অন্যান্য খেলা
চিনকে রুখে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : শুরুটা জয় দিয়ে না হলেও লড়াইয়ের বার্তা দিয়েই মহিলা হকি বিশ্বকাপ ২০২৬ অভিযান শুরু করল ভারত। রবিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগেনার হকি স্টেডিয়ামে পুল ডি-র প্রথম ম্যাচে প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী চিনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ভারতীয় দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অষ্টম মিনিটে নাভনীত কৌরের গোলে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ইং ঝ্যাং সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ভারত। ২৫ মিনিটে দুরন্ত ড্র্যাগ-ফ্লিকে গোল করে ব্যবধান ২-১ করেন দীপিকা। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় চিন। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মা নিংয়ের শক্তিশালী ড্র্যাগ-ফ্লিকে ফের সমতা ফেরে। শেষ কোয়ার্টারেও একাধিক সুযোগ তৈরি করে চিন, কিন্তু ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া এবং রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল হয়নি।
ফলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ভারত। পুল ডি-তে পরের ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে।
