অন্যান্য খেলা
বিশ্বসেরা সময়ের লক্ষ্যে কলকাতায় লাসোই, খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ আজিমেরাওয়ের
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: কলকাতার বিশ্বসেরা সময়ের লক্ষ্যে ছুটবেন আন্তর্জাতিক স্তরের তারকারা। আগামী ২০ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণ। বিশ্ব অ্যাথলেটিক্সের গোল্ড লেবেল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কেনিয়ার ইসাইয়া কিপকোচ লাসোই এবং মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেগিতু আজিমেরাওকে ঘিরেই মূল আকর্ষণ।
হাফ ম্যারাথনে ৫৮ মিনিট ১০ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় রয়েছে লাসোইয়ের। চলতি বছর আমস্টারডাম ম্যারাথনে অভিষেকেই ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় করেছেন তিনি। ২০২৫ সালে বস্টন হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কোপেনহেগেন ও রাস আল খাইমা হাফ ম্যারাথনে তৃতীয় হয়েছিলেন। কলকাতায় প্রথমবার ২৫ কিলোমিটার দৌড়তে নামবেন তিনি। তাঁর সঙ্গে থাকছেন ২০২৪ সালের চ্যাম্পিয়ন উগান্ডার স্টিফেন কিসা, তানজানিয়ার গ্যাব্রিয়েল গেই এবং কেনিয়ার ব্রায়ান কিবোর আকোটির ও জেমস কিপকোগেই। মহিলাদের বিভাগে গতবার ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ডে খেতাব জিতেছিলেন আজিমেরাও। এ বার রেকর্ড ভাঙার লক্ষ্য তাঁর। লন্ডন ম্যারাথনে চতুর্থ হওয়া এই ইথিওপিয়ানকে চ্যালেঞ্জ জানাবেন কেনিয়ার ইভালিন চিরচির ও বিট্রিস জেপচিরচির। হাফ ম্যারাথনে চিরচিরের ব্যক্তিগত সেরা ১ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড। থাকছেন উগান্ডার স্টেলা চেসাং, গতবারের তৃতীয় মেসেলেক আলেমায়েহু এবং ইথিওপিয়ার মেসকেরেম মামোও।
পুরুষ ও মহিলা বিভাগে সমান পুরস্কারমূল্য। মোট ১ লক্ষ ৭৪ হাজার ২৯৬ মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় প্রথম তিনজন পাবেন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার ডলার। ইভেন্ট রেকর্ড ভাঙলে অতিরিক্ত ৮ হাজার ডলারের বোনাসও রয়েছে। ২০২৩ সালে ড্যানিয়েল সিমিউ এবেনিওর গড়া পুরুষদের ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড এবং সুতুমে আসেফা কেবেদির মহিলাদের ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ডের রেকর্ড এ বার চ্যালেঞ্জের মুখে।
