ফুটবল
DURAND CUP 2026: সাহালের হ্যাটট্রিক, হাফ ডজন গোলে সিআইএসএফকে হারাল মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গোলের বন্যা অব্যাহত মোহনবাগানের। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সবুজ-মেরুন। তিন ম্যাচে ১৫ গোল করে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল তারা। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে নায়ক সাহাল আব্দুল সামাদ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। ১৭ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে প্রথম গোল করেন সাহাল। মাত্র দু’মিনিট পরেই আবার গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে দ্রাজিচের বাড়ানো বলে ফাঁকা গোলে বল ঠেলে দেন সাহাল।
২৪ মিনিটে ব্যবধান বাড়ান মনবীর সিংহ। অভিষেক সিংহের ক্রস থেকে বাঁ কোণে নিখুঁত শটে সিআইএসএফ গোলরক্ষক রাজ কুমারকে পরাস্ত করেন তিনি। ৩৭ মিনিটে ফের সাহালের গোল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দু’জনকে কাটিয়ে জোরালো শটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। তাতেও আক্রমণের ঝাঁঝ কমেনি। পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন জেমি ম্যাকলারেন। সাহালের পাস ধরে জায়গা তৈরি করে শক্তিশালী শটে বল জালে জড়ান অস্ট্রেলীয় স্ট্রাইকার।
ম্যাচের শেষ গোলটি করেন অভিষেক সিং। লিস্টনের পাস পেয়ে বাঁ দিক থেকে ভিতরে ঢুকে মার্কারকে কাটিয়ে নিখুঁত শটে ৬-০ করেন তিনি। আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান।
ইস্টবেঙ্গলকে ১-০ এবং সাউথ ইউনাইটেডকে ৮-০ হারানোর পর সিআইএসএফের বিরুদ্ধেও বড় জয় পেল সবুজ-মেরুন। দুর্দান্ত গোল-ফর্মে ডুরান্ডের নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়েই পা রাখল মোহনবাগান।
ফুটবল
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এ যোগ্যতা অর্জন করল ভারত। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর স্টেডিয়ামে আয়োজক দল মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। গ্রুপ ই-র শেষ ম্যাচে এই ড্রয়ের ফলে শীর্ষস্থান নিশ্চিত করল ব্লু কোল্টস।
টানা তিনটি জয়ের পর এ দিন পুরনো ছন্দে পাওয়া যায়েনি মেহেরাজের ছেলেদের। অন্য দিকে, ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। তবে গ্রুপের প্রথম তিন ম্যাচ জয়ের ফলে আজ ড্র করলেই মূল পর্ব নিশ্চিত ছিল ভারতের। আগামী বছর উজবেকিস্তানে আয়োজিত হবে মূল প্রতিযোগিতা।
আইএসএল
শীর্ষে বেঙ্গালুরু, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে ব্লুজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে ২-০ গোলে হারাল ব্লুজ। পেনাল্টি থেকে বোরহা মার্তিনেজের গোল এবং রায়ান উইলিয়ামসের দ্বিতীয় গোল নিশ্চিত করল বেঙ্গালুরুর জয়।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বই। হৃদয় জৈন ও জোথানপুইয়ার শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতিতে সুনীল ছেত্রীর পরিবর্তে মাঠে নামেন উইলিয়ামস। তাঁর উপস্থিতিতে আক্রমণে গতি বাড়ে বেঙ্গালুরুর। আইএসএলে দুশোতম ম্যাচ খেললেন সুনীল ছেত্রী।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। ৮৫ মিনিটে মনিরুল মোল্লার পাস ধরে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান উইলিয়ামস। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বেঙ্গালুরু। দুই পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মুম্বই।
আন্তর্জাতিক ফুটবল
গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের
রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।
এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল6 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল6 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
