ফুটবল
২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ ভারতে আয়োজনে ফেডারেশনের পাশে আছে কেন্দ্র। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০৩১ সালে ভারতে এএফসি এশিয়ান কাপ আয়োজনের ছাড়পত্র পেতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যদিও ভারত ছাড়াও প্রতিযোগিতা আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, ইন্দোনেশিয়া, কুয়েত এবং দক্ষিণ কোরিয়াও। এছাড়াও কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানও আগ্রহী এই প্রতিযোগিতা আয়োজন করতে।
শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া এএফসি-র ৩৫তম কংগ্রেস কর্মসমিতির বৈঠকের পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, “একটি দেশের ক্রীড়া বাস্তুতন্ত্র ও পরিকাঠামোয় এই বড় মানের প্রতিযোগিতার আয়োজন একটা বড় প্রভাব ফেলে। এর ফলে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদাও বৃদ্ধি পাবে।” এছাড়াও ২০৩১ এএফসি এশিয়ান কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেও। তিনি বলেন, “সরকার পাশে থাকায় ২০৩১ এএফসি এশিয়ান কাপ আয়োজনের ক্ষেত্রে আনন্দিত এআইএফএফ। এখানেই ভারতের জায়গাটা দেখানোর সবথেকে বড় সুযোগ রয়েছে। তার আগে হাতে সময় কম থাকার কারণে ২০২৭ এএফসি এশিয়ান কাপ আয়োজন করা আমাদের পক্ষে একটু সমস্যার ছিল। যেই কারণে এবারে আমাদের লক্ষ্য রয়েছে ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ প্রতিযোগিতার আয়োজন করা।”
ফুটবল
মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। ‘মিজো ফ্ল্যাশ’ নামে পরিচিত ২৯ বছর বয়সি ফুটবলার গত চার মরসুম মুম্বই সিটি এফসি-র অন্যতম ভরসা ছিলেন। দুরন্ত গতি, উইং ভেঙে ভিতরে ঢুকে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি গড়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন আইএসএল লিগ-শিল্ড। ভারতের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৯ গোল।
চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের স্বপ্ন মোহনবাগানের জার্সি পরে খেলা। ছোটবেলা থেকেই ভাবতাম, কলকাতায় খেলতে এলে মোহনবাগানেই খেলব। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের জন্যই মোহনবাগানকে বেছে নিয়েছি। এখানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”
নতুন দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী ছাংতে। তাঁর কথায়, “এই দলে মনবীর, লিস্টনের মতো তারকা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই প্রথম একাদশে জায়গা পাকা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” কলকাতা ডার্বি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ছাংতের বক্তব্য, “ছোটবেলা থেকেই ডার্বি দেখে বড় হয়েছি। মাঠভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি, ডার্বি জেতার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। শুধু ডার্বি নয়, এই দল সব ট্রফি জেতার ক্ষমতা রাখে।”
ফুটবল
DURAND CUP 2026: গোল বন্যায় ডুরান্ড অভিযান শুরু নর্থইস্টের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩৫তম ডুরান্ড কাপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গত দুই বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বড়োল্যান্ড এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল হুয়ান পেদ্রো বেনালির দল। ইন্দোনেশিয়ার ক্লাব থেকে ফিরে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক আলাদিন আজারাই।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন আলাদিন। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলাদিন। তিন মিনিট পর, ৭১ মিনিটে রিদিম তলাং স্কোরলাইন ৪-০ করেন। ম্যাচের ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আলাদিন। যোগ করা সময়ে (৯০+১) ডায়মন্ড হারবার এফসি থেকে সদ্য যোগ দেওয়া আন্তোনিও ময়ানো অভিষেক ম্যাচেই গোল করে ৬-০ ব্যবধান নিশ্চিত করেন।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নর্থইস্ট ইউনাইটেড। গত দুই মরসুমের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে স্পষ্ট ছিল শিরোপা ধরে রাখার বার্তা। অন্যদিকে, বড়োল্যান্ড এফসি গোটা ম্যাচেই নর্থইস্টের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।
ইস্টবেঙ্গল
সেরাদের সম্মানিত করল ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ১৯২০ সালে প্রতিষ্ঠার পর ১০৭ বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল উৎসবের আবহ। প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও বিশেষ কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্লাব আধিকারিক, সদস্য ও সমর্থকেরা।সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের প্রধান কোচ আন্তোনিও হাবাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা।
অনুষ্ঠানে সম্মানিত করা হয় গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রসেনজিতের হাতে ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ তুলে দেন হাবাস। উদ্বোধনী ভাষণে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “যতই তুফান আসুক, নৌকা ডুবে যাবে, কিন্তু মশাল জ্বলতে থাকবে।” পাশাপাশি হাবাসের নেতৃত্বে আরও ট্রফি জয়ের আশাও প্রকাশ করেন তিনি। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “শুধু আইএসএল নয়, ইস্টবেঙ্গল সব লিগ ও ট্রফি জিতুক।”
এদিন ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁদের আজীবন সদস্যপদও দেয় ক্লাব। সম্মান গ্রহণ করে সঞ্জীব সান্যাল পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রীতম বলেন, ছোটবেলায় কখনও মাঠে, কখনও রেডিওয় ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপর তিনি গানও পরিবেশন করেন। এছাড়া জীবনকৃতি সম্মান পান বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আনোয়ার আলি ও সাথী দেবনাথ, সেরা কোচ বিনো জর্জ এবং এমার্জিং প্লেয়ার এডমুন্ড লালরিনডিকা। সব মিলিয়ে লাল-হলুদ আবেগে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল নজরুল মঞ্চ।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
