ফুটবল
যুদ্ধ পরিস্থিতি দেশে, তবু্ও জয়ের স্বপ্ন দেখছেন ইরানের মেয়েরা
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে নাজেহাল দেশ। হত্যা হয়েছেন প্রধান নেতা। তবুও নিজেদের লক্ষ্যে অবিচল ইরান মহিলা জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপে সাফল্যের সঙ্গে বিশ্বকাপে ওঠার রাস্তা পাকা করাই এখন মূল লক্ষ্য ইরান মহিলা ফুটবল দলের।ওম্যান্স এশিয়ান কাপ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ইরান শিবির। দেশের অস্থির পরিস্থিতির জেরে উঠেছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশন-এর দাবি, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। কোনও খেলোয়াড়ের যাতে অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করবে এএফসি।এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও ফোকাস হারাতে নারাজ ইরানের কোচ মারজ়িয়ে জাফারি। তাঁর কথায়, “ইরানের ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের পর টানা তিন মাস ট্রেনিং ক্যাম্প করেছি আমরা। সেই প্রস্তুতি নিয়েই অস্ট্রেলিয়ায় এসেছি। আশা করছি, প্রথম ম্যাচেই মেয়েরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।” পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন, ২০২২ সালের তুলনায় এ বার অনেক কঠিন গ্রুপে পড়েছে ইরান।এশিয়ান কাপের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার রবিনা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইরান। কঠিন প্রতিপক্ষের সামনে লড়াই যে সহজ হবে না, তা জানেন কোচ থেকে ফুটবলার—সবাই। তবুও প্রতিকূলতার মাঝেই স্বপ্ন দেখছে ইরান মহিলা দল।
