আন্তর্জাতিক ফুটবল

ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক, ‘পরিকল্পিত প্রচেষ্টা’র অভিযোগ ফিফার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক অভিযোগ এবং ইউরোপীয় ফুটবলের সঙ্গে ফিফার সংঘাত—সব মিলিয়ে চাপে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার সরাসরি পাল্টা আক্রমণে ফিফা। তাদের দাবি, সভাপতির নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ সামনে আনা হচ্ছে।সম্প্রতি উয়েফায় ইনফান্তিনোর মহাসচিব থাকাকালীন এক মহিলা কর্মীকে দেওয়া বিদায়ী অর্থ এবং তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

ইনফান্তিনো অভিযোগগুলি অস্বীকার করেন। উয়েফা অর্থপ্রদানের বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, তৎকালীন নিয়ম মেনেই তা করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।ফিফার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতির প্রতি সদস্য দেশগুলির সমর্থন এখনও অটুট।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা সভাপতি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাদের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন।”

অভিযোগ নিয়ে ফিফার সতর্কবার্তা, “জল্পনা ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আর কোনও অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।”

এরই মধ্যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে উয়েফার সঙ্গে সংঘাত আরও বেড়েছে। প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো ঘিরে ফিফার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় সংস্থা। প্রতিযোগিতা বয়কটের হুমকিও পুরোপুরি প্রত্যাহার হয়নি।তবে ইনফান্তিনো একা নন। কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন, মেক্সিকো এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী ফুটবল প্রশাসন তাঁর পাশে রয়েছে। ফিফার দাবি, নেতৃত্বে কোনও পরিবর্তন হলে সেটিও সংবিধান মেনেই হতে হবে।

ব্যক্তিগত অভিযোগ ও ইউরোপীয় বিরোধ—দুই ফ্রন্টেই লড়াই চলছে ইনফান্তিনোর। আপাতত তাঁর পাশে দাঁড়িয়ে ফিফা স্পষ্ট বার্তা দিয়েছে, সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু বিভ্রান্তিকর প্রচার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version