Uncategorized
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যান ইউ, নায়ক কুনহা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে রোমাকে হারাল মাইকেল ক্যারিকের দল। জয়ের নায়ক জোড়া গোল করা মাতেউস কুনহা। তবে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচের শুরু থেকেই চমক দেয় রোমা। ১৭ মিনিটের মধ্যেই মাতিয়াস সুলে ও ডনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালির দলটি। বিরতির আগে গোলের ব্যবধান কমাতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের ছবি। কুনহাকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের প্রথম শট রুখে দেন রোমার গোলকিপার। তবে প্রতিপক্ষ ফুটবলারের বক্সে ঢুকে পড়ার কারণে ফের পেনাল্টি নেওয়ার সুযোগ পান ব্রুনো। দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি।
এর পর ব্রায়ান এমবুমোর শট দুই পোস্টে লেগে ফিরে আসে। ৮৩ মিনিটে ব্রুনোর ক্রস থেকে সমতা ফেরান কুনহা। তিন মিনিট পর শেই লেসির পাস ধরে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজ়িলীয় তারকা। তবে গোলের উচ্ছ্বাসে জার্সি খুলে দর্শকদের মধ্যে ঢুকে পড়ায় হলুদ কার্ড দেখেছিলেন কুনহা। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরলো মাইকেল ক্যারিকের। আপাতত চাকরি যাচ্ছে না তার।
