ASIAN GAMES
উদ্বোধনের আগেই এশিয়ান গেমসে ভারতের সাফল্য, সেমিফাইনালে হরমনপ্রীতরা
ASIAN GAMES 2026: রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের মূল আসর শুরু হওয়ার আগেই সাফল্যের মুখ দেখছে ভারত। মহিলা ক্রিকেটে জাপানকে আট উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ভারতের জয়ের ভিত তৈরি করে দেন শ্রী চরনি। তাঁর ১০ রানে চার উইকেটের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে যায় জাপানের ইনিংস। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি বর্মা। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করে মাত্র পাঁচ ওভারেই ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
তেকবলেও পদকের দোরগোড়ায় ভারত। মহিলাদের সিঙ্গলসে কুইমসি জোয়াকিম দৌসা প্রথম ম্যাচে জাপানের ইউইনা সাকামোতোকে ২-১ হারান। প্রথম গেমে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরেন তিনি। এরপর কম্বোডিয়ার কোয়েমিয়ান ডাইকে ২-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ আটেও জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন দৌসা। ফলে তেকবলে ভারতের প্রথম পদক নিশ্চিত করতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে তাঁকে।
পুরুষদের সফট টেনিস দলও গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। তবে শেষ আটে ইন্দোনেশিয়ার কাছে ০-২ হেরে থেমে যায় তাদের পথচলা।
খেলার সাফল্যের মাঝেই অব্যবস্থার মুখে পড়েন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। নাগোয়ায় পুরুষ কোচ অশোক মিশ্রের সঙ্গে একই ঘর বরাদ্দ হওয়ায় আপত্তি জানান তাঁরা। আইওয়ের হস্তক্ষেপে পরে আলাদা ঘর মিললেও বুকিংয়ে নামের ভুল থাকায় আরও ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত রাত দুটো নাগাদ হোটেল পান কোচ।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে কোয়ার্টারে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে হবে ভারত-আফগানিস্তান শেষ আটের লড়াই। শনিবার নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় পুল ‘এ’-র সমীকরণ। গ্রুপের শীর্ষে থেকে নেপাল এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। অন্য দিকে, জাপানের অভিযান শেষ হয়ে যায়।
নিসিনে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে চার উইকেটে ১৪৯ রান তোলে নেপাল। কিন্তু জাপানের ইনিংস শুরু হওয়ার আগেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। ফলে নেপাল পুল ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে এবং আফগানিস্তান পায় কোয়ার্টার ফাইনালের টিকিট।
নেপালের ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন সন্দীপ জোরা এবং লোকেশ বাম। ১০ ওভারে চার উইকেটে ৮৪ রান থেকে দলকে বড় রানে পৌঁছে দেন তাঁরা। তিন নম্বরে নেমে জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। বাম আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। ছক্কা ছয়টি, চার একটি।
এর আগে নেপালকে দ্রুত শুরু এনে দেন আসিফ শেখ। ১৫ বলে ২১ রান করে জোরা-র সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে নেপালের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। কুশল ভুর্তেল, কুশল মাল্লা এবং গুলসান ঝা একক অঙ্কের রানেই ফিরে যান।
ফলে ১৫ ওভারে ১৫০ রানের কঠিন লক্ষ্য নিয়ে নামার কথা ছিল জাপানের। কিন্তু তাঁদের রান তাড়া শুরু হওয়ার আগেই বৃষ্টি ম্যাচের ভাগ্য লিখে দেয়। পরিত্যক্ত হয় ম্যাচ।
এই ফলেই পুল ‘এ’-র শীর্ষে উঠে নেপাল। দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে যায়। জাপানের এশিয়ান গেমস অভিযান শেষ হয়ে যায়।
টুর্নামেন্টে অবশ্য জাপান বেশ কিছু ইতিবাচক মুহূর্ত তৈরি করেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিল তারা। এশিয়ান গেমসের আগে ভারতের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লড়াই করেছিল জাপান। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব শেষ পর্যন্ত তাদের পিছনে ফেলে দেয়।
এ বার ভারতের সামনে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালের দরজা খুলবে ভারতের সামনে।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে ২৮ বছর পর ভারোত্তোলনে পদক, রুপো জিতলেন মীরাবাই
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নাগোয়ায় বুধবার ইতিহাস গড়লেন মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি (স্ন্যাচে ৮৭ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি) তুলে রুপোর পদক জিতলেন ভারতীয় তারকা। এর ফলে এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের দীর্ঘ ২৮ বছরের পদক-খরা কাটল। ১৯৯৮ সালে ব্যাংককে কর্ণম মল্লেশ্বরী রুপো জেতার পর এটাই ভারতের প্রথম এশিয়ান গেমস ভারোত্তোলন পদক।
মীরাবাইয়ের কেরিয়ারে এত দিন একটি বড় শূন্যতা ছিল এশিয়ান গেমসের পদক। অলিম্পিক্সে রুপো, বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা এবং কমনওয়েলথ গেমসে একাধিক সাফল্য থাকলেও এশিয়ান গেমসে তাঁর ঝুলিতে ছিল না কোনও পদক। নাগোয়ায় সেই আক্ষেপ মুছে গেল।
মীরাবাইয়ের এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ লড়াই। রিও অলিম্পিক্সে কোনও বৈধ লিফট করতে পারেননি তিনি। পাঁচ বছর পরে টোকিওয় রুপো জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও পদকের অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু চতুর্থ হয়ে শেষ করতে হয়েছিল তাঁকে।
নাগোয়ায় অবশ্য আর ভুল করেননি ৩২ বছরের মীরাবাই। সাত প্রতিযোগীর মধ্যে সবচেয়ে বেশি বয়সী হয়েও নিজের অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত রুপো নিশ্চিত করেন তিনি।
সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং-গুম। মোট ২০৫ কেজি তুলে এশিয়ান গেমসে টানা তৃতীয় বার সোনা জিতলেন তিনি। ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক দিয়ানি ত্রি ১৯১ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে হতাশ করলেন মনু ভাকের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে পদক হাতছাড়া হল মনু ভাকেরের। বুধবার মহিলাদের এই ইভেন্টের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন ভারতের তারকা শুটার। যোগ্যতা পর্বে ৫৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। কিন্তু ফাইনালে ১৮তম শটের পর ১৮১.১ পয়েন্টে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। ফলে অলিম্পিক্সে যে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন, এশিয়ান গেমসে সেই ইভেন্টে পদক পেলেন না মনু।
এই ইভেন্টে ভারতের এষা সিংহ ৫৭২ পয়েন্ট নিয়ে ১৫তম এবং সুরুচি সিংহ ৫৬৮ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে শেষ করেন। কেউই ফাইনালে উঠতে পারেননি। দক্ষিণ কোরিয়ার চু গিউন সোনা জিতেছেন। রুপো ও ব্রোঞ্জ গিয়েছে চিনের দুই শুটারের দখলে।
তবে এশিয়ান গেমসে মনুর অভিযান এখানেই শেষ নয়। ২৫ মিটার এয়ার পিস্তলেও নামবেন তিনি। গত বার এই ইভেন্টেই সোনা জিতেছিলেন মনু।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল3 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
