ফুটবল
মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। ‘মিজো ফ্ল্যাশ’ নামে পরিচিত ২৯ বছর বয়সি ফুটবলার গত চার মরসুম মুম্বই সিটি এফসি-র অন্যতম ভরসা ছিলেন। দুরন্ত গতি, উইং ভেঙে ভিতরে ঢুকে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি গড়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন আইএসএল লিগ-শিল্ড। ভারতের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৯ গোল।
চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের স্বপ্ন মোহনবাগানের জার্সি পরে খেলা। ছোটবেলা থেকেই ভাবতাম, কলকাতায় খেলতে এলে মোহনবাগানেই খেলব। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের জন্যই মোহনবাগানকে বেছে নিয়েছি। এখানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”
নতুন দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী ছাংতে। তাঁর কথায়, “এই দলে মনবীর, লিস্টনের মতো তারকা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই প্রথম একাদশে জায়গা পাকা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” কলকাতা ডার্বি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ছাংতের বক্তব্য, “ছোটবেলা থেকেই ডার্বি দেখে বড় হয়েছি। মাঠভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি, ডার্বি জেতার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। শুধু ডার্বি নয়, এই দল সব ট্রফি জেতার ক্ষমতা রাখে।”
