Connect with us

আন্তর্জাতিক ফুটবল

প্রতিপক্ষের ডেরায় আত্মবিশ্বাসে ভরপুর আল আরবি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উধাও। নীল আকাশের গায়ে ভাসা মেঘ প্রকৃতির খামখেয়ালিপনা জানান দিচ্ছে। কিন্তু আল আরবির ফুটবলাররা মাঠে নামতেই প্রবল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর প্রিলিমিনারি রাউন্ডে মাঠে নামার আগে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত কুয়েতের ক্লাবটি। কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের পাঁচদিন আগেই শহরে পা রেখেছে আল আরবি। তুরস্কে তিন সপ্তাহের প্রস্তুতি শিবির সম্পন্ন করে চারটি প্রীতি ম্যাচও খেলেছে তারা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে পরাস্ত করে এসিএল টু-এর মূল পর্বে জায়গা করে নিতে প্রস্তুত কুয়েতের এই ক্লাবটি। প্রতিপক্ষের প্রসঙ্গে গোরান সাবলিচ বলেন, “ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। বিশেষ করে নিজেদের মাঠে খেললে তাদের শক্তি আরও বৃদ্ধি পায়। তবে আমরা আত্মবিশ্বাসী, লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠের সুবিধা পাবে লাল-হলুদ ব্রিগেড। তবুও গ্যালারির শব্দব্রহ্মকে ভয় পাচ্ছে না আল আরবি। সাংবাদিক সম্মেলনে আল আরবির ফুটবলার এমানুয়েল ইওয়ালা বলেন, “ফুটবলে দর্শক ও সমর্থকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই ঘরের মাঠে খেলার সুবিধা ও সমর্থন ইস্টবেঙ্গলের থাকবে। কিন্তু সেই চাপ সামলানোর মতো মানসিকতা ও অভিজ্ঞতা আমাদের রয়েছে। আগামীকাল গ্যালারিভর্তি দর্শকের সামনে নিজেদের সেরাটা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।” এদিন শেষ মুহুর্তের অনুশীলন বিপক্ষের ডেরায় রণক্ষেত্রের জমি মাপলেন আল আরবির ফুটবলাররা। প্রয়োজনীয় রণকৌশল আগেই তৈরি করে ফেলেছেন দলের হেড কোচ গোরান সাবলিচ।

আন্তর্জাতিক ফুটবল

ঐতিহাসিক রাতে ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিহাসের মঞ্চে লড়াইটা শেষ পর্যন্ত ভারতের পক্ষে কঠিনই হল। শনিবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ০-৪ গোলে হারল ভারত। তবে বড় ব্যবধানে হারলেও ম্যাচের শুরুতে সাহসী ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে খালিদ জামিলের দল।
প্রথম ২৫ মিনিট ভারত বেশ সংগঠিত ছিল। জমাট রক্ষণে ব্রাজিলের আক্রমণ আটকে রেখে পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিলেন মনবীর সিং, রায়ান উইলিয়ামসরা। কিন্তু ২৮ মিনিটে এস্তেভাও ডান দিক থেকে ভিতরে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রো ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর জায়গায় নামা স্যামুয়েল লিনোই হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ৫৮ মিনিটে পেদ্রোর পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের জোড়া পূর্ণ করেন লিনো।
ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু প্রথমার্ধে ভিনিসিয়ুসের কয়েকটি প্রচেষ্টা আটকালেও দ্বিতীয় গোলের ক্ষেত্রে তাঁর ভুল ব্রাজিলকে বড় সুবিধা দেয়। তবু ভারতীয় দলের লড়াই, বিশেষ করে ম্যাচের শুরুর দিকের রক্ষণাত্মক সংগঠন, এই ঐতিহাসিক ম্যাচ থেকে কিছু ইতিবাচক দিক তুলে দিয়েছে।
ফলাফল ভারতের পক্ষে না গেলেও ব্রাজিলের বিরুদ্ধে প্রথম সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে রইল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কলকাতায় পা রাখার আগেই পেলে এবং মোহনবাগানকে নিয়ে বিশেষ বার্তা ব্রাজিলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিলের বিরুদ্ধে ভারতের বহু প্রতীক্ষিত ম্যাচের আগে কলকাতায় পেলের স্মৃতি উসকে দিল ব্রাজিল ফুটবল। কলকাতায় পা রাখার আগেই নিজেদের সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ৪৯ বছর আগে ফুটবলের রাজা পেলের এই শহরে আসার কথা স্মরণ করল তারা। বিশেষ করে মোহনবাগানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচের উল্লেখ করেছে ব্রাজিল।
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলজীবনের শেষ পর্বে নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে কলকাতার মাটিতে পা রেখেছিলেন পেলে। তাঁকে এক ঝলক দেখতে সেদিন বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। এরপর ইডেন গার্ডেন্সে ঐতিহ্যশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ফুটবলের কিংবদন্তি।
ব্রাজিলের বার্তায় বলা হয়েছে, পেলের উপস্থিতিকে কেন্দ্র করে গোটা শহর কার্যত উৎসবে মেতে উঠেছিল। কিংবদন্তিকে দেখতে ইডেন গার্ডেন্সে দর্শকদের ঢল নেমেছিল। ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। পেলে সেই ম্যাচে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবের্তো তোরেসও।
প্রায় পাঁচ দশক পর ফের ব্রাজিল কলকাতায়। আর সেই ম্যাচের আগে পেলের স্মৃতি স্মরণ করে ফুটবলপ্রেমীদের আবেগ আরও উসকে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কোচের সঙ্গে সংঘাত, পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো! অবসরের জল্পনা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পর্তুগাল শিবিরে আচমকাই তৈরি হয়েছে বিতর্ক। কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে অনুশীলন শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—এমনই দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর পাশাপাশি, পর্তুগাল জাতীয় দলের হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
নরওয়ে ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে আগেই আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল, তিনি কি আর জাতীয় দলের জার্সিতে খেলবেন? পরিস্থিতি আরও জটিল হয় জেসুসের মন্তব্যের পর। পর্তুগালের কোচ স্পষ্ট করে জানান, দলের খেলোয়াড়দের কখন খেলাবেন বা কতক্ষণ মাঠে রাখবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। কোনও ফুটবলার তাঁর সিদ্ধান্ত বদলাতে পারবেন না।
যদিও জেসুস দাবি করেছিলেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, চোটের কারণে আগের দিন রোনাল্ডো অনুশীলন করেননি, তবে পরের দিন তিনি অনুশীলনে যোগ দেবেন।
কিন্তু বাস্তবে রোনাল্ডোকে অনুশীলনে দেখা যায়নি। বরং কয়েক মিনিটের মধ্যেই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের একটি কালো ভ্যানে করে পার্কেন স্টেডিয়াম থেকে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। ফলে রোনাল্ডোর জাতীয় দল-ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

Continue Reading

Trending