আন্তর্জাতিক ফুটবল
UCL 2025/26: অ্যাটলিটিকোকে চমকে ম্যাচ ড্র ব্রুজের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচ শুরুর আগে কাগজে-কলমে ফেভারিট ছিল অ্যাটলিটিকো মাদ্রিদ। শক্তিশালী স্কোয়াড, অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে স্প্যানিশ ক্লাব। কিন্তু মাঠের লড়াইয়ে যে হিসেব বদলে যেতে সময় লাগে না, তা আরও একবার প্রমাণ করে দিল ক্লাব ব্রুজ।
খেলা শুরুর মাত্র ৮ মিনিটেই পেনাল্টি পায় অ্যাটলিটিকো। সেখান থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্প্যানিশ দল। আক্রমণের ধার বজায় রেখে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুকমানের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে দেয় অ্যাটলিটিকো। মনে হচ্ছিল ম্যাচ একপেশেই হতে চলেছে।কিন্তু বিরতির পর বদলে যায় চিত্রনাট্য। ৫১ মিনিটে অন্যেডিকার গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ব্রুজ। মাত্র নয় মিনিট পর ট্রেসোল্ডির গোলে সমতায় ফেরে বেলজিয়ান দল। মুহূর্তে চাপে পড়ে যায় অ্যাটলিটিকো। ৭৯ মিনিটে অর্তনেজের আত্মঘাতী গোলে আবার ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশরা। তবু শেষ হাসি হাসতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে টিজোলিসের গোলে ৩-৩ সমতা ফেরায় ক্লাব ব্রুজ।
ড্র হলেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠে জিতে পরের রাউন্ডে উঠতে মরিয়া থাকবে অ্যাটলিটিকো। তবে এই লড়াই যে মোটেই সহজ হবে না, তার স্পষ্ট বার্তা দিয়ে রাখল ব্রুজ।
