Connect with us

ফুটবল

FIFA WC 2026: মানজাম্বি-ভার্গাসের দাপটে জয় সুইসদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত গোলশূন্য। মনে হচ্ছিল শক্ত লড়াইয়ের শেষে হয়তো মূল্যবান এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু শেষ ১৬ মিনিটে যেন জমে থাকা সব রোমাঞ্চ একসঙ্গে উজাড় করে দিল সুইজারল্যান্ড। যোগ করা সময়সহ শেষ মুহূর্তে চার গোলের ঝড় তুলে ৪-১ ব্যবধানে জয় তুলে নিল মুরাত ইয়াকিনের দল।

বিশ্বকাপের ২৬তম ম্যাচে বৃহস্পতিবার রাতে বসনিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সুইসরা। এক পয়েন্ট নিয়ে তলানিতে বসনিয়া। অন্যদিকে একটি করে ম্যাচ খেলে কাতার ও কানাডার ঝুলিতে রয়েছে এক পয়েন্ট।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো আসা বসনিয়া প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ড্র করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষেও শুরু থেকে দারুণ লড়াই করে সার্গেই বারবারেজের দল।

শুরুর দিকেই আক্রমণের ঝড় তোলে সুইসরা। ১০ মিনিটে ড্যান এনদোয়ের নিচু শট পাশের জাল কাঁপায়। ১৩ মিনিটে গ্রানিত জাকার রক্ষণচেরা পাস থেকে ড্যান রিডারের বাড়ানো বলে সহজ সুযোগ নষ্ট করেন এনদোয়ে। এরপরও একাধিক আক্রমণে বসনিয়ার রক্ষণ ব্যতিব্যস্ত করে তোলেন তিনি। ২৩ মিনিটে রেমো ফ্রয়লারের দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে যায়।

৩২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বসনিয়া। তরুণ আলাজবেগোভিচের পাস থেকে এডিন জেকো বল পেলেও তাঁর বাড়ানো পাস কাজে লাগানোর মতো কেউ ছিলেন না। ৪০ মিনিটে জেকোর নিশ্চিত শট শেষ মুহূর্তে ব্লক করেন ম্যানুয়েল আকাঞ্জি। চার মিনিট পর কোলাসিনাচ ও আলাজবেগোভিচের আক্রমণও সামলে নেয় সুইস রক্ষণ।

বিরতির পর ৫১ মিনিটে আকাঞ্জির লম্বা পাস ধরে এনদোয়ে গোলের সামনে পৌঁছে গেলেও গোলরক্ষক নিকোলা ভাসিলজ দুর্দান্ত সেভে দলকে বাঁচান। ৬৯ মিনিটে দেদিচের বাঁকানো শট রুখে দেন সুইস গোলরক্ষক।

অবশেষে ৭৪ মিনিটে বদলি দুই খেলোয়াড়ের যুগলবন্দিতে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবেন ভার্গাসের বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন জোহান মানজাম্বি। ৮৫ মিনিটে এমবোলোর পাস থেকে কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন ভার্গাস।

৯০ মিনিটে আবারও ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মানজাম্বি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এরমিন মাহমিচ ব্যবধান কমালেও চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন অধিনায়ক গ্রানিত জাকা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্বস্তির হাসি সুইস শিবিরে। দেরিতে জ্বলে ওঠা সুইজারল্যান্ড দেখিয়ে দিল, সুযোগ পেলে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে তারা এক মুহূর্তও সময় নেয় না।

আইএসএল

আপুইয়াকে ঘিরে দুশ্চিন্তা, প্রস্তুতিতে খুঁত রাখছে না মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডার্বির জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ঠিকই, কিন্তু পরের ম্যাচের আগে নতুন চিন্তা ঢুকে পড়েছে মোহনবাগান শিবিরে। ৪ আগস্ট সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছেন দলের অন্যতম ভরসা লালদেংমাওইয়া রালতে, অর্থাৎ আপুইয়া। বুধবার অনুশীলন শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে মাঠ ছেড়েছিলেন তিনি। রবিবারও মাঠে উপস্থিত থাকলেও বুট পরে অনুশীলনে নামেননি। সূত্র মারফত খবর পুরন হ্যামস্টিংয়ের চোট আবার নতুন করে ফিরে এসেছে আপুইয়ার। চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা না যায়নি। সোমবার অনুশীলনের আগে ডাক্তাররা দেখে জানাবেন কত তাড়াতাড়ি সুস্থ হতে পারেন তিনি। তবে সাউথ ইউনাইটেড ম্যাচে তাকে খেলানোর ঝুঁকি নেবেন না নতুন কোচ প্যানোস।
যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এদিনও ছিল ব্যস্ত প্রস্তুতি। পাশের মূল মাঠে তখন চলছিল মহামেডান স্পোর্টিং ও সমলেশ্বরীর ম্যাচ। বিরতির সময় বিপুল সংখ্যক দর্শক প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে ভিড় করতেই পরিস্থিতি বদলে যায়। অনুশীলনের সরঞ্জাম দর্শকদের খুব কাছাকাছি থাকায় সঙ্গে সঙ্গেই স্থান পরিবর্তনের নির্দেশ দেন কোচ প্যানাজিওটিস ডিলেম্পেরিস। নতুন জায়গায় সরঞ্জাম সাজিয়ে আবার শুরু হয় প্রস্তুতি। দর্শকদের ভিড় কমার আগে ফুটবলারদের শুধুই হালকা দৌড় করানো হয়।
এরপর আক্রমণ ও রক্ষণভাগকে আলাদা করে বিশেষ অনুশীলন করান কোচিং স্টাফ। ফরোয়ার্ডদের শট নেওয়ার দক্ষতা ঝালিয়ে নেওয়ায় জোর দেওয়া হয়, অন্যদিকে ডিফেন্ডারদের করানো হয় ক্লিয়ারেন্স এবং পজিশনিংয়ের অনুশীলন। শেষপর্যন্ত পুরো দলকে দু’ভাগে ভাগ করে ছোট আকারের ম্যাচও খেলানো হয়।
সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিদেশি ফুটবলার ডেজান দ্রাজিচ এবং আলবার্তোর অভিষেক হতে পারে। আপুইয়া শেষ পর্যন্ত না খেলতে পারলে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন দীপক টাংরি। বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি চলছে সবুজ-মেরুন শিবিরে। তবে সেই পরিকল্পনার মাঝেই আপুইয়ার চোট এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ।

Continue Reading

ফুটবল

মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। ‘মিজো ফ্ল্যাশ’ নামে পরিচিত ২৯ বছর বয়সি ফুটবলার গত চার মরসুম মুম্বই সিটি এফসি-র অন্যতম ভরসা ছিলেন। দুরন্ত গতি, উইং ভেঙে ভিতরে ঢুকে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি গড়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন আইএসএল লিগ-শিল্ড। ভারতের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৯ গোল।

চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের স্বপ্ন মোহনবাগানের জার্সি পরে খেলা। ছোটবেলা থেকেই ভাবতাম, কলকাতায় খেলতে এলে মোহনবাগানেই খেলব। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের জন্যই মোহনবাগানকে বেছে নিয়েছি। এখানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”

নতুন দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী ছাংতে। তাঁর কথায়, “এই দলে মনবীর, লিস্টনের মতো তারকা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই প্রথম একাদশে জায়গা পাকা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” কলকাতা ডার্বি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ছাংতের বক্তব্য, “ছোটবেলা থেকেই ডার্বি দেখে বড় হয়েছি। মাঠভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি, ডার্বি জেতার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। শুধু ডার্বি নয়, এই দল সব ট্রফি জেতার ক্ষমতা রাখে।”

Continue Reading

ফুটবল

DURAND CUP 2026: গোল বন্যায় ডুরান্ড অভিযান শুরু নর্থইস্টের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩৫তম ডুরান্ড কাপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গত দুই বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বড়োল্যান্ড এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল হুয়ান পেদ্রো বেনালির দল। ইন্দোনেশিয়ার ক্লাব থেকে ফিরে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক আলাদিন আজারাই।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন আলাদিন। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলাদিন। তিন মিনিট পর, ৭১ মিনিটে রিদিম তলাং স্কোরলাইন ৪-০ করেন। ম্যাচের ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আলাদিন। যোগ করা সময়ে (৯০+১) ডায়মন্ড হারবার এফসি থেকে সদ্য যোগ দেওয়া আন্তোনিও ময়ানো অভিষেক ম্যাচেই গোল করে ৬-০ ব্যবধান নিশ্চিত করেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নর্থইস্ট ইউনাইটেড। গত দুই মরসুমের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে স্পষ্ট ছিল শিরোপা ধরে রাখার বার্তা। অন্যদিকে, বড়োল্যান্ড এফসি গোটা ম্যাচেই নর্থইস্টের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।

Continue Reading

Trending