ফুটবল
জামশেদপুরের বিরুদ্ধে ফিরতে পারেন আপুইয়া, মিগুয়েলকে নিয়ে ধাক্কা মোহনবাগানে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নকআউটের মঞ্চে নামার আগে মোহনবাগান শিবিরে স্বস্তির খবরের সঙ্গে রয়েছে বড় ধাক্কাও। সোমবার বিকেল ৪টেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের মুখোমুখি হবে সবুজ-মেরুন শিবির। তার আগে রবিবারের শেষ প্রস্তুতিতে দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করলেন আপুইয়া। চোট কাটিয়ে ম্যাচের জন্য প্রস্তুত তিনি। ফলে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান। কোমরের চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ প্যানাজিওটিস ডিলেম্পেরিস। চিকিৎসকরা খেলার অনুমতি দিলেও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাঁকে নামিয়ে চোট আরও বাড়াতে চাইছেন না কোচ। জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও একই ছবি। শুরু থেকে তাঁকে খেলানোর সম্ভাবনা কম, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে ব্যবহার করা হতে পারে।
জামশেদপুরকে আটকাতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছেন ডিলেম্পেরিস। প্রতিপক্ষের ডুরান্ড কাপের আগের ম্যাচগুলি বিশ্লেষণ করেই কৌশল সাজিয়েছেন তিনি। রবিবারের অনুশীলনে সেটপিসের পাশাপাশি পেনাল্টি শুটআউটের মহড়াও করানো হয়। গোলরক্ষক বিশাল কাইথ ও জাহিদের বেশ কয়েকটি ভালো সেভ নজর কাড়ে। থাপার পেনাল্টিতে বিশালকে পরাস্ত করার পর দুই গোলরক্ষকের মধ্যেও দেখা যায় মজার মুহূর্ত।
অনুশীলন শেষে আপুইয়ার ফিটনেস নিয়ে কোচ বলেন, “আপুইয়া খেলার জন্য প্রস্তুত।” সূচি নিয়ে ক্ষোভ থাকলেও লড়াই থেকে পিছিয়ে যাওয়ার বার্তা দেননি তিনি, বললেন“ছয় দিনে তিনটি ম্যাচ, তার উপর সফর—সম্ভবত ফাইনালের পথে তিনটি আইএসএল দলের মুখোমুখি হতে হবে আমাদের। সুবিধা আমাদের সবচেয়ে কম, কিন্তু আমরা মোহনবাগান। তাই অভিযোগ বা হতাশ হওয়ার বদলে এই পরিস্থিতিই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে। আমরা পিছিয়ে যাব না, লড়াই করব।”
