আন্তর্জাতিক ফুটবল
গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের
রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।
এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।
