অন্যান্য খেলা

CWG 2026: ঝান্ডু কুমারের ব্রোঞ্জে কমনওয়েলথ গেমসে ভারতের পদক অভিযান শুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দিনভর একের পর এক হতাশা, অল্পের জন্য পদক হাতছাড়া। শেষ পর্যন্ত প্যারা পাওয়ারলিফটিংয়ে ঝান্ডু কুমারের হাত ধরে কমনওয়েলথ গেমস ২০২৬-এ প্রথম পদকের মুখ দেখল ভারত। পুরুষদের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের পদক খাতা খুলে দিলেন বিহারের এই প্যারা অ্যাথলিট।
গ্লাসগোয় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৯০ কেজি ওজন সফলভাবে তুলে ১৩০.৯ পয়েন্ট অর্জন করেন ঝান্ডু। দ্বিতীয় প্রচেষ্টাতেই এই লিফট তাঁকে পদকের দৌড়ে এগিয়ে দেয়। তৃতীয় প্রচেষ্টায় ১৯৬ কেজি তুলতে ব্যর্থ হলেও ব্রোঞ্জ নিশ্চিত করতে কোনও সমস্যা হয়নি। ইংল্যান্ডের ম্যাথিউ হার্ডিং ও নাইজেরিয়ার রিলুওয়ান ইদ্রিস শেষ পর্যন্ত তাঁকে টপকে যেতে পারেননি।
ঝান্ডুর সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ সংগ্রামের কাহিনি। বিহারের নালন্দা জেলার হরনৌত গ্রামের বাসিন্দা তিনি। পাঁচ বছর বয়সে পোলিও আক্রান্ত হওয়ার পর পরিবারের সঙ্গে সবজি বিক্রি করেই জীবনের লড়াই শুরু। অর্থের অভাবে দীর্ঘদিন পর্যাপ্ত পুষ্টিও পাননি। পরে জীবিকা নির্বাহের জন্য বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ই-রিকশা কিনেছিলেন, যদিও করোনার সময় সেই পরিকল্পনাও ধাক্কা খায়। সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে কমনওয়েলথ গেমসের মঞ্চে পদক জিতে নজির গড়লেন তিনি।
দিনের শুরুতে অবশ্য ভারতের জন্য খুব সুখকর ছিল না। প্যারা সাঁতারে পুরুষদের এস-১৩ বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে কার্তিক বুদিগিনা চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। আলি ইমাম সপ্তম স্থানে শেষ করেন। পরে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনাল থেকে বিদায় নেন শ্রীহরি নটরাজও।
প্যারা পাওয়ারলিফটিংয়ের মহিলাদের বিভাগে কস্তুরি রাজামণি তিনটি প্রচেষ্টাতেই ব্যর্থ হয়ে পদক জিততে পারেননি। তার আগে লাইটওয়েট বিভাগে সুমন দেবী, জসপ্রীত কৌর, অশোক কুমার মালিক ও পরমজিৎ কুমারও পদক আনতে ব্যর্থ হন।
তবে বক্সিংয়ে শুভ সূচনা করেন যদুমণি সিং। পুরুষদের ৫৫ কেজি বিভাগের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের অ্যারন কুলেনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেন তিনি। লন বোলসে রূপা রানি তিরকি ও পিঙ্কি সিং জুটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। পুরুষদের সিঙ্গলসে পুতুল সোনোয়ালও দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট পর্বের আশা জিইয়ে রাখেন।
অন্যদিকে ভারতের জন্য বড় ধাক্কা আসে জুডোয়। ডোপিংবিধি সংক্রান্ত ‘হোয়্যারঅ্যাবাউটস’ নিয়ম তিনবার ভঙ্গ করায় জাতীয় ডোপিং বিরোধী সংস্থার (নাডা) অস্থায়ী নির্বাসনের মুখে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যান বার্মিংহাম গেমসের রুপোজয়ী তুলিকা মান।
সব মিলিয়ে দিনভর মিশ্র ফলাফলের শেষে ঝান্ডু কুমারের ব্রোঞ্জ ভারতের শিবিরে স্বস্তি ফিরিয়েছে। তাঁর হাত ধরেই গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক অভিযান শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version