আইএসএল
বেঙ্গালুরুর আক্রমণভাগে নতুন অস্ত্র, মন্টেনেগ্রোর পেরোভিচকে সই করাল ব্লুজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬-২৭ মরশুমের আগে দল গোছানোর কাজে আরও একধাপ এগোল বেঙ্গালুরু এফসি। মন্টেনেগ্রোর স্ট্রাইকার মিহাইলো পেরোভিচকে দলে নিল ব্লুজ। ইন্দোনেশিয়ার শীর্ষস্তরের ক্লাব পেরসেবায়া সুরাবায়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে বেঙ্গালুরুতে যোগ দিচ্ছেন ২৮ বছরের এই ফরোয়ার্ড।
নতুন মরশুমের জন্য এটি বেঙ্গালুরুর চতুর্থ বিদেশি সই। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে পেরোভিচের। সার্বিয়া, ইউক্রেন এবং স্লোভেনিয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার ক্লাব ফুটবলেও নিজের ছাপ রেখেছেন তিনি। গত মরশুমে ইন্দোনেশিয়ান সুপার লিগে পেরসেবায়ার হয়ে ২৮টি ম্যাচে ছ’টি গোল করেন এই মন্টেনেগ্রো তারকা।
শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের জার্সিতেও পেরোভিচের অভিজ্ঞতা রয়েছে। মন্টেনেগ্রোর হয়ে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন তিনি এবং একটি গোল রয়েছে তাঁর নামের পাশে।
পেরোভিচকে এনে বেঙ্গালুরু মূলত আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চাইছে। দলের ফরোয়ার্ড লাইনে ইতিমধ্যেই রয়েছেন ভারতীয় ফুটবলের অন্যতম বড় নাম সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস এবং এন শিবশক্তি। তাঁদের সঙ্গে পেরোভিচের সংযোজন বেঙ্গালুরুর আক্রমণে আরও বিকল্প তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। নতুন মরশুমে তাই পেরোভিচের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ব্লুজ সমর্থকদের।
আইএসএল
“আইএসএলে খেলাই ছিল বাবার একমাত্র স্বপ্ন” — ভ্যালাঙ্কা আলেমাও
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে খেলার স্বপ্ন দীর্ঘদিনের। এ বার সেই স্বপ্নই পূরণ হল চার্চিল ব্রাদার্সের। টাটা স্টিল মাত্র ১০০ টাকার নামমাত্র মূল্যে জামশেদপুর এফসির মালিকানা ও আইএসএলে খেলার স্পোর্টিং লাইসেন্স চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দেওয়ার পরই দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিল গোয়ার ঐতিহ্যশালী ক্লাব। চার দশকের বেশি ইতিহাস, একাধিক জাতীয় ট্রফি এবং দু’টি জাতীয় লিগ খেতাব রয়েছে চার্চিলের ঝুলিতে।
চার্চিল ব্রাদার্সের সিইও তথা মালিক চার্চিল আলেমাওয়ের মেয়ে ভ্যালাঙ্কা আলেমাও বলছেন, “কিছু যাত্রা যেন আগে থেকেই লেখা থাকে।” তাঁর কথায়, গত বছরের মার্চে আই-লিগের সময় থেকে শুরু হয়েছিল তাঁদের লড়াই। ২০২৫ সালের আই-লিগ জয়ের পরও নানা জটিলতায় আইএসএলে জায়গা নিশ্চিত হয়নি। আদালতের লড়াই, ক্রীড়া সালিশি আদালতে যাওয়া—সব পেরিয়ে অবশেষে সেই অধ্যায় শেষ। “বাবার চোখে আইএসএলে খেলার ক্ষুধা দেখতাম। এটাই ছিল তাঁর একমাত্র স্বপ্ন। এখন আমাদের লক্ষ্যও একটাই—শীর্ষে থাকা,” জানিয়েছেন ভ্যালাঙ্কা।
১৯৮৮ সালে আনুষ্ঠানিক ভাবে চার্চিল ব্রাদার্সের পথচলা শুরু হলেও আলেমাও পরিবার তারও বহু আগে থেকে ক্লাবটি চালাচ্ছে। প্রায় পাঁচ দশকের ফুটবল-সম্পর্ক তাঁদের। ২০০৮-০৯ এবং ২০১২-১৩ মরসুমে আই-লিগ জিতে ভারতসেরা হয়েছিল চার্চিল। জাতীয় লিগ ও আই-লিগ মিলিয়ে সাত বার রানার্সও হয়েছে তারা।
তবে চার্চিলের আইএসএল-যাত্রা এমন সময়ে, যখন ভারতীয় ফুটবল আর্থিক সমস্যায় জর্জরিত। অর্থসঙ্কটের কারণে জামশেদপুর সরে গিয়েছে। একাধিক ক্লাব নতুন বিনিয়োগকারী খুঁজছে, অনেকে খরচ কমাচ্ছে। তার মধ্যেই চার্চিলের দাবি, অর্থের সমস্যা সামলে দল গড়া হবে।
টাটা স্টিলের সঙ্গে চুক্তি অনুযায়ী জামশেদপুরের চুক্তিবদ্ধ ফুটবলার ও কোচিং স্টাফের আর্থিক দায়িত্বও নেবে চার্চিল। প্রায় ১২ জন ফুটবলার ছাড়াও কোচ ওয়েন কোয়েল এবং সহকারী কোচ আলেকজান্ডার স্টুয়ার্টের চুক্তি রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দল নিয়ে পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে জানিয়েছেন ভ্যালাঙ্কা। চুক্তি সম্মান করে খেলোয়াড় ও কোচরা থাকতে চাইলে তাঁদের রাখার কথাও স্পষ্ট করেছেন তিনি।
চার্চিলের লক্ষ্য স্পষ্ট—দেশীয় প্রতিভাকে গুরুত্ব দিয়ে শক্তিশালী ভারতীয় ও কার্যকর বিদেশি ফুটবলার নিয়ে দল গড়ে আইএসএলে শুধু অংশ নেওয়া নয়, ট্রফির জন্য লড়াই করা।
আইএসএল
ব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পূর্বনির্ধারিত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না এবারের ইন্ডিয়ান সুপার লিগ। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের পরেই শুরু হতে পারে দেশের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবল প্রতিযোগিতা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে পারে আইএসএলের ত্রয়োদশ আসর।
আগে ৪ সেপ্টেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোয় ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশেষ করে ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই ম্যাচের পরেই আইএসএল শুরু করার ভাবনা রয়েছে বলে খবর।
এর ফলে ক্লাবগুলির প্রস্তুতি এবং ফুটবলারদের আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গেও সূচি সামঞ্জস্যপূর্ণ রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে ১৫ অক্টোবরের তারিখটি এখনও চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরেই আইএসএলের নতুন সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।অর্থাৎ ৪ সেপ্টেম্বরের বদলে আরও প্রায় দেড় মাস পিছিয়ে যেতে পারে আইএসএলের কিক-অফ। ত্রয়োদশ আসর ঘিরে তাই এখন নজর নতুন সূচির সরকারি ঘোষণার দিকে।
আইএসএল
অংশগ্রহণ ফি বকেয়া, আইএসএলে ডায়মন্ড হারবারের খেলা নিয়ে প্রশ্ন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইএসএলে ডায়মন্ড হারবার এফসির অংশগ্রহণ নিয়ে তৈরি হল নতুন অনিশ্চয়তা। লিগে অংশগ্রহণকারী বাকি সব ক্লাব দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দিলেও এখনও সেই অর্থ দেয়নি বাংলার ক্লাবটি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আর্থিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তাদের আইএসএলে খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, প্রথম কিস্তির অংশগ্রহণ ফি-ও ডায়মন্ড হারবারকে আলাদা করে দিতে হয়নি। আইএফএল জয়ের পুরস্কারমূল্য থেকে সেই অর্থ এআইএফএফের তরফে সমন্বয় করে নেওয়া হয়েছিল। ফলে প্রথম কিস্তির টাকা নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা এখনও জমা না পড়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
আইএসএলে নতুন দল হিসেবে জায়গা করে নেওয়ার পর থেকেই ডায়মন্ড হারবারকে ঘিরে আগ্রহ ছিল যথেষ্ট। কিন্তু অংশগ্রহণ ফি নিয়ে তৈরি হওয়া এই জটিলতা এখন তাদের অভিষেককে অনিশ্চয়তার মুখে ফেলেছে। নির্ধারিত অর্থ দ্রুত জমা দেওয়া যায় কি না, তার উপরই অনেকটা নির্ভর করছে পরিস্থিতি।এখন এআইএফএফ কী সিদ্ধান্ত নেয় এবং ডায়মন্ড হারবার শেষ পর্যন্ত বকেয়া অর্থ মেটাতে পারে কি না, সেটাই দেখার। আপাতত আইএসএলের নতুন মরসুমে বাংলার এই ক্লাবের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল3 days agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল3 weeks agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
