আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপের আগে ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন গম্ভীর
অঙ্কন কর, মাউন্ট মঙ্গানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সাংবাদিক সম্মেলনে ব্যাটারদের দুষলেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের মঞ্চে এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, নিউজিল্যান্ডের কাছে ভারতের ২৪৪ রানের হারের পর সেই আশঙ্কাই সামনে আনলেন ভারতীয় হেড কোচ। ব্যাটারদের সব প্রকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপর জোর দিলেন তিনি।
৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা দল চতুর্থ ম্যাচে এভাবে ভেঙে পড়ায় উদ্বিগ্ন গম্ভীর। তাঁর মতে, সমস্যার মূলে টেকনিক নয়, বলের লেংথ বুঝে ক্রিজে মানিয়ে নিতে না পারা। কোচের কথায়, “আমি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতেই রাজি নই। বল খুব বেশি নড়াচড়া করছিল না। তাই সামান্য নড়াচড়ায় বল কী ভাবে খেলতে হবে সেটা ব্যাটারদেরই বুঝতে হবে। নড়াচড়ার থেকেও বলের লেংথ আমাদের সমস্যায় ফেলেছে। আমরা ক্রিজে আটকে গিয়েছিলাম।”
বিশ্বকাপের প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। হেনরি ভাল লেংথে বল করেছে। সেটা সামলানো আমাদের উচিত ছিল। ৮৯ রানে আউট হয়ে গেলে সেটা সব সময়েই চিন্তার। এই ধরনের পরিবেশই বিশ্বকাপে পাওয়া যাবে। আগের ম্যাচেও সাত উইকেট হারিয়েছিলাম। বিশ্বকাপের আগে এটা চিন্তার তো বটেই।”
আন্তর্জাতিক ক্রিকেট
‘স্যান্ডপেপার’ কাণ্ডে বিস্ফোরক কামিন্স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ড নিয়ে উসমান খোয়াজার বিস্ফোরক দাবিতে নতুন করে উত্তাল ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের আত্মজীবনীতে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের একাধিক ক্রিকেটার আগে থেকেই জানতেন। সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিক বৈঠকে কামিন্স বলেন, “খোয়াজার বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও দায়িত্বজ্ঞানহীন। সিরিশকাগজ ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আমি কিছুই জানতাম না।”
খোয়াজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের আগেও পোর্ট এলিজাবেথে বল বিকৃতি করা হয়েছিল। তাঁর বইয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষের অভিযোগও উঠেছে। দাবি করেছেন, গায়ের রং সাদা না হওয়ায় অধিনায়ক হওয়ার সুযোগ পাননি তিনি। এই প্রসঙ্গে কামিন্স বলেন, “অধিনায়ক নির্বাচনে বর্ণের কোনও ভূমিকা নেই। অধিনায়ক হওয়ার পর আমি কখনও বর্ণবিদ্বেষ বরদাস্ত করিনি।” খোয়াজার বইয়ে নিজের এবং সতীর্থদের সম্পর্কে মন্তব্যে বিরক্ত বলেও জানিয়েছেন অজি অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেট
INDvsNZ ODI SERIES: পারফরম্যান্সেই সমালোচকদের জবাব কম্বোজের
সৌরভ রায়, অকল্যান্ড: সমালোচকদের যাবতীয় কথার জবাব দিলেন বল হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম এক দিনের ম্যাচে ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে দু’টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আনশুল কম্বোজ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “একটা ম্যাচ কখনও কোনও ক্রিকেটারের কেরিয়ার নির্ধারণ করে না। আমি আগেও একইভাবে নিজের কাজ করে এসেছি। ম্যাঞ্চেস্টার টেস্টের পর ভাল করার তাগিদ আরও বেড়েছে। বাইরের কথায় আমি কান দিই না।”
নিজের বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে কম্বোজ বলেন, “সঠিক লাইন ও লেংথ বজায় রাখাই ছিল মূল পরিকল্পনা। উইকেট কেমন আচরণ করছে, তা নিয়ে না ভেবে নিজের পরিকল্পনায় স্থির ছিলাম। এদিন ‘ওয়াবল সিম’ বল ভাল কাজ করছিল। তাই বারবার সেটাই ব্যবহার করেছি।” তাঁর মতে, “ভাল প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সাহায্য করে।”
অন্য দিকে, অধিনায়ক শুভমন গিল বলেন, “বল হাতে আমরা খুব ভাল ছিলাম। ফিল্ডিংও দুর্দান্ত হয়েছে। রোহিত ভাইয়ের রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আনশুল ও গুরনূর অসাধারণ বল করেছে। বিরাট ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে কাজটা সহজ হয়ে যায়। আমাদের কাছে ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আন্তর্জাতিক ক্রিকেট
INDvsNZT20I: হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত, শুরু ওডিআইয়ের প্রস্তুতিও
অঙ্কন কর, অকল্যান্ড: ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের নামে করে নিয়েছে মেন ইন ব্লুরা। এবার পালা এক দিনের এবং টেস্টের। তার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য শ্রেয়স আইয়ারদের। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত শেষ দুই ম্যাচ জিতে সেই লক্ষ্য পূরণ করতে পারে কি না, এখন সেটাই দেখার। অন্যদিকে, ৪ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ খেলবেন শুভমান গিলরা। ইডেন পার্কের সেই মাঠেই চতুর্থ টি-টোয়েন্টি খেলবে ভারত। কিছু দিন আগেই অকল্যান্ডে পৌঁছে গিয়েছেন এক দিনের ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। এদিন সেখানে পৌঁছন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সূত্রের খবর, শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন বিরাট কোহলিও।
এদিন ইডেন পার্কে ভারতীয় টি-টোয়েন্টি দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা এবং ঈশান কিষানরা। অনুশীলনে অভিষেক ও বৈভবকে একে অপরের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং করতেও দেখা যায়। সিরিজের বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরা ছন্দ ধরে রাখাই এখন লক্ষ্য ভারতীয় দলের। তবে এদিনের অনুশীলনের মূল আকর্ষণ ছিল এক দিনের দলের প্রস্তুতি। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন শুভমান গিল এবং কেএল রাহুল। অকল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের টেকনিক নিয়েও কাজ করেন দুই ব্যাটার। হেড কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় তাঁদের।
অন্যদিকে, ইডেন পার্কের ছোট বাউন্ডারি বরাবরই ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়। বিশেষ করে সামনের বাউন্ডারি এতটাই ছোট যে রান আটকানো বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর চোটের ধাক্কায় সমস্যায় নিউজিল্যান্ডও। লকি ফার্গুসন ও ম্যাট হেনরি সিরিজের বাকি ম্যাচে নেই। তাঁদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট ফিশার। তবে মিচেল স্যান্টনারের সামনে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি। আর এক উইকেট পেলেই ১৫০ টি-২০ উইকেটের মালিক হবেন কিউয়ি অধিনায়ক।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
