অন্যান্য খেলা
দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্ক, বিমানবন্দরে আটকে পি ভি সিন্ধু
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলার প্রভাব পৌঁছল দুবাই পর্যন্ত। সেই পরিস্থিতির মধ্যেই দুবাই বিমানবন্দরে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেনে খেলতে যাওয়ার পথে দুবাইয়ে নামেন তিনি। সেখানেই হঠাৎ তৈরি হয় আতঙ্কের পরিবেশ।
সমাজমাধ্যমে সিন্ধু লিখেছেন, পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও খারাপ হচ্ছিল। যে জায়গায় তিনি ও তাঁর কোচ আশ্রয় নিয়েছিলেন, তার খুব কাছেই বিস্ফোরণ ঘটে। তাঁর কথায়, কয়েক ঘণ্টা আগেও তাঁরা ওই জায়গাতেই ছিলেন। বিস্ফোরণের পর ধোঁয়া ও ধ্বংসাবশেষের খুব কাছে থাকায় তাঁর কোচকে দ্রুত দৌড়ে সরে যেতে হয়। পুরো ঘটনাই ছিল অত্যন্ত ভয়ংকর ও আতঙ্কের।
তিনি জানিয়েছেন, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও ভারতীয় হাই কমিশনের সাহায্যে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ মিলেছে। তবে সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা বন্ধ থাকায় ইংল্যান্ডগামী বিমান কবে ছাড়বে, তা এখনও অনিশ্চিত।
