ক্রিকেট
শ্রীলঙ্কা সিরিজে ধাক্কা, ছিটকে গেলেন সুদর্শন, দলে সরফরাজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে সরফরাজ খানকে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সুদর্শনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডান পায়ের আঙুলে স্ট্রেস রিঅ্যাকশনের কারণে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন সুদর্শন। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম।
সুদর্শনের পরিবর্ত হিসেবে সরফরাজকে বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকেরা। তাঁর সঙ্গে শাইক রশিদের নামও আলোচনায় ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কারণেই শেষ পর্যন্ত সরফরাজের উপর আস্থা রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ছ’টি টেস্ট খেলেছেন সরফরাজ। তাঁর সংগ্রহ ৩৭১ রান, গড় ৩৭.১০। রয়েছে তিনটি অর্ধশতরান। শ্রীলঙ্কার মাটিতে মাঝের সারিতে তাঁর উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিং বিকল্প আরও শক্তিশালী করবে।
এ দিকে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ছ’উইকেটে জয় পেয়েছে ভারত। ২০৭ রানের লক্ষ্য ৪৫ ওভারে চার উইকেট হারিয়ে তুলে নেয় তারা। যশস্বী জয়সবাল ৪৬ বলে ৬১ রান করেন এবং শুভমন গিল করেন ৪৪। দু’জনে মিলে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। ঋষভ পন্থ করেন ২৮ এবং ধ্রুব জুরেল ১৭ রান। শেষে মাত্র ১৫ বলে ৩২ রান করে ঝড় তোলেন মহম্মদ সিরাজ।
প্রথম ইনিংসে দেবদত্ত পাড়িক্কালের অপরাজিত ১৪২, রবীন্দ্র জাডেজার ৬৩ এবং মানব সুতারের ৪১ রানের সৌজন্যে ৩৫৭/৬ ডিক্লেয়ার করেছিল ভারত।
আগামী ১৫ অগস্ট গল-এ শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সুদর্শনের অনুপস্থিতিতে সরফরাজকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নতুন করে প্রথম একাদশের সমীকরণ সাজাতে হবে।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে কোয়ার্টারে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে হবে ভারত-আফগানিস্তান শেষ আটের লড়াই। শনিবার নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় পুল ‘এ’-র সমীকরণ। গ্রুপের শীর্ষে থেকে নেপাল এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। অন্য দিকে, জাপানের অভিযান শেষ হয়ে যায়।
নিসিনে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে চার উইকেটে ১৪৯ রান তোলে নেপাল। কিন্তু জাপানের ইনিংস শুরু হওয়ার আগেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। ফলে নেপাল পুল ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে এবং আফগানিস্তান পায় কোয়ার্টার ফাইনালের টিকিট।
নেপালের ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন সন্দীপ জোরা এবং লোকেশ বাম। ১০ ওভারে চার উইকেটে ৮৪ রান থেকে দলকে বড় রানে পৌঁছে দেন তাঁরা। তিন নম্বরে নেমে জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। বাম আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। ছক্কা ছয়টি, চার একটি।
এর আগে নেপালকে দ্রুত শুরু এনে দেন আসিফ শেখ। ১৫ বলে ২১ রান করে জোরা-র সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে নেপালের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। কুশল ভুর্তেল, কুশল মাল্লা এবং গুলসান ঝা একক অঙ্কের রানেই ফিরে যান।
ফলে ১৫ ওভারে ১৫০ রানের কঠিন লক্ষ্য নিয়ে নামার কথা ছিল জাপানের। কিন্তু তাঁদের রান তাড়া শুরু হওয়ার আগেই বৃষ্টি ম্যাচের ভাগ্য লিখে দেয়। পরিত্যক্ত হয় ম্যাচ।
এই ফলেই পুল ‘এ’-র শীর্ষে উঠে নেপাল। দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে যায়। জাপানের এশিয়ান গেমস অভিযান শেষ হয়ে যায়।
টুর্নামেন্টে অবশ্য জাপান বেশ কিছু ইতিবাচক মুহূর্ত তৈরি করেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিল তারা। এশিয়ান গেমসের আগে ভারতের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লড়াই করেছিল জাপান। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব শেষ পর্যন্ত তাদের পিছনে ফেলে দেয়।
এ বার ভারতের সামনে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালের দরজা খুলবে ভারতের সামনে।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: হরমনপ্রীতদের হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে সোনার পদক দিয়ে অভিযান শুরু করল ভারত। মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এনে দিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। পাওয়ার প্লে-তেই ভারত বিনা উইকেটে ৬৭ রান তুলে নেয়। শেফালি ২৯ বলে ৪৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। স্মৃতি মন্ধানা করেন ৪৫ বলে ৭৯ রান, যার মধ্যে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা।
শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ভারতের রান ২০০ পার করে দেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১৭ বলে ১৯ রান।
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ইমিশা দুলানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শেফালি। পরের ওভারে হাসিনি পেরেরাকেও শূন্য রানে ফেরান তিনি। অধিনায়ক চামারি আতাপাত্তু কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯ রানে দীপ্তি শর্মার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিং দ্রুত ভেঙে পড়ে।
ভারতের চার স্পিনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। দীপ্তি শর্মা ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। শ্রী চরণি নেন দু’টি উইকেট। শেফালি বর্মা ও শ্রেয়াঙ্কা পাটিলও দু’টি করে উইকেট পান।
এই জয়ের ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা নিশ্চিত হয়। একই সঙ্গে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে।
ক্রিকেট
জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই সম্ভবনাই সত্যি হল। প্রতিকূল আবহাওয়ার জেরে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায়, ওভার কমে দাঁড়ায় ৫। কিন্তু পাঁচ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানের বিরুদ্ধে ২ রানে জয় পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জাপানের বিরুদ্ধে মাঠে নেমেছিল মেন ইন ব্লুজ। ঐতিহাসিক ম্যাচ ঘিরে শুরু থেকেই উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লড়াই করেও হার শিকার করল জাপান।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সুযোগ ছিল জাপানের উপর বড় রানের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়ার। কিন্তু জাপানি ঘুর্ণিতে বিপর্যস্ত হয়ে কোনঠাসা হয়ে পড়েন ভারতীয় ব্যাটাররা। নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে ভারত। ভারতের হয়ে একমাত্র বড় রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৬)। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও, জয় তুলে নিতে পারেনি জাপান। শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ৮ রান, অক্ষর প্যাটেলের ঘুর্নিতেই বিপর্যস্ত হয়ে পড়ে জাপান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই শেষ হয় তাদের ইনিংস, ফলে ২ রানে জয় পায় ভারত।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল1 month agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
