ফুটবল

নিখুঁত ফুটবল খেলতে চান প্যানোস, ডার্বি জিতে খুশি দ্রাজিচ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডার্বি জয় দিয়ে মোহনবাগানে কোচিং পর্বের সূচনা করেছেন প্যানাজিওটিস দিলেম্পেরিস। ডুরান্ড কাপে জয় দিয়ে অভিযান শুরু করে আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন ব্রিগেড। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। লক্ষ্য একটাই, ঘরের মাঠে জয় তুলে নিয়ে নকআউটের রাস্তা পরিস্কার করা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম একাদশে থাকতে পারেননি আলবার্তো রদ্রিগেজ এবং ডেজান দ্রাজিচ। তবে মঙ্গলবার শুরু থেকেই খেলবেন তাঁরা। যদিও আপুইয়াকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। সোমবার শেষ মুহুর্তের অনুশীলনে হালকা মেজাজেই গা ঘামালেন লিস্টন, মনবীররা। শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিং আর সেট পিসের উপরেই এদিনের রণকৌশল সীমাবদ্ধ ছিল। অনুশীলন শেষে বাগান কোচ প্যানাজিওটিস বলেন, “অচেনা প্রতিপক্ষ হলেও, তাদের ছোট করে দেখার কিছুই নেই। আমার লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করা। গোল পার্থক নয়, আমি জয় নিয়েই ভাবছি।”

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন প্যানোস। ডিফেন্সে আলবার্তোর সঙ্গী হবেন রাহুল ভেকে, দুই সাইড ব্যাক শুভাশিস এবং অভিষেক। মাঝমাঠে দীপক টাংরি এবং থাপা, বাঁ প্রান্তে দ্রাজিচ এবং ডান প্রান্তে লিস্টন। আক্রমণে নেতৃত্ব দেবেন মনবীর, একটু পিছন থেকে খেলবেন সাহাল আব্দুল সামাদ। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন, “ম্যাচের প্রয়োজন অনুযায়ী প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করব। পাশাপাশি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের এই তিনটি ম্যাচে আমি চাই দলের সব খেলোয়াড়ই খেলার সুযোগ পাক।” অন্যদিকে ডেজান দ্রাজিচ বলেন, “ডার্বি জিতে আমি খুব খুশি। মাঠে একটা দুর্দান্ত পরিবেশ ছিল। প্রথম ম্যাচে বেশিক্ষণ খেলতে পারিনি। এখন আমি নব্বই মিনিট খেলার জন্য তৈরি৷ বাকিটা কোচের সিদ্ধান্ত।” দ্রাজিচের সুরে সুর মিলিয়ে আলবার্তোও জানান, মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version