আইএসএল
শহরে এলেন সামির, মোহনবাগানের মাঝমাঠে নতুন ভরসা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মোহনবাগানের নতুন মরসুমের প্রস্তুতিতে যোগ দিতে শহরে চলে এলেন সামির জেলিকোভিচ। আজ সকালেই কলকাতায় পা রাখেন ২৮ বছর বয়সী বসনিয়াক ডিফেন্সিভ মিডফিল্ডার। গত মরসুমে প্রথম বার ভারতে এসে পাঞ্জাব এফসির হয়ে নজর কেড়েছিলেন তিনি। আইএসএলে ১৩টি ম্যাচে দু’টি গোলও করেছিলেন সামির।
এবার তাঁর ঠিকানা সবুজ-মেরুন। মাঝমাঠে রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভেঙে খেলা তৈরি করার দায়িত্বও থাকবে সামিরের কাঁধে। ফলে নতুন মরসুমে মোহনবাগানের মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করবে এই বসনিয়াক ফুটবলারের পারফরম্যান্সের উপর।
ভারতীয় ফুটবলে প্রথম মরসুমেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সামির। সেই পারফরম্যান্সের পর তাঁকে দলে নিয়ে মাঝমাঠের রক্ষণাত্মক জায়গাটি আরও শক্তিশালী করতে চাইছে মোহনবাগান। কলকাতায় এসে এ বার নতুন সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে দলের প্রস্তুতিতে যোগ দেওয়াই তাঁর লক্ষ্য। নতুন মরসুমে সবুজ-মেরুনের মাঝমাঠে সামির কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার।
