আইএসএল
রুদ্ধশ্বাস জয়ে বাগান শিবিরে দীপাবলি
সৌরভ মুখার্জী, কলকাতা: শহর জুড়ে আলোর রোশনাই, দীপাবলির আমেজে মেতেছে তিলোত্তমা। সেই আমেজ ছড়িয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের নায়ক ডেজান দ্রাজিচ। অন্যদিকে বাগান আক্রমণের বিরুদ্ধে একাই লড়লেন ওড়িশার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। ভুরিভুরি সুযোগ নষ্ট করলেন মনবীর, লি এরউইনরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশার রক্ষণে চাপ বাড়াতে থাকে মোহনবাগান। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন লি এরউইন। ১১ মিনিটে সমীর জেলকোভিচের গোলার মত শট রুখে দেন ঋত্বিক।২৩ মিনিটে সমীরের জোরালো শট বাঁচান ঋত্বিক। মিনিট তিনেক পরেই এভারটনের গোলমুখী হেডার বাঁচিয়ে দলের পতন রোধ করেন বিশাল কাইথ। ৩৪ মিনিটে আবারও মেহতাবের জোরালো শট বাঁচান ঋত্বিক। পরের মিনিটেই নিশ্চিত পেনাল্টির আবেদন নাকচ হয়। ৪২ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও গোলমুখ খুলতে পারেননি মনবীর সিং। ৪৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।
অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙলেন ডেজান দ্রাজিচ। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ঢুকে একক দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। মিনিট পাঁচেকের মধ্যেই ওড়িশা এফসিকে সমতায় ফেরান মাহমুদ ঈদ। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। ডান দিক থেকে গোলের বলটা সাজিয়ে দিয়েছিলেন ছাংতে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন দ্রাজিচ। মিনিট পাঁচেকের মধ্যেই এভারটনের গোলে আবারও সমতায় ফেরে ওড়িশা এফসি। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন লি এরউইন। ৩-২ গোলে ম্যাচ জিতে শীর্ষস্থান বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড।
