ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলে ক্রোয়েশিয়ান ডিফেন্ডারের আগমনের দিনে, পাকা হল মোহনবাগানের ষষ্ঠ বিদেশি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের সাফল্যের রেশ কাটতে না কাটতেই দলবদলের বাজারে ফের সক্রিয় ইস্টবেঙ্গল। ট্রফি জয়ের পরদিনই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দিয়েগো জিভুলিচকে এক বছরের চুক্তিতে সই করানোর কথা সরকারিভাবে জানাল লাল-হলুদ শিবির। এএফসি-র ম্যাচের আগে রক্ষণে আরও একটি বিকল্প তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে দলে।
জিভুলিচের বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা রয়েছে। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। কলকাতায় আসার আগে ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডসের জার্সিতে মাঠে ছিলেন এই ডিফেন্ডার। তাঁর শেষ ম্যাচ ছিল ১৪ আগস্ট।
তবে নতুন বিদেশিকে নাচো মানসলভের বিকল্প হিসেবে আনা হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ইস্টবেঙ্গল। চোটের কারণে নাচো কবে মাঠে ফিরবেন, সেটিও এখনও নিশ্চিত নয়। ফলে এএফসি-র আগে জিভুলিচের আগমন হাবাসের হাতে রক্ষণ সাজানোর ক্ষেত্রে বাড়তি সুযোগ তৈরি করবে।
অন্যদিকে বিদেশি কোটার দৌড়ে পিছিয়ে নেই মোহনবাগানও। সবুজ-মেরুন শিবিরের ষষ্ঠ বিদেশি হিসেবে স্কটিশ ফুটবলার লি আরউইনের নাম উঠে আসছে। তাঁর সঙ্গে ক্লাবের আলোচনা অনেকটাই এগিয়েছে বলে খবর। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মোহনবাগান।
ফলে ইস্টবেঙ্গলের সরকারি ঘোষণার পর এবার সবুজ-মেরুন সমর্থকদের নজর ক্লাবের পরবর্তী ঘোষণার দিকে।
