আইএসএল

ইম্ফলে ইতিহাসের ম্যাচে জয় অধরা নর্থইস্টের, স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে ড্র

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে জয় অধরা রইল নর্থইস্ট ইউনাইটেড এফসি-র। মঙ্গলবার আইএসএলের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। তবে এই ম্যাচ ঘিরে মণিপুরের ফুটবলপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খুমান লাম্পাক স্টেডিয়ামে প্রথম বার আয়োজিত আইএসএলের ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পোর্টিং ক্লাব দিল্লি। খেলার ছয় মিনিটে দুরন্ত ব্যক্তিগত দক্ষতায় গোল করেন মহম্মদ আইমেন। বাঁ দিক থেকে বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর বাঁকানো শট জালে জড়িয়ে যায়। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে নর্থইস্ট।

তবে ২৮ মিনিটে সমতা ফেরায় স্বাগতিক দল। নিখিল বারলার বাড়ানো বল দুরন্ত দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে দিল্লির রক্ষণ ভেঙে বক্সে ঢোকেন আন্তোনিও ময়ানো। তাঁর নিচু শট আটকাতে পারেননি দিল্লির গোলরক্ষক নোরা ফার্নান্ডেজ।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ৫৫ মিনিটে লালরিনলিয়ানা হ্নামতের গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নর্থইস্ট। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ৭৭ মিনিটে আলাদিন আজারেইয়ের দূরপাল্লার শট জালে জড়ালেও গোলের আগে ফাউল হওয়ায় তা বাতিল করে দেন রেফারি।

শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় নর্থইস্ট। কিন্তু দিল্লির জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের পর সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই রইল নর্থইস্ট ইউনাইটেড। অন্য দিকে, সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে স্পোর্টিং ক্লাব দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version