আন্তর্জাতিক ফুটবল
দ্বিতীয় সুপার কাপ জয় পিএসজির
রে স্পোর্টজের প্রতিবেদন: নতুন মরশুমের শুরুতেই সাফল্যের মুখ দেখল পিএসজি। অস্ট্রিয়ার সালজবুর্গে বুধবার রাতে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার উয়েফা সুপার কাপ জিতল গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল। পিএসজির হয়ে গোল করেন খাভিচা কাভারাসখেলিয়া ও দেজিরে দুয়ে। ভিলার একমাত্র গোলটি করেন ১৭ বছরের ব্রায়ান মাদজো।
২০ মিনিটে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে পিএসজিকে এগিয়ে দেন কাভারাসখেলিয়া। ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল, কিন্তু নুনো মেন্দেসের দুর্দান্ত বলে পা ছোঁয়াতে পারেননি পিএসজির কেউ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে জন ম্যাকগিনের ক্রস থেকে নিখুঁত শটে সমতা ফেরান মাদজো।বিরতির পর ম্যাচ জমে ওঠে। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় দুই দল। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে পিএসজিকে ফের এগিয়ে দেন দেজিরে দুয়ে। শেষ পর্যন্ত সেই গোলই এনে দেয় ট্রফি।
বল দখলে পিছিয়ে থাকলেও ভিলা ১৪টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। পিএসজির নয় শটের পাঁচটি ছিল লক্ষ্যভেদী। এই নিয়ে মাত্র তিন বছরে পিএসজির হয়ে ১৩টি শিরোপা জিতলেন লুইস এনরিকে।
আন্তর্জাতিক ফুটবল
ব্রাজিল ম্যাচের জন্য ফিফা আসিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যে আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য আসন্ন সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোয় ইন্দোনেশিয়ায় হতে চলা উদ্বোধনী ফিফা আসিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত। এআইএফএফ ইতিমধ্যেই ফিফাকে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে। যদিও দুই প্রতিযোগিতার ম্যাচের দিন আলাদা এবং দু’টি পৃথক দল নিয়ে খেলার পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে ‘টেকনিক্যাল সমস্যা’র কথা জানিয়ে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত।
আসিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের। তিন দলই ভারতের সমপর্যায়ের বা কিছুটা এগিয়ে। ফলে এই ম্যাচগুলি জাতীয় দলের জন্য কঠিন পরীক্ষার পাশাপাশি নিজেদের শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারত। সেই সুযোগই এ বার হাতছাড়া হল। ভারতের জায়গায় বাংলাদেশকে নেওয়ার বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর।
এর বদলে ব্রাজিল ম্যাচের আগে আরও একটি বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের ভাবনা সামনে এসেছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে কেপ ভার্দের নাম। সদ্য বিশ্বকাপে নজর কাড়া এই দলের বিরুদ্ধে ম্যাচ হলে স্বাভাবিক ভাবেই দর্শকদের আগ্রহ বাড়বে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ব্রাজিল বা কেপ ভার্দের মতো দলের বিরুদ্ধে খেলার রোমাঞ্চের জন্য কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে বাস্তব প্রতিযোগিতামূলক পরীক্ষাই বিসর্জন দেওয়া হল? ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।
আন্তর্জাতিক ফুটবল
প্রতিপক্ষের ডেরায় আত্মবিশ্বাসে ভরপুর আল আরবি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উধাও। নীল আকাশের গায়ে ভাসা মেঘ প্রকৃতির খামখেয়ালিপনা জানান দিচ্ছে। কিন্তু আল আরবির ফুটবলাররা মাঠে নামতেই প্রবল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর প্রিলিমিনারি রাউন্ডে মাঠে নামার আগে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত কুয়েতের ক্লাবটি। কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচের পাঁচদিন আগেই শহরে পা রেখেছে আল আরবি। তুরস্কে তিন সপ্তাহের প্রস্তুতি শিবির সম্পন্ন করে চারটি প্রীতি ম্যাচও খেলেছে তারা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে পরাস্ত করে এসিএল টু-এর মূল পর্বে জায়গা করে নিতে প্রস্তুত কুয়েতের এই ক্লাবটি। প্রতিপক্ষের প্রসঙ্গে গোরান সাবলিচ বলেন, “ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। ম্যাচটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। বিশেষ করে নিজেদের মাঠে খেললে তাদের শক্তি আরও বৃদ্ধি পায়। তবে আমরা আত্মবিশ্বাসী, লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠের সুবিধা পাবে লাল-হলুদ ব্রিগেড। তবুও গ্যালারির শব্দব্রহ্মকে ভয় পাচ্ছে না আল আরবি। সাংবাদিক সম্মেলনে আল আরবির ফুটবলার এমানুয়েল ইওয়ালা বলেন, “ফুটবলে দর্শক ও সমর্থকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই ঘরের মাঠে খেলার সুবিধা ও সমর্থন ইস্টবেঙ্গলের থাকবে। কিন্তু সেই চাপ সামলানোর মতো মানসিকতা ও অভিজ্ঞতা আমাদের রয়েছে। আগামীকাল গ্যালারিভর্তি দর্শকের সামনে নিজেদের সেরাটা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।” এদিন শেষ মুহুর্তের অনুশীলন বিপক্ষের ডেরায় রণক্ষেত্রের জমি মাপলেন আল আরবির ফুটবলাররা। প্রয়োজনীয় রণকৌশল আগেই তৈরি করে ফেলেছেন দলের হেড কোচ গোরান সাবলিচ।
আন্তর্জাতিক ফুটবল
ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক, ‘পরিকল্পিত প্রচেষ্টা’র অভিযোগ ফিফার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক অভিযোগ এবং ইউরোপীয় ফুটবলের সঙ্গে ফিফার সংঘাত—সব মিলিয়ে চাপে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার সরাসরি পাল্টা আক্রমণে ফিফা। তাদের দাবি, সভাপতির নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ সামনে আনা হচ্ছে।সম্প্রতি উয়েফায় ইনফান্তিনোর মহাসচিব থাকাকালীন এক মহিলা কর্মীকে দেওয়া বিদায়ী অর্থ এবং তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।
ইনফান্তিনো অভিযোগগুলি অস্বীকার করেন। উয়েফা অর্থপ্রদানের বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, তৎকালীন নিয়ম মেনেই তা করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।ফিফার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতির প্রতি সদস্য দেশগুলির সমর্থন এখনও অটুট।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা সভাপতি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাদের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন।”
অভিযোগ নিয়ে ফিফার সতর্কবার্তা, “জল্পনা ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আর কোনও অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।”
এরই মধ্যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে উয়েফার সঙ্গে সংঘাত আরও বেড়েছে। প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো ঘিরে ফিফার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় সংস্থা। প্রতিযোগিতা বয়কটের হুমকিও পুরোপুরি প্রত্যাহার হয়নি।তবে ইনফান্তিনো একা নন। কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন, মেক্সিকো এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী ফুটবল প্রশাসন তাঁর পাশে রয়েছে। ফিফার দাবি, নেতৃত্বে কোনও পরিবর্তন হলে সেটিও সংবিধান মেনেই হতে হবে।
ব্যক্তিগত অভিযোগ ও ইউরোপীয় বিরোধ—দুই ফ্রন্টেই লড়াই চলছে ইনফান্তিনোর। আপাতত তাঁর পাশে দাঁড়িয়ে ফিফা স্পষ্ট বার্তা দিয়েছে, সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু বিভ্রান্তিকর প্রচার নয়।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল3 weeks agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
