ক্রিকেট
রাহুলের শতরান, শতরান হাতছাড়া করলেন গিল! তৃতীয় দিনে চালকের আসনে ভারত
সৌরভ রায়, ওয়েলিংটন: প্রথম দিনের ধাক্কা সামলে দ্বিতীয় দিনেই ম্যাচে ফিরেছিল ভারত। আর তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে চলে গেল শুভমন গিলের দল। কেএল রাহুলের দুরন্ত শতরান, দেবদত্ত পাডিক্কালের ৮০ রান এবং শুভমন গিলের ৯৮ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৪৮৬/৪। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত।
দিনের শুরুতে ১৫৯/১ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। আগের দিনের অপরাজিত ব্যাটার কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কাল শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করেন। দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন দু’জনে। ৮০ রান করে আউট হন পাডিক্কাল। অন্যদিকে ২৯০ বল খেলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। এই শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড— চার দেশেই টেস্ট শতরান করার নজির গড়লেন তিনি।
এরপর শুভমন গিল ও ঋষভ পন্থের জুটি নিউজিল্যান্ডের বোলারদের আরও চাপে ফেলে। তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন তাঁরা। মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন গিল। ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন ভারত অধিনায়ক। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ।
দুই দিন হাতে থাকলেও ম্যাচে অনেকটাই এগিয়ে ভারত। চতুর্থ দিনে লিড আরও বাড়িয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেট
দাপুটে শুরু ভারতের, ২৬ রানে গুটিয়ে গেল নেপাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানে ম্যাচ জিতল ভারতীয় যুব দল। লিস্ট এ ক্রিকেটে নেপালের এই রান পঞ্চম সর্বনিম্ন। পাশাপাশি ৩০৬ রানের জয় লিস্ট এ ক্রিকেটে ভারতের অষ্টম বৃহত্তম জয়।
দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩২ রান তোলে ভারত। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের রানকে বড় অঙ্কে পৌঁছে দেন তিলক বর্মা ও কুমার কুশাগ্র। দু’জনেই শতরান করেন। তিলকের সংগ্রহ ১০৭, কুশাগ্র করেন ১১৭ রান। শেষ দিকে সূর্যাংশ শেডগের ১৪ বলে ৩৬ রানের ইনিংস ভারতের স্কোর আরও বাড়ায়।
জবাবে নেপালের ব্যাটিং বিপর্যয় ঘটে। হর্ষিত রানা চারটি এবং প্রিন্স যাদব পাঁচটি উইকেট নিয়ে নেপালের ইনিংস শেষ করে দেন। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে।
ক্রিকেট
সিরাজকে বাদ দিয়ে চার পেসার! নির্বাচকদের সিদ্ধান্তে বিস্মিত গাভাসকর, উঠছে প্রশ্ন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম একাদশে মহম্মদ সিরাজের জায়গা না হওয়ায় বিস্মিত ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, সাম্প্রতিক পারফরম্যান্সে এমন কিছু দেখা যায়নি, যার জন্য সিরাজকে প্রথম একাদশের বাইরে রাখা যেতে পারে।
বৃহস্পতিবার বেসিন রিজার্ভে চার পেসার নিয়ে মাঠে নামে ভারত। যশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজ সুযোগ পেলেও দলে জায়গা হয়নি সিরাজের। অথচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই ম্যাচে ভারতের ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
ম্যাচের আগে গাভাসকর বলেন, শেষ কবে সিরাজ ভারতকে হতাশ করেছেন, তা মনে করা কঠিন। তাঁর কথায়, সিরাজের বোলিংয়ে ছন্দের অভাব নেই। সাম্প্রতিক পারফরম্যান্সেও তাঁকে বাদ দেওয়ার মতো কোনও কারণ চোখে পড়েনি। কেন তাঁকে প্রথম একাদশে রাখা হল না, তা বুঝতে পারছেন না তিনি। তবে সিরাজের পরিবর্তে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের নিজেদের প্রমাণ করার কথাও বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর মতে, ওয়েলিংটনের সবুজ পিচে অংশুল কম্বোজের নিয়ন্ত্রিত বোলিং এবং পিচ থেকে সিম মুভমেন্ট আদায় করার ক্ষমতা ভারতকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে সিরাজের মতো অভিজ্ঞ বোলারকে বাদ পড়তে দেখে হতাশ হওয়াটা স্বাভাবিক বলেও মনে করেন তিনি।
ক্রিকেট
পাঁচ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, প্রথম দিনেই শতরান নিকোলসের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দিনের শুরুতে দাপট ছিল ভারতের। কিন্তু দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে ঘুরিয়ে নিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮২ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই কিউয়ি ব্যাটিংয়ে ধস নামান জসপ্রীত বুমরা। তাঁর দাপটে একসময় মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। বুমরা একাই তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান আকাশ দীপ ও অংশুল কম্বোজ।
তবে সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। দু’জনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে যোগ হয় ১৭৩ রান। দুরন্ত ব্যাটিং করে শতরান পূর্ণ করেন নিকোলস। দিনের শেষে তিনি অপরাজিত ১১৩ রানে। অন্যদিকে, শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে ফিলিপস (৯৪*)।
প্রথমার্ধে ভারতীয় বোলারদের দাপট থাকলেও শেষ পর্বে সম্পূর্ণ ব্যর্থ তাঁরা। দ্বিতীয় দিনের শুরুতে এই জুটি ভাঙাই এখন ভারতের প্রধান লক্ষ্য।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল6 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল6 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
