Uncategorized
UCL 2025/26: ড্র করেই মোনাকো বাঁধা টপকালো পিএসজি।
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: স্বদেশীয় ক্লাব মোনাকোর বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল পিএসজি। প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয়ের সুবাদে এক গোলের সুবিধা নিয়েই নিজেদের মাঠে নেমেছিল প্যারিসের ক্লাব। ড্র হলেই পরের পর্বে যাওয়া নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ২-২ ফলাফলে ম্যাচ শেষ করে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিল লুইস এনরিকের দল। তবে বিদায় নিলেও দুই লেগেই শক্ত প্রতিপক্ষকে কঠিন লড়াই ফিরিয়ে দিল মোনাকো।ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোনাকো। ডান প্রান্ত থেকে দুর্দান্ত বল বাড়ান আকলিউচে, কিন্তু স্ট্রাইকার কুলিবালির শট বারের উপর দিয়ে উড়ে যায়। প্রথমার্ধের একেবারে শেষ দিকে নিখুঁত ফিনিশে গোল করে দলকে এগিয়ে দেন আকলিউচে। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোনাকো।দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় পিএসজি। ৫৯ মিনিটে হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখেন কুলিবালি। দশ জনের মোনাকোকে পেয়ে ৬০ মিনিটে মারকুইনহোসের গোলে সমতা ফেরায় পিএসজি। ৬৬ মিনিটে হাকিমির শট রুখলেও ফিরতি বল জালে জড়ান কোয়ারাসখেলিয়া। অতিরিক্ত সময়ে তেজের গোলে ২-২ সমতা ফেরে। প্যারিস গোলরক্ষক সাফোনভ একাধিক দারুণ সেভ করেন। ডেসিরে ডুয়ে গোল না পেলেও নজর কারলেন দ্বিতীয় লেগেও। পরবর্তী পর্বে চেলসি অথবা বার্সেলোনার মুখোমুখি হতে পারে পিএসজি। শুক্রবারের ড্র-তেই তা স্পষ্ট হবে।
