Connect with us

ফুটবল

CFL 2026: নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিসকে জয় উপহার দিল মোহনবাগান…

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: নতুন হেড কোচ প্যানাজিওটিস দিলম্পেরিসের সামনে জয়ের হাসি ফিরল মোহনবাগান শিবিরে। দীর্ঘক্ষণ কালীঘাটের শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হলেও শেষ ১৬ মিনিটে তিন গোল করে দাপুটে জয়ে মাঠ ছাড়ল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার মোহনবাগান মাঠে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই ৩-০ ব্যবধানে কালীঘাটকে হারিয়ে কলকাতা লিগে আবারও জয়ের সরণীতে ফিরল মোহনবাগান।
রবিবারের বিকেলে মেঘ-রোদ্দুরের লুকোচুরির মাঝেই ছুটির দিনের সুযোগে গ্যালারি ভরিয়ে দেন বাগান সমর্থকেরা। আর সেই ম্যাচেই প্রথমবার মাঠে উপস্থিত থেকে দলের খেলা খুঁটিয়ে দেখলেন সদ্য দায়িত্ব নেওয়া গ্রিক কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস। সকালে কলকাতায় পৌঁছেই তিনি সরাসরি চলে আসেন মোহনবাগান মাঠে। তাঁর নির্দেশেই কলকাতা লিগের দলে সুযোগ পান সিনিয়র দলের একাধিক ফুটবলার— বিশাল কাইথ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, কিয়ান নাসিরি, সুহেল ভাটরা।
তবে তারকা-সমৃদ্ধ দল নিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য ছিল সবুজ-মেরুনদের। কিন্তু কালীঘাটের সুশৃঙ্খল রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় একের পর এক আক্রমণ ব্যর্থ হয়। সুহেল, কিয়ানদের একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় দলকে। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয় মোহনবাগানকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোচ বাস্তব রায়। তিনি একাধিক পরিবর্তন এনে মাঠে নামান লিস্টন কোলাসো, মনবীর সিং ও সন্দীপ মালিককে। সেই পরিবর্তনের ফল মিলতেও বেশি সময় লাগেনি। দুই উইং দিয়ে দ্রুতগতির আক্রমণে কালীঘাটের রক্ষণকে চাপে ফেলে দেয় মোহনবাগান।
ম্যাচের ৭৪ মিনিটে বক্সের ভিতরে সন্দীপ মালিককে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান। স্পট-কিক থেকে নির্ভুল শটে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর সিং। সেই গোলের পরই আত্মবিশ্বাস ফিরে পায় সবুজ-মেরুন শিবির। কয়েক মিনিটের ব্যবধানে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তন্ময়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয়ের সিলমোহর দেন দীপেন্দু বিশ্বাস।
গোল না পেলেও ম্যাচজুড়ে নজর কেড়েছেন সায়ন ব্যানার্জি। দুই প্রান্তে তাঁর অবিরাম দৌড়, আক্রমণ গড়ে তোলার দক্ষতা এবং রক্ষণে সাহায্য করার মানসিকতা নতুন কোচের নজর কেড়েছে বলেই মনে করা হচ্ছে। নিজের পারফরম্যান্সে তিনি বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চে সুযোগ পেলে দলের ভরসা হতে পারেন।
তবে জয় এলেও দলের ম্যাচ-ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ থেকেই যাচ্ছে। সিনিয়র দলের একাধিক ফুটবলারকে এখনও পুরো ছন্দে দেখা যায়নি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি অপেক্ষা করছে। ফলে সময় খুবই কম।
সেই কারণেই গোটা ম্যাচ জুড়ে নোটবুক হাতে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করেছেন প্যানাজিওটিস দিলম্পেরিস। কোন জায়গায় উন্নতি প্রয়োজন, কার ভূমিকা কী হবে— সবই খুঁটিয়ে দেখেছেন নতুন কোচ। সোমবার ফুটবলারদের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার থেকে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। ডার্বির আগে এই জয় যেমন আত্মবিশ্বাস বাড়াল, তেমনই নতুন কোচের কাছে দলের শক্তি ও দুর্বলতার ছবিটাও অনেকটাই স্পষ্ট করে দিল।

আইএসএল

আইএসএলের আগে দল গোছাচ্ছে নর্থইস্ট, বেঙ্গালুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরশুমের আগে বিদেশি ফুটবলার সই করানোর দৌড়ে বড় চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেড এক বছরের চুক্তিতে দলে নিল স্প্যানিশ ফরোয়ার্ড এথিয়ান গনসালেসকে। কাতারের মুয়াইথার এসসি থেকে আসা ২৪ বছর বয়সি এই ফুটবলার ২০২৬-২৭ মরশুমে হাইল্যান্ডার্সদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। শেষ মরশুমে কাতারে দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
অন্যদিকে, তৃতীয় ডিভিশনের স্প্যানিশ ক্লাব এডি আলকরকন থেকে অভিজ্ঞ মিডফিল্ডার বোরহা মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু এফসি। ৩২ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড অতীতে হারকিউলেস, এস্পানিওল, এলচে, কালচারাল লেওনেসা এবং আলকরকনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দলেও ছিলেন তিনি। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সমান স্বচ্ছন্দ বোরহা।
বেঙ্গালুরু কোচ পেপ মুনিয়োজ বলেন, “বোরহাকে আমরা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের খেলার ধরনে ওর ফুটবল পুরোপুরি মানানসই। ওর আগমন দলকে আরও শক্তিশালী করবে।” নতুন দুই স্প্যানিশ ফুটবলারের আগমনে আসন্ন আইএসএল মরশুমের আগে দুই ক্লাবই নিজেদের স্কোয়াডকে আরও ধারালো করে তুলল।

Continue Reading

ফুটবল

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, মঞ্চমাতালেন শাকিরা থেকে ম্যাডোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন মহারণের আগে ফুটবল যেন কয়েক ঘণ্টার জন্য জায়গা ছেড়ে দিয়েছিল বিশ্ব বিনোদন জগতকে। নিউ ইয়র্ক–নিউ জার্সির স্টেডিয়ামে তৈরি হয় এক অভূতপূর্ব আবহ, যেখানে সংগীত, সিনেমা ও ক্রীড়া—তিন জগতের মহাতারকারা একই মঞ্চ ভাগ করে নিলেন।
ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জেনিফার হাডসন। এরপর একে একে মঞ্চে আসেন পোস্ট ম্যালোন, রবি উইলিয়ামস, লরা পাউসিনি এবং নিকোল শেরজিঙ্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিউড তারকা টম ক্রুজ এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। স্টেডিয়ামের বিশাল পর্দায় তাঁদের দেখা মাত্রই দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরতির হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার বোলের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। মঞ্চ কাঁপান ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয় এবং বিটিএস। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’ পরিবেশনের সময় গোটা স্টেডিয়াম গলা মেলায় শিল্পীদের সঙ্গে। জাস্টিন বিবারের পরিবেশনা এবং শাকিরার নাচ সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি হাততালি কুড়িয়ে নেয়।
গ্যালারিতেও ছিল তারকাদের ভিড়। ম্যাট ডেমন, টম ক্রুজ, ম্যাডোনা-সহ একাধিক আন্তর্জাতিক তারকা উপস্থিত থেকে উপভোগ করেন ফুটবলের মহারণ।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপ ফাইনালে হেরেও গর্বিত স্কালোনি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাতারে বিশ্বজয় করলেও এবার নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে হেরে অধরাই থেকে গেল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের কাছে এই পরাজয়ে বিশ্বকাপ হাতছাড়া হলেও পুরোপুরি ভেঙে পড়েননি আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর মতে, ফাইনালের মতো মঞ্চে সবটুকু দিয়ে রানার্স-আপ হওয়াটাও অত্যন্ত গর্বের বিষয়।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে। মাঠে আমরা সর্বস্ব নিংড়ে দিয়েছি। যারা আরও এক বার দেশকে ফাইনালে তুলেছে, তাদের সকলকে অভিনন্দন। ওরা শেষ পর্যন্ত লড়াই করেছে। জিতলেও আমরা দারুণ দল ছিলাম, হেরে গেলেও আমরা দারুণ দলই থাকব।” তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আরও যোগ করেন, “জিততেই নেমেছিলাম, তাই সকলে হতাশ। কিন্তু মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও ফল বিপক্ষে গেলে ভেঙে পড়ার কিছু নেই। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়, অন্য কোনও পথ নেই।”
লিয়োনেল মেসির ভবিষ্যৎ এবং অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “মেসির বয়স এখন ৩৯ বছর, যা অবিশ্বাস্য। ওর কাছ থেকে নতুন করে আমার আর কিছু বের করার নেই। মেসি যত দিন চায় খেলে যেতে পারে। সমস্ত সমর্থক ও সতীর্থরা ওর পাশেই থাকবে। ও যা অর্জন করেছে, তাতে ও-ই নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”
সংবাদ সম্মেলনে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে নিজের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি থাকতে চান। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিশ্বকাপে স্পেনের কাছে পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া হলেও, লড়াই চালিয়ে যাওয়ার জন্য নিজের খেলোয়াড়দের ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের প্রতি পুরো সমর্থন ও গর্ব প্রকাশ করেন স্কালোনি।

Continue Reading

Trending