Connect with us

ইস্টবেঙ্গল

উৎসবের আবহে বদলার কলকাতা ডার্বি! ব্যাকফুটে প্যানোস, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শহর জুড়ে পুজোর আমেজ। ঢাউস হোর্ডিং আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে তিলোত্তমা। তবে সেই আমেজকে ছাপিয়ে যাচ্ছে কলকাতা ডার্বির উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি হারের স্মৃতি এখনও টাটকা সবুজ-মেরুন শিবিরে। তাই এবার প্যানাজিওটিস দিলেম্পেরিসের কাছে বদলার বড় ম্যাচ।

অন্যদিকে, সম্মান বজায় রাখার লড়াই আন্তোনিও লোপেজ হাবাসের দলে। ইতিমধ্যেই সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। সেই আত্মবিশ্বাসের ছাপ কোচের চোখে-মুখেও স্পষ্ট। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ বলেন, “ফাইনালের জন্য আমরা ১০০ শতাংশ প্রস্তুত। প্রতিপক্ষ মোহনবাগানকে সম্মান জানিয়েই বলছি, আমার দলের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে।” ডুরান্ড কাপ ফাইনালে জয়ের প্রসঙ্গ টেনে হাবাস বলেন, “আগের ডার্বির সঙ্গে এই ম্যাচের কোনও মিল নেই। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমাদের সামনে এএফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।”

অন্যদিকে পিছিয়ে থেকেও প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। মাথার উপর সমূহ চাপ নিয়েও অবিচলিত থাকতে চাইছেন তিনি। মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে প্যানোস বলেন, “আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আমাদের দলস সাহাল, মনবীর, ছাংতের মত ফুটবলার আছে। প্রতিপক্ষের উচিৎ আমাদের নিয়ে ভাবা।” তিনি আরও বলেন, “কোনও কোচই চায় না ম্যাচ টাই-ব্রেকারে গড়াক। আশা রাখছি নব্বই মিনিটেই ম্যাচের নিষ্পত্তি হবে।” জেমি ম্যাকলারেনের অনুপস্থিতিতে ডার্বিতে আক্রমণের গুরুদায়িত্ব থাকবে লি এরউইনের উপর। প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন তিনি। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় এরউইন বলেন, “অন্য সব ম্যাচের মত এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ডার্বি নিয়ে আলাদা করে উত্তেজিত নই। তবে আমরা জেতার জন্য প্রস্তুত।”

আইএসএল

হাবাসের ভুল সিদ্ধান্তে ড্র ইস্টবেঙ্গলের

Published

on

সায়ন প্রামানিক,কলকাতাঃ ইস্টবেঙ্গল যখন নতুন মরসুম শুরু করেছিল, লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছিলেন, তাঁর দলের মূল লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে ভাল ফল করা। সেই প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে ইস্টবেঙ্গল। এএফসিতে মন দিতে গিয়ে, প্রথমে আইএফএ শিল্ড ফাইনালে হারে ইস্টবেঙ্গল। আর এখন আইএসএলেও পুরোপুরি খেই হারিয়ে ফেলার পথে গতবারের চ্যাম্পিয়নরা। শুক্রবারে এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচ যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। বৃষ্টিস্নাত যুবভারতীতে ম্যাচের ফলাফল হয় ২-২। দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে প্রত্যাবর্তন ঘটায় ইস্টবেঙ্গল। শুক্রবার লাল-হলুদের হয়ে গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা এবং একে লোবা। অন্যদিকে দিল্লির দুই গোলদাতা হলেন কার্লোস ফোর্টেস এবং আশুতোষ মেহতা।

তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করার জন্য যদি একমাত্র কেউ দায়ী হয়ে থাকেন তিনি হলেন স্বয়ং কোচ হাবাস। প্রায় গোটা ম্যাচ নিষ্প্রভ থাকা লুকাস জেলোনোস্কিকে তিনি কেন ৭৬ মিনিট অবধি বয়ে বেড়ালেন তা হয়তো শুধুমাত্র তিনিই জানেন। ম্যাচের শেষ কোয়ার্টারের শুরুতে হাবাস পরিবর্ত হিসাবে যখন ডেভিড, বিষ্ণু এবং লোবাকে নামালেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লোবা গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালেও, দলকে জেতানোর মত সময় আর পাননি। অন্যদিকে ম্যাচ চলাকালীন হাত ভেঙে, প্রায় দশ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এডমুন্ড। ফলে গুরুত্বপূর্ণ এএফসি এবং আইএসএলে কলকাতা ডার্বির আগে গতবারের চ্যাম্পিয়নরা যে আরও চাপে পড়ল তা বলাই বাহুল্য। পাশাপাশি কলকাতা ময়দানে যে কোনও কিছুই স্থায়ী নয় তা সকলেরই জানা। যদি হাবাস দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না করতে পারেন, সেক্ষেত্রে তাঁর উপরে চাপ আরও বাড়বে।

Continue Reading

ইস্টবেঙ্গল

ড্র করে ক্লান্তিকেই দুষলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ পর্বে মাস্ট উইন ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে ড্র করায় নকআউট পর্বে যাওয়ার লড়াই কঠিন হল লাল-হলুদের। এই ম্যাচ জিতলে পরের পর্বে যাওয়ার রাস্তা কিছুটা সহজ হত রামিরেজদের। দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

ম্যাচের পর হাবাস বলেন, “আমাদের দলের পারফরম্যান্স খারাপ হয়েছে। আমার মনে হয়, অতিরিক্ত ক্লান্তি আজকের ম্যাচে প্রভাব ফেলেছে। আমরা খেলার তীব্রতা ধরে রাখতে পারিনি। দ্রুত আক্রমণে ওঠার প্রক্রিয়াতেও ঘাটতি ছিল। ম্যাচের শুরুতে আমাদের পারফরম্যান্স ও খেলার তীব্রতা খুব ভাল ছিল। কিন্তু কলকাতার বাইরে দীর্ঘ সময় কাটানো এবং টানা এক সপ্তাহের সফরের ধকল সামলাতে হয়েছে। এখন দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচের আগে উন্নতি করতে হবে। আমি একশো শতাংশ নিশ্চিত, পরের ম্যাচে দল নিজেদের সেরা ছন্দে ফিরে আসবে।” প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, “ওদের পারফরম্যান্স ও খেলার তীব্রতা যথেষ্ট ভাল ছিল। ফলে আমাদের জন্য ম্যাচটা কঠিন হয়ে উঠেছিল।” দলের পরবর্তী লক্ষ্য নিয়ে হাবাসের বক্তব্য, “এখন আমাদের প্রধান লক্ষ্য বিশ্রাম নিয়ে পরের ম্যাচের জন্য তৈরি হওয়া। আমরা জিততে পারতাম, আরও ভাল খেলতে আমাদের লড়াই করতে হবে।”

তবে আল শর্টা ও আল হুসেইনের ম্যাচ ড্র হওয়ায় অবশ্য নতুন করে আশা দেখছে ইস্টবেঙ্গল। নকআউটে যেতে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে লাল-হলুদকে। আল সিব এবং আল হুসেইনের বিরুদ্ধে ঘরের মাঠে খেললেও আল শর্টার বিরুদ্ধে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাশিদদের সামনে ।

Continue Reading

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

Trending