Connect with us

ফুটবল

জামশেদপুরের বিরুদ্ধে ফিরতে পারেন আপুইয়া, মিগুয়েলকে নিয়ে ধাক্কা মোহনবাগানে

Published

on


রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নকআউটের মঞ্চে নামার আগে মোহনবাগান শিবিরে স্বস্তির খবরের সঙ্গে রয়েছে বড় ধাক্কাও। সোমবার বিকেল ৪টেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের মুখোমুখি হবে সবুজ-মেরুন শিবির। তার আগে রবিবারের শেষ প্রস্তুতিতে দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করলেন আপুইয়া। চোট কাটিয়ে ম্যাচের জন্য প্রস্তুত তিনি। ফলে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান। কোমরের চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ প্যানাজিওটিস ডিলেম্পেরিস। চিকিৎসকরা খেলার অনুমতি দিলেও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাঁকে নামিয়ে চোট আরও বাড়াতে চাইছেন না কোচ। জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও একই ছবি। শুরু থেকে তাঁকে খেলানোর সম্ভাবনা কম, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে ব্যবহার করা হতে পারে।
জামশেদপুরকে আটকাতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছেন ডিলেম্পেরিস। প্রতিপক্ষের ডুরান্ড কাপের আগের ম্যাচগুলি বিশ্লেষণ করেই কৌশল সাজিয়েছেন তিনি। রবিবারের অনুশীলনে সেটপিসের পাশাপাশি পেনাল্টি শুটআউটের মহড়াও করানো হয়। গোলরক্ষক বিশাল কাইথ ও জাহিদের বেশ কয়েকটি ভালো সেভ নজর কাড়ে। থাপার পেনাল্টিতে বিশালকে পরাস্ত করার পর দুই গোলরক্ষকের মধ্যেও দেখা যায় মজার মুহূর্ত।
অনুশীলন শেষে আপুইয়ার ফিটনেস নিয়ে কোচ বলেন, “আপুইয়া খেলার জন্য প্রস্তুত।” সূচি নিয়ে ক্ষোভ থাকলেও লড়াই থেকে পিছিয়ে যাওয়ার বার্তা দেননি তিনি, বললেন“ছয় দিনে তিনটি ম্যাচ, তার উপর সফর—সম্ভবত ফাইনালের পথে তিনটি আইএসএল দলের মুখোমুখি হতে হবে আমাদের। সুবিধা আমাদের সবচেয়ে কম, কিন্তু আমরা মোহনবাগান। তাই অভিযোগ বা হতাশ হওয়ার বদলে এই পরিস্থিতিই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে। আমরা পিছিয়ে যাব না, লড়াই করব।”

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এ যোগ্যতা অর্জন করল ভারত। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর স্টেডিয়ামে আয়োজক দল মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। গ্রুপ ই-র শেষ ম্যাচে এই ড্রয়ের ফলে শীর্ষস্থান নিশ্চিত করল ব্লু কোল্টস।
টানা তিনটি জয়ের পর এ দিন পুরনো ছন্দে পাওয়া যায়েনি মেহেরাজের ছেলেদের। অন্য দিকে, ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। তবে গ্রুপের প্রথম তিন ম্যাচ জয়ের ফলে আজ ড্র করলেই মূল পর্ব নিশ্চিত ছিল ভারতের। আগামী বছর উজবেকিস্তানে আয়োজিত হবে মূল প্রতিযোগিতা।

Continue Reading

আইএসএল

শীর্ষে বেঙ্গালুরু, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে ব্লুজ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে ২-০ গোলে হারাল ব্লুজ। পেনাল্টি থেকে বোরহা মার্তিনেজের গোল এবং রায়ান উইলিয়ামসের দ্বিতীয় গোল নিশ্চিত করল বেঙ্গালুরুর জয়।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বই। হৃদয় জৈন ও জোথানপুইয়ার শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতিতে সুনীল ছেত্রীর পরিবর্তে মাঠে নামেন উইলিয়ামস। তাঁর উপস্থিতিতে আক্রমণে গতি বাড়ে বেঙ্গালুরুর। আইএসএলে দুশোতম ম্যাচ খেললেন সুনীল ছেত্রী।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। ৮৫ মিনিটে মনিরুল মোল্লার পাস ধরে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান উইলিয়ামস। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বেঙ্গালুরু। দুই পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মুম্বই।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।

প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।

এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।

Continue Reading

Trending