আইএসএল

নেই মিগুয়েল, আপুইয়া, ম্যাকলারেন! চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেড…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে সোমবার চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা চেন্নাইয়নের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের। তবে বাগান শিবিরের প্রধান চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। আইএসএলের প্রথম দুই ম্যাচে গোল লক্ষ্য করে ২৬টি শট নিয়েও মাত্র দু’টি গোল করতে পেরেছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস জানান, অতীতের ফলাফল নিয়ে না ভেবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, গোলের সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি গোল করার আশাও প্রকাশ করেন তিনি।
রবিবারের অনুশীলনেও গোল করার উপর বিশেষ গুরুত্ব দেন বাগান কোচ। প্রায় এক ঘণ্টার অনুশীলনে ফ্রি-কিক, কর্নার-সহ বিভিন্ন সেটপিসের মাধ্যমে গোলমুখ খোলার কৌশল ঝালিয়ে নেন ফুটবলাররা। চোটের কারণে এই ম্যাচে মিগুয়েল ফিগেইরা ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ফলে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে আপুইয়ার পরিবর্তে সমীর জেলকোভিচ এবং সাহালের জায়গায় মনবীর সিংকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। বাকি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ছকে চেন্নাইয়নকে হারানোর পরিকল্পনা করছেন দিলেম্পেরিস।
এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের অন্দরের প্রতিযোগিতা নিয়ে মুখ খোলেন অনিরুদ্ধ থাপা। তাঁর মতে, মোহনবাগান দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। পাশাপাশি, দলে সুস্থ প্রতিযোগিতা থাকায় তিনিও উপভোগ করছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে বলেই আশাবাদী বাগান মিডফিল্ডার। এখন দেখার, গোলের সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়নের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version