফুটবল
ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক, ‘পরিকল্পিত প্রচেষ্টা’র অভিযোগ ফিফার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক অভিযোগ এবং ইউরোপীয় ফুটবলের সঙ্গে ফিফার সংঘাত—সব মিলিয়ে চাপে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার সরাসরি পাল্টা আক্রমণে ফিফা। তাদের দাবি, সভাপতির নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ সামনে আনা হচ্ছে।সম্প্রতি উয়েফায় ইনফান্তিনোর মহাসচিব থাকাকালীন এক মহিলা কর্মীকে দেওয়া বিদায়ী অর্থ এবং তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।
ইনফান্তিনো অভিযোগগুলি অস্বীকার করেন। উয়েফা অর্থপ্রদানের বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, তৎকালীন নিয়ম মেনেই তা করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।ফিফার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতির প্রতি সদস্য দেশগুলির সমর্থন এখনও অটুট।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা সভাপতি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাদের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন।”
অভিযোগ নিয়ে ফিফার সতর্কবার্তা, “জল্পনা ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আর কোনও অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।”
এরই মধ্যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে উয়েফার সঙ্গে সংঘাত আরও বেড়েছে। প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো ঘিরে ফিফার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় সংস্থা। প্রতিযোগিতা বয়কটের হুমকিও পুরোপুরি প্রত্যাহার হয়নি।তবে ইনফান্তিনো একা নন। কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন, মেক্সিকো এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী ফুটবল প্রশাসন তাঁর পাশে রয়েছে। ফিফার দাবি, নেতৃত্বে কোনও পরিবর্তন হলে সেটিও সংবিধান মেনেই হতে হবে।
ব্যক্তিগত অভিযোগ ও ইউরোপীয় বিরোধ—দুই ফ্রন্টেই লড়াই চলছে ইনফান্তিনোর। আপাতত তাঁর পাশে দাঁড়িয়ে ফিফা স্পষ্ট বার্তা দিয়েছে, সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু বিভ্রান্তিকর প্রচার নয়।
আন্তর্জাতিক ফুটবল
ফিফাকে আইনি চিঠি উয়েফার, আরও চাপে ইনফান্তিনো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির প্রস্তাব প্রত্যাহার করলেও বিতর্ক থেকে মুক্তি পাচ্ছে না ফিফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা এবার ফিফা এবং মার্কিন ব্যবসায়ী জোশুয়া কুশনারের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ছয় পাতার একটি আইনি চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে উয়েফা স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনার সঙ্গে যুক্ত কোনও নথি, ই-মেল, আর্থিক তথ্য বা প্রশাসনিক দলিল যেন পরিবর্তন বা গোপন না করা হয়। একই নির্দেশ দেওয়া হয়েছে ফিফার ১৮ জন শীর্ষ কর্তা এবং জোশুয়া কুশনারকেও। উয়েফার দাবি, তদন্তে প্রয়োজন হতে পারে এমন সমস্ত তথ্যপ্রমাণ অক্ষত রাখতে হবে।
অন্যদিকে, ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে তিনি টানা চতুর্থবারের জন্য লড়াই করতে চান। তবে ইউরোপের একাধিক সদস্য দেশ তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ইতিমধ্যেই ওয়েলস তাদের সমর্থন প্রত্যাহার করেছে। যদিও আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশের সমর্থন এখনও ইনফান্তিনোর পক্ষেই রয়েছে। তবুও ইউরোপীয় দেশগুলির অবস্থান তাঁর পুনর্নির্বাচনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে। বিশ্ব ফুটবলের প্রশাসনে এই নতুন আইনি লড়াই এবং নেতৃত্বের প্রশ্ন আগামী কয়েক মাসে ফিফার ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ফুটবল
চেলসির পথে ওয়েলবেক ও হেন্ডারসন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অভিজ্ঞতার উপর ভরসা করে দল গঠনের পথে এগোচ্ছে চেলসি। নতুন কোচ জাভি আলোনসোর পরিকল্পনায় যোগ হতে চলেছেন দুই অভিজ্ঞ ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলবেক এবং জর্ডান হেন্ডারসন। সূত্রের খবর, ব্রাইটনের স্ট্রাইকার ওয়েলবেককে দলে টানার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, পাশাপাশি হেন্ডারসনের সঙ্গেও অনেকদূর কথা এগিয়েছে চেলসির।
৩৫ বছর বয়সি ওয়েলবেক গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৩টি গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সি হেন্ডারসনকে দলে আনার মূল লক্ষ্য মাঝমাঠে নেতৃত্ব ও অভিজ্ঞতা বাড়ানো। তরুণ ফুটবলারদের ভরসায় গড়া চেলসি এবার ড্রেসিংরুমে ভারসাম্য আনতে অভিজ্ঞ মুখের দিকেই ঝুঁকেছে।
ইতিমধ্যেই একাধিক তরুণ তারকাকে দলে নেওয়ার পর চেলসির এই নতুন কৌশল ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ক্লাবের বিশ্বাস, ওয়েলবেক ও হেন্ডারসনের মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এখনও দুই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে স্ট্যামফোর্ড ব্রিজে তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।
আন্তর্জাতিক ফুটবল
দুর্গাপুজোর আগেই বিশাল চমক, যুবভারতীতে সেলেকাওদের বিপক্ষে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সিনিয়র দলকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ফলে সন্দেশ, সামাদদের সামনে থাকবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলশক্তির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বিরল সুযোগ।
মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব কল্যান চৌবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। এবার ব্রাজিলের আগমনে উৎসবের আবহ তৈরি হতে চলেছে তিলোত্তমায়, দুর্গাপুজোর আগেই যা ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় উপহার।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল1 week agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল2 weeks agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
