Connect with us

আইএসএল

রুদ্ধশ্বাস জয়ে বাগান শিবিরে দীপাবলি

Published

on

সৌরভ মুখার্জী, কলকাতা: শহর জুড়ে আলোর রোশনাই, দীপাবলির আমেজে মেতেছে তিলোত্তমা। সেই আমেজ ছড়িয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের নায়ক ডেজান দ্রাজিচ। অন্যদিকে বাগান আক্রমণের বিরুদ্ধে একাই লড়লেন ওড়িশার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। ভুরিভুরি সুযোগ নষ্ট করলেন মনবীর, লি এরউইনরা।

ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশার রক্ষণে চাপ বাড়াতে থাকে মোহনবাগান। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন লি এরউইন। ১১ মিনিটে সমীর জেলকোভিচের গোলার মত শট রুখে দেন ঋত্বিক।২৩ মিনিটে সমীরের জোরালো শট বাঁচান ঋত্বিক। মিনিট তিনেক পরেই এভারটনের গোলমুখী হেডার বাঁচিয়ে দলের পতন রোধ করেন বিশাল কাইথ। ৩৪ মিনিটে আবারও মেহতাবের জোরালো শট বাঁচান ঋত্বিক। পরের মিনিটেই নিশ্চিত পেনাল্টির আবেদন নাকচ হয়। ৪২ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও গোলমুখ খুলতে পারেননি মনবীর সিং। ৪৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।

অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙলেন ডেজান দ্রাজিচ। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ঢুকে একক দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। মিনিট পাঁচেকের মধ্যেই ওড়িশা এফসিকে সমতায় ফেরান মাহমুদ ঈদ। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। ডান দিক থেকে গোলের বলটা সাজিয়ে দিয়েছিলেন ছাংতে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন দ্রাজিচ। মিনিট পাঁচেকের মধ্যেই এভারটনের গোলে আবারও সমতায় ফেরে ওড়িশা এফসি। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন লি এরউইন। ৩-২ গোলে ম্যাচ জিতে শীর্ষস্থান বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড।

আইএসএল

ছুটছে বাগান, স্বস্তিতে প্যানোস

Published

on

অর্পন দেবনাথ,কলকাতা:
সাংবাদিক সম্মেলনে প্যানাজিওটিস দিলেম্পেরিসের হাসিখুশি মেজাজটা বার্তা দিচ্ছিল, পায়ের তলার জমিটা শক্ত করে ফেলেছেন। এতদিন দল জিতলেও মোহনবাগানের চেনা ফুটবলটা পাচ্ছিলেন না সমর্থকরা। বৃহস্পতিবার মোহনবাগানকে বেশ আক্রমণাত্মক লেগেছে। একাধিক চোট নিয়েও টানা জয়ে ফিফা ব্রেকের আগে আইএসএল টেবিলের শীর্ষে জাঁকিয়ে বসেছে বাগান। ম্যাচের পর বাগান কোচ বললেন, ‘আমাদের মাথায় রাখতে হবে সাহাল, মিগুয়েল দু’জন নাম্বার টেন ফুটবলারের চোট। তাই ওইখানে অন্য ফুটবলারকে দিয়ে আমাদের খেলতে হচ্ছে। তারপরেও আমরা জিতছি। আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছি। ড্রাজিচ আজ দুরন্ত খেলেছে।’ বাগান কোচ আশাবাদী আইএসএলের পরের ম্যাচের আগে মিগুয়েল, আপুইয়া, জেমি ম্যাকলারেনরা পুরোপুরি ফিট হয়ে উঠবেন। এদিন ম্যাচে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহনবাগান। তা নিয়ে প্রশ্ন করা হলে বাগান কোচ বললেন, ‘আমি এ নিয়ে কিছু বলবো না। শুধু বলবো এই রেফারি ভারতের সেরা রেফারি।’ জোড়া গোল করে ম্যাচের সেরা ডেজান দ্রাজিচ বলেছেন, ‘গোল করার অনুভূতি সব সময় আলাদা। এভাবেই দলের জন্য, সমর্থকদের জন্য গোল করতে চাই।‌’

Continue Reading

আইএসএল

শেষ মুহুর্তের নাটক, ভায়েহোর গোলে হার বাচালো গোয়া

Published

on

ISL2026-27 রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয়ের স্বপ্ন দেখেও শেষরক্ষা হল না স্পোর্টিং ক্লাব দিল্লির। বুধবার ফতোরদা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে অ্যালেক্স ভায়েহোর গোলে ১-১ ড্র করল এফসি গোয়া। জুয়ান পেনার গোলে এগিয়ে থেকেও আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল না দিল্লি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ঝাঁপায়। অষ্টম মিনিটে অল্পের জন্য গোল হাতছাড়া করেন গোয়ার সামসাঙ্গা। ১৯ মিনিটে ফ্রান্সিসকো ফেউইয়াসিয়েরের পাস থেকে সামসাঙ্গা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। বিরতির আগে নেমিলের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁজ বজায় রাখে গোয়া। তবে নোরা ফার্নান্দেসের দুরন্ত সেভে গোল পায়নি তারা। উল্টে ৫২ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় দিল্লি। রদ্রিগিনহোর পাস ধরে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান পেনা।
এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গোয়া। অতিরিক্ত সময়ে ভায়েহোর একটি প্রচেষ্টা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত তাঁকে আটকাতে পারেনি দিল্লির রক্ষণ। ফেউইয়াসিয়েরের ফ্রি-কিক থেকে গোলরক্ষকের সামনে সঠিক সময়ে পৌঁছে বল জালে পাঠান ভায়েহো।
শেষ মুহূর্তের এই গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোয়া। অন্যদিকে, মরসুমের প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল দিল্লির।

Continue Reading

আইএসএল

নেই মিগুয়েল, আপুইয়া, ম্যাকলারেন! চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেড…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে সোমবার চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা চেন্নাইয়নের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের। তবে বাগান শিবিরের প্রধান চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। আইএসএলের প্রথম দুই ম্যাচে গোল লক্ষ্য করে ২৬টি শট নিয়েও মাত্র দু’টি গোল করতে পেরেছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস জানান, অতীতের ফলাফল নিয়ে না ভেবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, গোলের সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি গোল করার আশাও প্রকাশ করেন তিনি।
রবিবারের অনুশীলনেও গোল করার উপর বিশেষ গুরুত্ব দেন বাগান কোচ। প্রায় এক ঘণ্টার অনুশীলনে ফ্রি-কিক, কর্নার-সহ বিভিন্ন সেটপিসের মাধ্যমে গোলমুখ খোলার কৌশল ঝালিয়ে নেন ফুটবলাররা। চোটের কারণে এই ম্যাচে মিগুয়েল ফিগেইরা ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ফলে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে আপুইয়ার পরিবর্তে সমীর জেলকোভিচ এবং সাহালের জায়গায় মনবীর সিংকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। বাকি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ছকে চেন্নাইয়নকে হারানোর পরিকল্পনা করছেন দিলেম্পেরিস।
এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের অন্দরের প্রতিযোগিতা নিয়ে মুখ খোলেন অনিরুদ্ধ থাপা। তাঁর মতে, মোহনবাগান দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। পাশাপাশি, দলে সুস্থ প্রতিযোগিতা থাকায় তিনিও উপভোগ করছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে বলেই আশাবাদী বাগান মিডফিল্ডার। এখন দেখার, গোলের সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়নের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না সবুজ-মেরুন ব্রিগেড।

Continue Reading

Trending