Connect with us

ফুটবল

মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। ‘মিজো ফ্ল্যাশ’ নামে পরিচিত ২৯ বছর বয়সি ফুটবলার গত চার মরসুম মুম্বই সিটি এফসি-র অন্যতম ভরসা ছিলেন। দুরন্ত গতি, উইং ভেঙে ভিতরে ঢুকে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি গড়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন আইএসএল লিগ-শিল্ড। ভারতের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৯ গোল।

চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের স্বপ্ন মোহনবাগানের জার্সি পরে খেলা। ছোটবেলা থেকেই ভাবতাম, কলকাতায় খেলতে এলে মোহনবাগানেই খেলব। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের জন্যই মোহনবাগানকে বেছে নিয়েছি। এখানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”

নতুন দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী ছাংতে। তাঁর কথায়, “এই দলে মনবীর, লিস্টনের মতো তারকা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই প্রথম একাদশে জায়গা পাকা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” কলকাতা ডার্বি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ছাংতের বক্তব্য, “ছোটবেলা থেকেই ডার্বি দেখে বড় হয়েছি। মাঠভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি, ডার্বি জেতার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। শুধু ডার্বি নয়, এই দল সব ট্রফি জেতার ক্ষমতা রাখে।”

ফুটবল

DURAND CUP 2026: গোল বন্যায় ডুরান্ড অভিযান শুরু নর্থইস্টের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩৫তম ডুরান্ড কাপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গত দুই বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বড়োল্যান্ড এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল হুয়ান পেদ্রো বেনালির দল। ইন্দোনেশিয়ার ক্লাব থেকে ফিরে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক আলাদিন আজারাই।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন আলাদিন। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলাদিন। তিন মিনিট পর, ৭১ মিনিটে রিদিম তলাং স্কোরলাইন ৪-০ করেন। ম্যাচের ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আলাদিন। যোগ করা সময়ে (৯০+১) ডায়মন্ড হারবার এফসি থেকে সদ্য যোগ দেওয়া আন্তোনিও ময়ানো অভিষেক ম্যাচেই গোল করে ৬-০ ব্যবধান নিশ্চিত করেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নর্থইস্ট ইউনাইটেড। গত দুই মরসুমের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে স্পষ্ট ছিল শিরোপা ধরে রাখার বার্তা। অন্যদিকে, বড়োল্যান্ড এফসি গোটা ম্যাচেই নর্থইস্টের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।

Continue Reading

ইস্টবেঙ্গল

সেরাদের সম্মানিত করল ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ১৯২০ সালে প্রতিষ্ঠার পর ১০৭ বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল উৎসবের আবহ। প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও বিশেষ কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্লাব আধিকারিক, সদস্য ও সমর্থকেরা।সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের প্রধান কোচ আন্তোনিও হাবাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা।

অনুষ্ঠানে সম্মানিত করা হয় গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রসেনজিতের হাতে ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ তুলে দেন হাবাস। উদ্বোধনী ভাষণে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “যতই তুফান আসুক, নৌকা ডুবে যাবে, কিন্তু মশাল জ্বলতে থাকবে।” পাশাপাশি হাবাসের নেতৃত্বে আরও ট্রফি জয়ের আশাও প্রকাশ করেন তিনি। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “শুধু আইএসএল নয়, ইস্টবেঙ্গল সব লিগ ও ট্রফি জিতুক।”

এদিন ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁদের আজীবন সদস্যপদও দেয় ক্লাব। সম্মান গ্রহণ করে সঞ্জীব সান্যাল পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রীতম বলেন, ছোটবেলায় কখনও মাঠে, কখনও রেডিওয় ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপর তিনি গানও পরিবেশন করেন। এছাড়া জীবনকৃতি সম্মান পান বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আনোয়ার আলি ও সাথী দেবনাথ, সেরা কোচ বিনো জর্জ এবং এমার্জিং প্লেয়ার এডমুন্ড লালরিনডিকা। সব মিলিয়ে লাল-হলুদ আবেগে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল নজরুল মঞ্চ।

Continue Reading

ফুটবল

CFL 2026: কাস্টমসের কাছে হার মোহনবাগানের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ম্যাচের বয়স তখন ৮৫ মিনিট পেড়িয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি স্পটে বল বসাচ্ছেন ক্যালকাটা কাস্টমসের পাঁচ নম্বর জার্সিধারী ফুটবলার রাহুল সোরেন। প্রমাদ গুনছে বাগান জনতা। মাথার উপর প্রবল চাপ নিয়েও ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিলেন রাহুল। উচ্ছ্বাসে ফেটে পড়ল কাস্টমসের ডাগআউট। হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অনুপস্থিতিতেও মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেল ক্যালকাটা কাস্টমস। অন্যদিকে, জঘন্য ফুটবল আর ভুরি ভুরি সুযোগ নষ্ট করে চলতি কলকাতা লিগে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান।

প্রথমার্ধে ক্যালকাটা কাস্টমসের রক্ষণে দাঁত ফোটাতেই পারেননি সুহেল ভাট, সায়ন ব্যানার্জিরা। মাঝমাঠে মোহনবাগানের অগোছালো ফুটবলের সুযোগ নিয়ে বিক্ষিপ্ত আক্রমণ তুলে আনে রাজীব বাগের দল। তবে গোলমুখ খুলতে পারেনি কেউই। ম্যাচের ৩ মিনিটের মাথায় সায়নের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩ মিনিটে গোলমুখ খোলার সুযোগ পেয়েছিল কাস্টমস। রাজেন ওরাওঁয়ের শট বাঁচিয়ে দেন দীপপ্রভাত ঘোষ। ২১ মিনিটে রাজেনের আরও একটা দূরপাল্লার শট রুখে দেন দীপপ্রভাত। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করেন মোহনবাগান কোচ বাস্তব রায়। মাঠে নেমেই বক্সের মধ্যে সহজ সুযোগ নষ্ট করেন সন্দীপ মালিক। মিনিট পাঁচেক পরেই রোহিতের ফ্রি কিক থেকে সুহেলের হেডার অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায়। ৫৬ মিনিটে ডান দিক থেকে বিভানের সেন্টারে মাথা ছুঁইয়েও গোলরক্ষকের হাতে বল জমা দেন সায়ন ব্যানার্জি। ৭৮ মিনিটে কাস্টমসের একটি গোল বাতিল হয়। অবশেষে ৮৪ মিনিটে বক্সের মধ্যে অপ্রয়োজনীয় হ্যান্ডবল করে কাস্টমসকে পেনাল্টি উপহার দেন রোশন সিং। স্পটকিক থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল সোরেন। মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্যালকাটা কাস্টমস।

Continue Reading

Trending