ক্রিকেট
রাহুলের শতরান, শতরান হাতছাড়া করলেন গিল! তৃতীয় দিনে চালকের আসনে ভারত
সৌরভ রায়, ওয়েলিংটন: প্রথম দিনের ধাক্কা সামলে দ্বিতীয় দিনেই ম্যাচে ফিরেছিল ভারত। আর তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে চলে গেল শুভমন গিলের দল। কেএল রাহুলের দুরন্ত শতরান, দেবদত্ত পাডিক্কালের ৮০ রান এবং শুভমন গিলের ৯৮ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৪৮৬/৪। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত।
দিনের শুরুতে ১৫৯/১ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। আগের দিনের অপরাজিত ব্যাটার কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কাল শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করেন। দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন দু’জনে। ৮০ রান করে আউট হন পাডিক্কাল। অন্যদিকে ২৯০ বল খেলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। এই শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড— চার দেশেই টেস্ট শতরান করার নজির গড়লেন তিনি।
এরপর শুভমন গিল ও ঋষভ পন্থের জুটি নিউজিল্যান্ডের বোলারদের আরও চাপে ফেলে। তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন তাঁরা। মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন গিল। ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন ভারত অধিনায়ক। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ।
দুই দিন হাতে থাকলেও ম্যাচে অনেকটাই এগিয়ে ভারত। চতুর্থ দিনে লিড আরও বাড়িয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
