আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপের আগে ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন গম্ভীর
অঙ্কন কর, মাউন্ট মঙ্গানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সাংবাদিক সম্মেলনে ব্যাটারদের দুষলেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের মঞ্চে এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, নিউজিল্যান্ডের কাছে ভারতের ২৪৪ রানের হারের পর সেই আশঙ্কাই সামনে আনলেন ভারতীয় হেড কোচ। ব্যাটারদের সব প্রকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপর জোর দিলেন তিনি।
৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা দল চতুর্থ ম্যাচে এভাবে ভেঙে পড়ায় উদ্বিগ্ন গম্ভীর। তাঁর মতে, সমস্যার মূলে টেকনিক নয়, বলের লেংথ বুঝে ক্রিজে মানিয়ে নিতে না পারা। কোচের কথায়, “আমি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতেই রাজি নই। বল খুব বেশি নড়াচড়া করছিল না। তাই সামান্য নড়াচড়ায় বল কী ভাবে খেলতে হবে সেটা ব্যাটারদেরই বুঝতে হবে। নড়াচড়ার থেকেও বলের লেংথ আমাদের সমস্যায় ফেলেছে। আমরা ক্রিজে আটকে গিয়েছিলাম।”
বিশ্বকাপের প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। হেনরি ভাল লেংথে বল করেছে। সেটা সামলানো আমাদের উচিত ছিল। ৮৯ রানে আউট হয়ে গেলে সেটা সব সময়েই চিন্তার। এই ধরনের পরিবেশই বিশ্বকাপে পাওয়া যাবে। আগের ম্যাচেও সাত উইকেট হারিয়েছিলাম। বিশ্বকাপের আগে এটা চিন্তার তো বটেই।”
