আন্তর্জাতিক ফুটবল
ইপিএলের লড়াই জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসেলের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে ইপিএলের লড়াই জমিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল। শুরুতেই ১৪ মিনিটের মাথায় নিকো ও’রাইলির গোলে এগিয়ে যায় সিটি। তাঁর জোরালো শট নিউক্যাসল গোলকিপার নিক পোপ হাত ছুঁইয়েও ঠেকাতে পারেননি।২২ মিনিটে সমতা ফেরায় নিউক্যাসল। যদিও ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন নিকো।
প্রথমার্ধের শেষ দিকে ড্যান বার্নের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য চাপ বাড়ায় নিউক্যাসল। কিন্তু ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি তারা। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পেপ গুয়ার্দিওলার দল। শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।
