ফুটবল
জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের, নিজেদেরই সেরা দল মানছেন প্যানাজিওটিস
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়েই নকআউটে পা রেখেছে মোহনবাগান। তিন ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা ১৫। পয়েন্ট হোক বা গোল পার্থক্যের নিরিখে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তবে শেষ দুই ম্যাচে ফুটবলারদের সুযোগ নষ্টের সংখ্যাটা ক্রমবর্ধমান। যদিও তা নিয়ে একেবারেই চিন্তিত নন বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানছি অনেক গোলের সুযোগ নষ্ট হয়েছে। এই ব্যাপারটা আমরা এড়িয়ে যেতে পারি না। মনবীর এবং লিস্টন ক্রমাগত গোলের জন্য চেষ্টা করেছে। ওদের প্রচেষ্টাকে কুর্নিশ। আশা করছি সময় যত যাবে ওরা আরও নিখুঁত পারফর্ম করবে।” চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষার সামনে পড়তে হয়নি প্যানাজিওটিসের দলকে। নকআউটই আসল চ্যালেঞ্জ। অকুতোভয় বাগান কোচ বললেন, “মোহনবাগানের থেকে ভাল দল কেউ নেই। আমরাই সেরা দল।”
অন্যদিকে, হ্যাটট্রিক করে হারানো আত্মবিশ্বাস ফিরে এলেন সাহাল আব্দুল সামাদ। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে একগুচ্ছ গোলের সুযোগ নষ্ট করেছিলেন। এদিন বাগানের জয়ের নায়ক তিনি। ম্যাচ শেষে সাহাল বলেন, “আগের ম্যাচে অনেকগুলো সুযোগ নষ্ট হয়েছিল। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পেরে ভাল লাগছে। আমাদের লড়াইটা শুরু হয় অনুশীলন থেকে। জিতি বা হারি, একটা দল হিসাবেই ঐক্যবদ্ধ আমরা।”
