আন্তর্জাতিক ফুটবল

UCL 2025/26: আটকে গেল আর্সেনাল, বড় জয় রিয়ালের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ‘পড়ে পাওয়া চোদ্দো আনা’ গোলেই মানরক্ষা আর্সেনালের। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল মিকেল আর্তেতার দল। ধারেভারে এগিয়ে থাকলেও ম্যাচে তার প্রতিফলন ঘটাতে পারলেন না সাকা, মার্টিনেলিরা। লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফিরতি লেগের লড়াই কঠিন করল আর্সেনাল। অন্যদিকে, ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে বড় ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করলেন ভালভার্দে। পাশাপাশি, পিএসজির কাছে ২-৫ গোলে চেলসির হার জমিয়ে দিল ইউসিএলের লড়াই। একই দিনে স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে বোডো/গ্লিমট।

বে-এরিনাতে লেভারকুসেনের ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল জার্মান ফুটবল ক্লাবটির। প্রথম ২০ মিনিটে একটি শটও তারা লক্ষ্যে রাখতে পারেনি আর্সেনাল। যদিও ১৯ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেলি। গোলের সুযোগ তৈরি করতে পারেনি লেভারকুসেনও। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল। গোল পরিশোধ করতে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মিকেল আর্তেতার ছেলেদের। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের হার বাঁচান হাভার্তজ।

অন্যদিকে, হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। একাই তিনটি গোল করলেন ভালভার্দে। ম্যাচের শুরু থেকেই দুই পক্ষের উপভোগ্য লড়াই জমে ওঠে। তবে ২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। মিনিট সাতেক পরেই দ্বিতীয় গোল। প্রথমার্ধের শেষে বিরতিতে যাওয়ার আগেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। এরপর আর কোনও পক্ষই গোল করতে পারেনি।

গোল বন্যার ম্যাচে পিএসজির কাছে হার চেলসির। ঘরের মাঠে ৫-২ গোলে জিতে পরের রাউন্ডে যাওয়ার কাজ অনেকটাই সহজ করে রাখল ফরাসি ক্লাবটি। চেলসির বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েই মাঠে নেমেছিল লুই এনরিকের দল। ফলস্বরূপ ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। যদিও ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় চেলসি। ৪০ মিনিটে আবারও পিএসজিকে এগিয়ে দেন ডেম্বেলে। ৫৭ মিনিটে গোল পরিশোধ করে চেলসি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় লুই এনরিকের দল। ৭৪ মিনিটের মাথায় ভিতিনহার গোল। ম্যাচের শেষ মুহুর্তে কাভারাতস্খেলিয়ার জোড়া গোল চেলসির ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেয়। অন্যদিকে, স্পোর্টিংকে ৩-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডের রাস্তা প্রসস্থ করল বোডো/গ্লিমট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version