আন্তর্জাতিক ফুটবল

রোনালদোর অনুপস্থিতিতে গোলহীন পর্তুগাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও মেক্সিকো। লক্ষ্য এক—মেগা আসরের আগে স্কোয়াড ঝালিয়ে নেওয়া, শেষ মুহূর্তে কমতি খুঁজে বের করা। তবে সেই পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে গোলের দেখা মিলল না। রবিবার ভোরে স্তাদিও বেনোর্তে-এ ০-০ ড্রয়ে শেষ হল দুই দলের লড়াই।

এই ম্যাচ শুধু দুই দলের জন্যই নয়, গুরুত্বপূর্ণ ছিল স্টেডিয়ামের জন্যও। কারণ ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। প্রায় ৮৩ হাজার দর্শকাসনবিশিষ্ট এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের একাধিক ম্যাচ। সেই কারণেই এটিকে টেস্ট ইভেন্ট হিসেবেও ধরা হচ্ছিল।

বাছাইপর্বে দুরন্ত ফর্মে ছিল পর্তুগাল। ছ’ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অভিযান শেষ করে তারা। শেষ ম্যাচে আর্মেনিয়া-কে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগিজরা। তবে এদিন দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অনুপস্থিতি যে বড় ফাঁক তৈরি করেছিল, তা স্পষ্ট। বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের মুখ খুলতে পারেনি রবার্তো মার্তিনেজ-এর দল।

অন্যদিকে, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল মেক্সিকো। শেষ ম্যাচে আইসল্যান্ড-কে ৪-০ ব্যবধানে হারিয়েছিল তারা। তবে পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তারাও মূলত স্কোয়াড ঘুরিয়ে দেখার দিকেই জোর দেয়। কোচের পরিকল্পনায় একাধিক পরিবর্তন দেখা যায়।

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল (৬৭ শতাংশ)। ১০টি শট নিলেও মাত্র দু’টি ছিল লক্ষ্যে। মেক্সিকো সাতটি শট নিয়ে একবারই লক্ষ্যভেদ করতে পেরেছে। পর্তুগাল এদিন ৯ জন ও মেক্সিকো ৭ জন বদলি খেলোয়াড় নামায়—যা থেকে স্পষ্ট, ফলের চেয়ে প্রস্তুতিই ছিল আসল লক্ষ্য।

এবার অপেক্ষা শেষ পরীক্ষার। ১ এপ্রিল যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে নামবে পর্তুগাল। একই দিনে মেক্সিকোর প্রতিপক্ষ বেলজিয়াম। বিশ্বকাপের আগে শেষ ঝালিয়ে নেওয়ার মঞ্চেই মিলবে চূড়ান্ত ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version