Connect with us

ফুটবল

DURAND CUP 2026: মরণ-বাঁচন ম্যাচে বুধবার মহামেডান স্পোর্টিংয়ের সামনে ইন্ডিয়ান আর্মি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ইন্ডিয়ান আর্মি এফটির মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় শুরু হবে গুরুত্বপূর্ণ গ্রুপ বি-এর এই ম্যাচ।
গ্রুপ পর্বে নিজেদের অভিযান জয়ে শেষ করাই লক্ষ্য মহামেডানের। পরের পর্বে ওঠার লড়াইয়ে এই ম্যাচের তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রিত ফুটবল উপহার দিতে চাইবে সাদা-কালো ব্রিগেড।
ডুরান্ড কাপে মহামেডানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে এফসি বানারস বাঘপতকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে সামালেশ্বরী এসসির কাছে অল্পের জন্য হারতে হয় মহামেডানকে।
সেই হারের ধাক্কা কাটিয়ে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দল। অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস দেখা গিয়েছে। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের অভিযান স্মরণীয় করে রাখার পাশাপাশি পরের রাউন্ডে জায়গা করে নেওয়াই এখন মহামেডানের প্রধান লক্ষ্য।
সব মিলিয়ে বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের সামনে কার্যত ‘ডু অর ডাই’ লড়াই। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সাদা-কালো শিবির।

আন্তর্জাতিক ফুটবল

প্রতিপক্ষের ডেরায় আত্মবিশ্বাসে ভরপুর আল আরবি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উধাও। নীল আকাশের গায়ে ভাসা মেঘ প্রকৃতির খামখেয়ালিপনা জানান দিচ্ছে। কিন্তু আল আরবির ফুটবলাররা মাঠে নামতেই প্রবল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর প্রিলিমিনারি রাউন্ডে মাঠে নামার আগে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত কুয়েতের ক্লাবটি। কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের পাঁচদিন আগেই শহরে পা রেখেছে আল আরবি। তুরস্কে তিন সপ্তাহের প্রস্তুতি শিবির সম্পন্ন করে চারটি প্রীতি ম্যাচও খেলেছে তারা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে পরাস্ত করে এসিএল টু-এর মূল পর্বে জায়গা করে নিতে প্রস্তুত কুয়েতের এই ক্লাবটি। প্রতিপক্ষের প্রসঙ্গে গোরান সাবলিচ বলেন, “ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। বিশেষ করে নিজেদের মাঠে খেললে তাদের শক্তি আরও বৃদ্ধি পায়। তবে আমরা আত্মবিশ্বাসী, লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠের সুবিধা পাবে লাল-হলুদ ব্রিগেড। তবুও গ্যালারির শব্দব্রহ্মকে ভয় পাচ্ছে না আল আরবি। সাংবাদিক সম্মেলনে আল আরবির ফুটবলার এমানুয়েল ইওয়ালা বলেন, “ফুটবলে দর্শক ও সমর্থকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই ঘরের মাঠে খেলার সুবিধা ও সমর্থন ইস্টবেঙ্গলের থাকবে। কিন্তু সেই চাপ সামলানোর মতো মানসিকতা ও অভিজ্ঞতা আমাদের রয়েছে। আগামীকাল গ্যালারিভর্তি দর্শকের সামনে নিজেদের সেরাটা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।” এদিন শেষ মুহুর্তের অনুশীলন বিপক্ষের ডেরায় রণক্ষেত্রের জমি মাপলেন আল আরবির ফুটবলাররা। প্রয়োজনীয় রণকৌশল আগেই তৈরি করে ফেলেছেন দলের হেড কোচ গোরান সাবলিচ।

Continue Reading

আইএসএল

রুয়ান্ডার জাতীয় দলের ডিফেন্ডারকে দলে নিল চেন্নাইয়ান এফসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরশুম শুরুর আগে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে রুয়ান্ডার আন্তর্জাতিক ফুটবলার ইমানুয়েল ইমানিশিমওয়েকে দলে নিল চেন্নাইয়ান এফসি। ২০২৬-২৭ মরশুমের জন্য ৩১ বছর বয়সি এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মারিনা মাচান্সরা। রুয়ান্ডার জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকায় তাঁর অন্তর্ভুক্তি দলের রক্ষণে অভিজ্ঞতা ও গভীরতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

নতুন ফুটবলারকে স্বাগত জানিয়ে চেন্নাইয়ানের প্রধান কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেন, “ইমানুয়েল এমন একজন ফুটবলার, যিনি আমাদের দলে অন্যরকম কিছু যোগ করতে পারেন। রুয়ান্ডার জাতীয় দলের হয়ে তাঁর অভিজ্ঞতাই অনেক কিছু বলে দেয়। তিনি কী দিতে পারেন, তা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। তাঁকে পেয়ে আমরা খুশি এবং দলের জন্য তাঁর অবদান দেখার অপেক্ষায় রয়েছি।” চেন্নাইয়ান যোগ দিয়ে উচ্ছ্বসিত ইমানিশিমওয়ে বলেন, “চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি। ক্লাবের পরিকল্পনা আমাকে উত্তেজিত করছে। দলের মতো আমারও লক্ষ্য প্রতিটি ম্যাচে লড়াই করা এবং যত বেশি সম্ভব জয় পাওয়া। আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে চাই এবং সেই লক্ষ্য পূরণে সবকিছু উজাড় করে দেব।”

সমর্থকদের পাশে থাকার আবেদনও জানিয়েছেন রুয়ান্ডার এই ডিফেন্ডার। নতুন মরশুমের আগে ইমানিশিমওয়ের আগমনে চেন্নাইয়িনের রক্ষণ আরও শক্তিশালী হল।

Continue Reading

ফুটবল

DURAND CUP 2026: ডুরান্ড কাপে খেলছেন না টাইগার শ্রফ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের মঞ্চে এবার আর দেখা যাবে না বলিউড অভিনেতা টাইগার শ্রফকে। মঙ্গলবার শিলংয়ে নংখসেহ এসএস অ্যান্ড সিসির বিরুদ্ধে মুম্বে এফসির শেষ গ্রুপ ম্যাচে খেলার কথা ছিল তাঁর। দলের স্কোয়াডে নিবন্ধিত থাকায় টাইগারের মাঠে নামা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কাজের ব্যস্ততার কারণে ম্যাচটি খেলতে পারছেন না তিনি।
ক্লাবের প্রকাশ করা একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় টাইগার জানান, শেষ মুহূর্তে একটি কাজ এসে যাওয়ায় শিলং যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। মুম্বে এফসির হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি দলের সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে ডুরান্ড কাপের সাফল্য কামনা করেন।
২০২৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই মুম্বে এফসির ‘মার্কি’ খেলোয়াড় হিসেবে যুক্ত টাইগার। এর আগে মুম্বাই ডিস্ট্রিক্ট লিগে ক্লাবটির হয়ে খেলতেও দেখা গিয়েছে তাঁকে। তবে ডুরান্ড কাপে এবার আর তাঁর অভিষেক হচ্ছে না।
এদিকে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুম্বে এফসির পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হারতে হয়েছে তাদের। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে।
অভিনয়ের পাশাপাশি ফুটবলের প্রতি টাইগারের বরাবরের আগ্রহ রয়েছে। অতীতে একাধিক বার তিনি জানিয়েছেন, অভিনেতা হওয়ার আগে ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল তাঁর। পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর প্রিয় ফুটবলার এবং সুযোগ পেলে রোনাল্ডোকে নিয়ে বায়োপিকে অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন টাইগার।

Continue Reading

Trending