ফুটবল
FIFA WC 2026: স্প্যানিশ রূপকথায় মেসিদের স্বপ্ন ছারখার করে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন…
সৌরভ রায়, নিউ জার্সি: বিশ্বকাপের ইতিহাসে বোধহয় সবচেয়ে একপেশে ফাইনাল ম্যাচটা দেখল নিউ জার্সি। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। স্পেনের পরিকল্পিত ফুটবল আর নিখুঁত পাসিংয়ে কার্যত ছারখার হয়ে গেল আর্জেন্টিনা। আর স্প্যানিশ রক্ষণের সামনে ভোঁতা হয়ে গেলেন লিওনেল মেসি। মোট ১২০ মিনিট মিলিয়ে হাতে গোনা বল পেলেন তিনি। অন্যদিকে, ড্যানি ওলমো, ফেরান টোরেসদের আক্রমণের চাপে আত্মসমর্পণ করে আর্জেন্টাইন রক্ষণ। একা লড়াই করেন এমিলিয়ানো মার্টিনেজ। একের পর এক গোলার মত শট বাঁচিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান টোরেসের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। গোটা ম্যাচে একটিও গোলমুখী শট নিতে পারেনি আর্জেন্টিনা। ফলস্বরূপ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করেছিল স্পেন। ৫ মিনিটে প্রথম গোলের সুযোগ নষ্ট করে স্পেন। ওলমোর দেওয়া নিখুঁত পাস গোলমুখে ঠেলে দিয়েছিলেন ইয়ামাল। পরিত্রাতা হয়ে ওঠেন এমিলিয়ানো মার্টিনেজ। পরের মিনিটে প্রায় একই সুযোগ গোলে ঠেলতে ব্যর্থ হন ইয়ামাল। স্পেন আক্রমণের রেশ কাটতে না কাটতেই এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসে আর্জেন্টিনার কাছে। গোল ছেড়ে বেড়িয়ে এসে মেসির আক্রমণ ভোঁতা করে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। মাঝমাঠে বলের দখল রেখে আক্রমণের চেষ্টা চালিয়ে যায় স্পেন। অন্যদিকে, প্রতি আক্রমণে ভর করেই গোলের চেষ্টা চালিয়ে যায় আর্জেন্টিনা। যদিও বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া প্রথমার্ধে একেবারেই নিস্প্রভ দেখাল আর্জেন্টিনাকে। ৩৯ মিনিটে স্পেনের আরও একটা পরিকল্পিত আক্রমণ আর্জেন্টাইন রক্ষণে বাধা পায়। ওয়ারজাবালের মাটি ঘেঁষা শট মার্টিনেজের হাতেই জমা পড়ে। ৪৩ মিনিটে কুকুরেয়ার দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ চলে আসে স্পেনের কাছে। কিন্তু অ্যালেক্স বায়নার দুর্বল শট সহজেই তালুবন্দি করেন মার্টিনেজ। ৬৪ মিনিটে ড্যানি ওলমোর জোরালো শট রুখে দিয়ে আরও একবার দলের পতন রোধ করেন মার্টিনেজ। মিনিট তিনেক পরেই ফেরান টোরেসের হেডার মার্টিনেজের হাতেই জমা পড়ে। পরের মিনিটেই ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এনজো ফার্নান্ডেজকে। শেষ মুহুর্তে ইয়ামালের ফ্রি কিক শরীর ছুঁড়ে রুখে দেন মার্টিনেজ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে ডেডলক ভাঙলেও ফাউলের কারণে গোল বাতিল হয়। তবে এই ফাউল নিয়ে বিতর্ক থাকবেই। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান টোরেসের গোলে ডেডলক ভাঙে। নিকো উইলিয়ামসের নামিয়ে দেওয়া হেডারটা টোরেসের পা ছুঁয়ে সজোরে জালে আছড়ে পড়ে। শেষ কয়েক মিনিট মরণকামড় দিয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।
আইএসএল
আইএসএলের আগে দল গোছাচ্ছে নর্থইস্ট, বেঙ্গালুরু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরশুমের আগে বিদেশি ফুটবলার সই করানোর দৌড়ে বড় চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেড এক বছরের চুক্তিতে দলে নিল স্প্যানিশ ফরোয়ার্ড এথিয়ান গনসালেসকে। কাতারের মুয়াইথার এসসি থেকে আসা ২৪ বছর বয়সি এই ফুটবলার ২০২৬-২৭ মরশুমে হাইল্যান্ডার্সদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। শেষ মরশুমে কাতারে দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
অন্যদিকে, তৃতীয় ডিভিশনের স্প্যানিশ ক্লাব এডি আলকরকন থেকে অভিজ্ঞ মিডফিল্ডার বোরহা মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু এফসি। ৩২ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড অতীতে হারকিউলেস, এস্পানিওল, এলচে, কালচারাল লেওনেসা এবং আলকরকনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দলেও ছিলেন তিনি। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সমান স্বচ্ছন্দ বোরহা।
বেঙ্গালুরু কোচ পেপ মুনিয়োজ বলেন, “বোরহাকে আমরা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের খেলার ধরনে ওর ফুটবল পুরোপুরি মানানসই। ওর আগমন দলকে আরও শক্তিশালী করবে।” নতুন দুই স্প্যানিশ ফুটবলারের আগমনে আসন্ন আইএসএল মরশুমের আগে দুই ক্লাবই নিজেদের স্কোয়াডকে আরও ধারালো করে তুলল।
ফুটবল
বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, মঞ্চমাতালেন শাকিরা থেকে ম্যাডোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন মহারণের আগে ফুটবল যেন কয়েক ঘণ্টার জন্য জায়গা ছেড়ে দিয়েছিল বিশ্ব বিনোদন জগতকে। নিউ ইয়র্ক–নিউ জার্সির স্টেডিয়ামে তৈরি হয় এক অভূতপূর্ব আবহ, যেখানে সংগীত, সিনেমা ও ক্রীড়া—তিন জগতের মহাতারকারা একই মঞ্চ ভাগ করে নিলেন।
ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জেনিফার হাডসন। এরপর একে একে মঞ্চে আসেন পোস্ট ম্যালোন, রবি উইলিয়ামস, লরা পাউসিনি এবং নিকোল শেরজিঙ্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিউড তারকা টম ক্রুজ এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। স্টেডিয়ামের বিশাল পর্দায় তাঁদের দেখা মাত্রই দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরতির হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার বোলের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। মঞ্চ কাঁপান ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয় এবং বিটিএস। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’ পরিবেশনের সময় গোটা স্টেডিয়াম গলা মেলায় শিল্পীদের সঙ্গে। জাস্টিন বিবারের পরিবেশনা এবং শাকিরার নাচ সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি হাততালি কুড়িয়ে নেয়।
গ্যালারিতেও ছিল তারকাদের ভিড়। ম্যাট ডেমন, টম ক্রুজ, ম্যাডোনা-সহ একাধিক আন্তর্জাতিক তারকা উপস্থিত থেকে উপভোগ করেন ফুটবলের মহারণ।
ফুটবল
FIFA WC 2026: বিশ্বকাপ ফাইনালে হেরেও গর্বিত স্কালোনি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাতারে বিশ্বজয় করলেও এবার নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে হেরে অধরাই থেকে গেল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের কাছে এই পরাজয়ে বিশ্বকাপ হাতছাড়া হলেও পুরোপুরি ভেঙে পড়েননি আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর মতে, ফাইনালের মতো মঞ্চে সবটুকু দিয়ে রানার্স-আপ হওয়াটাও অত্যন্ত গর্বের বিষয়।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে। মাঠে আমরা সর্বস্ব নিংড়ে দিয়েছি। যারা আরও এক বার দেশকে ফাইনালে তুলেছে, তাদের সকলকে অভিনন্দন। ওরা শেষ পর্যন্ত লড়াই করেছে। জিতলেও আমরা দারুণ দল ছিলাম, হেরে গেলেও আমরা দারুণ দলই থাকব।” তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আরও যোগ করেন, “জিততেই নেমেছিলাম, তাই সকলে হতাশ। কিন্তু মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও ফল বিপক্ষে গেলে ভেঙে পড়ার কিছু নেই। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়, অন্য কোনও পথ নেই।”
লিয়োনেল মেসির ভবিষ্যৎ এবং অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “মেসির বয়স এখন ৩৯ বছর, যা অবিশ্বাস্য। ওর কাছ থেকে নতুন করে আমার আর কিছু বের করার নেই। মেসি যত দিন চায় খেলে যেতে পারে। সমস্ত সমর্থক ও সতীর্থরা ওর পাশেই থাকবে। ও যা অর্জন করেছে, তাতে ও-ই নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”
সংবাদ সম্মেলনে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে নিজের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি থাকতে চান। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিশ্বকাপে স্পেনের কাছে পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া হলেও, লড়াই চালিয়ে যাওয়ার জন্য নিজের খেলোয়াড়দের ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের প্রতি পুরো সমর্থন ও গর্ব প্রকাশ করেন স্কালোনি।
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট1 month agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 month agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
