আন্তর্জাতিক ফুটবল
EPL 2024/25: লেস্টার সিটিকে হারিয়ে লিভারপুলের ঘরের ওপর নিঃশ্বাস ফেলছে আর্সেনাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী খেতাব জয়ের লড়াইয়ে রয়েছে দুটি দল। সেটা হল লিভারপুল এবং আর্সেনাল। তবে লেস্টার সিটির বিরুদ্ধে যদি আর্সেনাল গোলশূন্য ড্র করত, তাহলে সব থেকে বেশি সুবিধে হত লিভারপুলের। এক ম্যাচ হাতে রেখেই ৬ পয়েন্টে এগিয়ে লিগ শীর্ষে থাকতেন মহম্মদ সালাহরা। কিন্তু লেস্টারের ঘরের মাঠে ২-০ গোলে তাদেরকে হারিয়ে সেই ব্যবধানকে কমাল আর্সেনাল। ম্যাচের ৮১ এবং ৮৭ মিনিট জোড়া গোল করেন মিকেল মেরিনো। যার ফলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। অপরদিকে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। রবিবার ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে খেলতে নামবে ভ্যান ডাইকরা।
শনিবার লেস্টারের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল আর্সেনাল ফুটবলাররা। কিন্তু অনেক সহজ সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। এথেন এনওয়ানেরির দুটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। সেই খেলা দেখে একসময় মনে হচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু ঠিক ৮০ মিনিটের পর মিকেল মেরিনোর জোড়া গোলে ঘুরল খেলা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানান, “আজ আমাদের মেরিনোই তিন পয়েন্ট এনে দিয়েছেন। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এত সুযোগ নষ্ট হলে হতাশ লাগে। যেই কারণে একসময় ভাবছিলাম ড্র করেই হয়তো লেস্টার ছাড়তে হবে।” যদিও এখনই নিজেদের খেতাবের দাবিদার বলতে রাজি নন আর্তেতা। তিনি বলেন, “পয়েন্ট টেবলের দিকে তাকাচ্ছি না এবং অন্য কে কী করছে তাও ভাবছি না। শুধু নিজেদের ধারাবাহিকতাটা ধরে রাখার কথাই বোঝাচ্ছি ছেলেদের”। জোড়া গোল পেয়ে দলকে জেতাতে পেরে খুবই খুশি মিকেল মেরিনো। ম্যাচ শেষে তিনি বলেন, “আমার আনন্দটা অবশ্যই বেশি। তবে খেলাটা এতটা কঠিন হয়েছে আমাদের নিজেদের দোষেই। তবু ভাল তিন পয়েন্ট এসেছে। আশা করব, শেষ ম্যাচ পর্যন্ত লড়তে পারব”। এই ম্যাচ হেরে ২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলেই থাকল লেস্টার সিটি। অপরদিকে রবিবার ঘরের মাঠে জিততে পারলে আর্সেনালের থেকে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবে লিভারপুল। তবে পয়েন্ট হারালে চাপে পড়বে তারা।
আন্তর্জাতিক ফুটবল
চেলসির পথে ওয়েলবেক ও হেন্ডারসন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অভিজ্ঞতার উপর ভরসা করে দল গঠনের পথে এগোচ্ছে চেলসি। নতুন কোচ জাভি আলোনসোর পরিকল্পনায় যোগ হতে চলেছেন দুই অভিজ্ঞ ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলবেক এবং জর্ডান হেন্ডারসন। সূত্রের খবর, ব্রাইটনের স্ট্রাইকার ওয়েলবেককে দলে টানার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, পাশাপাশি হেন্ডারসনের সঙ্গেও অনেকদূর কথা এগিয়েছে চেলসির।
৩৫ বছর বয়সি ওয়েলবেক গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৩টি গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সি হেন্ডারসনকে দলে আনার মূল লক্ষ্য মাঝমাঠে নেতৃত্ব ও অভিজ্ঞতা বাড়ানো। তরুণ ফুটবলারদের ভরসায় গড়া চেলসি এবার ড্রেসিংরুমে ভারসাম্য আনতে অভিজ্ঞ মুখের দিকেই ঝুঁকেছে।
ইতিমধ্যেই একাধিক তরুণ তারকাকে দলে নেওয়ার পর চেলসির এই নতুন কৌশল ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ক্লাবের বিশ্বাস, ওয়েলবেক ও হেন্ডারসনের মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এখনও দুই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে স্ট্যামফোর্ড ব্রিজে তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।
আন্তর্জাতিক ফুটবল
দুর্গাপুজোর আগেই বিশাল চমক, যুবভারতীতে সেলেকাওদের বিপক্ষে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সিনিয়র দলকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ফলে সন্দেশ, সামাদদের সামনে থাকবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলশক্তির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বিরল সুযোগ।
মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব কল্যান চৌবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। এবার ব্রাজিলের আগমনে উৎসবের আবহ তৈরি হতে চলেছে তিলোত্তমায়, দুর্গাপুজোর আগেই যা ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় উপহার।
আন্তর্জাতিক ফুটবল
বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে ফিফার বিরুদ্ধে সরব উয়েফা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামো নিয়ে ফিফার নতুন প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে সিদ্ধান্ত নিয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে তারা ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করবে।
উয়েফার স্পষ্ট বক্তব্য, “বিশ্বকাপ কোনও বিনিয়োগের পণ্য নয়। এটি ফুটবলের ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলার, জাতীয় দল এবং সমর্থকদের অবদানে গড়ে উঠেছে। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।”
এদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ৪১টি সদস্য দেশের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও অসন্তোষ বাড়ছে।
অক্টোবরে মহিলাদের বিশ্বকাপের প্লে-অফের আগেই এই ইস্যুতে ফিফার উপর চাপ আরও বাড়তে পারে। ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
