ফুটবল
এমবাপেদের স্বপ্নের দৌড় থামিয়ে ফাইনালে স্পেন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ষোলো বছরের অপেক্ষা শেষে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে স্পেন। প্রথম সেমিফাইনালে দুর্দান্ত কৌশলগত ফুটবল খেলেই শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল লুই দে লা ফুয়েন্তের দল। ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল লা রোহা।
ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে দাপট দেখায় স্পেন। পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও পেদ্রো পোরোর নেতৃত্বে সাজানো অফসাইড ফাঁদে বারবার আটকে যান কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। ফলে ফ্রান্স প্রথমার্ধে ছন্দই খুঁজে পায়নি।
২০ মিনিটে লামিন ইয়ামালকে বক্সের মধ্যে ফাউল করেন লুকা ডিগনে। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। জাতীয় দলের জার্সিতে এক মরসুমে এটি তাঁর ১৪তম গোল, যা স্পেনের নতুন রেকর্ড। পিছিয়ে পড়েও আক্রমণে ওঠার চেষ্টা করে ফ্রান্স। তবে উনাই সিমনের দুর্দান্ত গোলরক্ষায় সমতা ফেরানো সম্ভব হয়নি। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়াম সালিবা, যা ফরাসি রক্ষণকে আরও দুর্বল করে দেয়।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিন্তু ৫৮ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে পেদ্রো পোরোর নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। পরে ইয়ামালের একটি গোল অফসাইডের জন্য বাতিল হলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি স্প্যানিশরা।
শেষদিকে এমবাপের ফ্রিকিক এবং দেম্বেলের শটও রুখে দেন সিমন। টানা তৃতীয়বার স্পেনের কাছে হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিল ফ্রান্স। আর লা রোহা এখন শিরোপা জয়ের স্বপ্ন থেকে মাত্র এক ধাপ দূরে।
