অন্যান্য খেলা
‘চল দৌড়াই’ বার্তায় শহরজুড়ে প্রস্তুতি! ২৯ নভেম্বর শহরে জেবিজি কলকাতা ম্যারাথন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দৌড়প্রেমীদের জন্য বড় খবর। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬-এর ১১তম সংস্করণ। আয়োজকদের দাবি, এবার ১৫ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেবেন এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায়। পূর্ব ভারতের একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেল স্বীকৃত ফুল ম্যারাথন হিসেবেও বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আসর।
এই ম্যারাথনে থাকছে একাধিক বিভাগ—৪২.২ কিমি ফুল ম্যারাথন, ২১.১ কিমি হাফ ম্যারাথন, ১০ কিমি, ৫ কিমি দৌড়ের পাশাপাশি কসমপ্লে রান এবং বিশেষ ‘স্পেশাল হিরোজ’ ক্যাটাগরি। সকল স্তরের দৌড়বিদদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
এবারের ম্যারাথনে তারকাখচিত উপস্থিতি নজর কাড়ছে। ভারতের দ্রুততম মানুষ গুরিন্দরবীর সিংহ থাকছেন ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে। ফিটনেস আইকন মিলিন্দ সোমন হচ্ছেন অনুষ্ঠানের মুখ। এছাড়া প্যারালিম্পিক পদকজয়ী সুমিত অন্তিল, অভিনেত্রী ও ট্রায়াথলিট সায়ামি খের, ম্যারাথন বিজয়ী কার্তিক কারকেরা এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিতা কোনওয়ারও যুক্ত থাকছেন এই আয়োজনে। প্রাক্তন অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জের উপস্থিতিও বাড়তি আকর্ষণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে শহরজুড়ে ঐক্য ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। ইতিমধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কলকাতা প্রস্তুত এক বৃহৎ দৌড় উৎসবের সাক্ষী হতে।
