আন্তর্জাতিক ফুটবল
শক্তিধর ক্রিস্টাল প্যালেসকে আটকাল স্টিমাচের জিরিনস্কি
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: স্টিমাচকে মনে আছে? ভারতীয় ফুটবলের খুব কম খবর রাখা ব্যক্তিও মনে রাখবেন নামটা। ১,৮৫৯ দিন ভারতের হট সিটে বসেছিলেন তিনি। তাঁর সময়ে ভারত যেমন ভালো সময় দেখেছে, তেমনই খারাপ সময়ও কাটিয়েছে। ভারতীয় দর্শকদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কোচকে। খেলার পাশাপাশি নানা মন্তব্য করেও বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছিলেন ইগর।
প্রশ্ন হল, আজ হঠাৎ ইগর স্টিমাচকে নিয়ে এত কথা কেন? কারণ, কাল রাতে উয়েফা ইউরোপা কনফারেন্স লীগে শক্তিধর ক্রিস্টাল প্যালেস কে রুখে দিয়েছে তাঁর দল জিরিনস্কি মোস্তার ।
ভারতীয় দলের কোচিং ছাড়ার পর তিনি বসনিয়ার প্রথম ডিভিশনের ক্লাব জিরিনস্কির প্রধান কোচ পদে নিযুক্ত হন। এই মুহূর্তে তাঁর দল বসনিয়ার প্রথম ডিভিশন লিগে দ্বিতীয় স্থানে রয়েছে এবং চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছে।কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করে স্টিমাচের দল।
৪৪ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল করেন সার, ৫৫ মিনিটে সেই গোল শোধ করেন কার্ল এব্রামভিচ।মনে রাখার বিষয়, এই বসনিয়ার দলটির মোট মার্কেট মূল্য মাত্র ৬৫ কোটি টাকা, সেখানে ক্রিস্টাল প্যালেসের মূল্য ৪,২৯০ কোটি টাকা। ভারতের হয়ে কোচিং করার সময় কাতারকেও আটকে দিয়েছিল স্টিমাচের ভারত। স্টিমাচ জানেন, কীভাবে বেশি শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিতে হয়।
